ট্রানজিট ইস্যুতে গণভোট দাবি
বিএনপিসহ ডানপন্থী বিশিষ্ট নাগরিকেরা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য ট্রানজিট চুক্তির আগে জনমত যাচাই করতে ‘গণভোট’ আহ্বানের দাবি জানিয়েছেন।আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘শত নাগরিক’ আয়োজিত গোলটেবিল আলোচনায় তাঁরা সরকারের কাছে এই দাবি জানান। এর আগে শত নাগরিকের ব্যানারে তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন করেন। ট্রানজিটের নামে করিডর প্রদানের চুক্তি না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানানো হয়।সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, জাতীয় স্বার্থ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে জনগণের মতকে প্রাধান্য দিতে হবে। এ জন্য যেকোনো মৌলিক চুক্তি করতে হলে আগে তা জাতীয় সংসদে উত্থাপন করতে হবে। এমাজউদ্দীন আহমদ ট্রানজিট চুক্তির জন্য গণভোটের আহ্বান জানান। আর গণভোটে সমর্থিত না হলে জনগুরুত্বপূর্ণ বিষয়ে গণ-আন্দোলনের মাধ্যমে নিষ্পত্তি হবে বলে তিনি সরকারকে সতর্ক করে দেন।সাংবাদিক আতাউস সামাদ ফারাক্কা বাঁধ, বেরুবাড়ী ও সীমান্ত চুক্তির উল্লেখ করে বলেন, ‘বঙ্গবন্ধু অন্তত তিনবার প্রতারিত হয়েছেন। আমরা আর প্রতারিত হতে চাই না।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই, ট্রানজিটের ব্যাপারে গণভোট হোক, যাতে জনগণের মতামত প্রতিফলিত হয়।’ তিনি বলেন, বিষয়টি জাতীয় সংসদে দূরের কথা, সংসদের স্থায়ী কমিটিতেও তোলা হয়নি। বিএনপিও সে দাবি করেনি।আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ট্রানজিট চুক্তিকে একটি গোলামি চুক্তি হিসেবে অভিহিত করেন।আলোচনায় অন্যান্যের মধ্যে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, সাবেক সচিব আসাফ উদ্দৌলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মোস্তাহিদুর রহমান, আ ফ ম ইউসুফ হায়দার, সদরুল আমিন, আবুল কাশেম চৌধুরী, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ব্যবসায়ী নেতা সাইফুল ইসলাম প্রমুখ অংশ নেন।