ট্রানজিট ও জলবিদ্যুৎ সহায়তা নিয়ে এ মাসের মাঝামাঝি বৈঠক
ট্রানজিট ও জলবিদ্যুৎ খাতে সহায়তার বিষয়ে চলতি মাসের মাঝামাঝি ভুটান ও ভারতকে নিয়ে ঢাকায় বসতে যাচ্ছে বাংলাদেশ। আজ মঙ্গলবার পররাষ্ট্রসচিব মো. শহিদুল হক তাঁর দপ্তরে ভুটানের পররাষ্ট্রসচিব ইয়েশে দর্জির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান।পররাষ্ট্রসচিব জানান, এপ্রিলে ভুটান ও ভারতকে নিয়ে বৈঠকের পর নেপাল ও ভারতকে নিয়ে ট্রানজিট ও জলবিদ্যুৎ খাতের সহায়তার বিষয়ে একই ধরনের আলোচনায় বসবে বাংলাদেশ।ভারতের সঙ্গে ট্রানজিট চালুর বিষয়ে অগ্রগতি জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, এটি এখনো আগের পর্যায়ে রয়েছে। এ মুহূর্তে তেমন কোনো অগ্রগতি নেই। দেশের চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে উন্নয়ন-সহযোগীরা কোনো প্রতিক্রিয়া বা উদ্বেগ প্রকাশ করেছেন কি না, জানতে চাইলে সচিব মো. শহিদুল হক বলেন, ‘এ ব্যাপারে তাঁরা সরাসরি আমার কাছে কোনো পর্যবেক্ষণ জানাননি। তবে সহিংসতা বন্ধের ব্যাপারে সবাই তো বিভিন্ন সময়ে তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। কারণ, সহিংসতা কেউ সমর্থন করে না।’ রাজনৈতিক সংকটের কারণে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়েছে কি না—জবাবে তিনি বলেন, ‘আমার তা মনে হয় না।’