বাংলাদেশ-নেপাল ট্রানজিট চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এক দেশ থেকে অন্য দেশে কীভাবে পণ্য আনা নেওয়া করা যাবে, সে বিষয়টি আজ বৃহস্পতিবার ঢাকায় শেষ হওয়া দুই দেশের বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকে চূড়ান্ত করা হয়েছে।বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে ১৯৭৬ সালে ট্রানজিট চুক্তি স্বাক্ষর হয়েছিল। কিন্তু কোন পদ্ধতিতে তা বাস্তবায়ন করা হবে, সেটি ঠিক না হওয়ায় চুক্তিটি কার্যকর ছিল না।দুই দিনের বৈঠকে কীভাবে ট্রানজিটের মাধ্যমে পণ্য আনা নেওয়া করা যাবে, তা চূড়ান্ত করা হয়েছে। এ ব্যাপারে একটি চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে, তা শিগগিরই দুই দেশের কর্মকর্তারা অনুমোদন করার পর সই করবেন।নেপালের বাণিজ্যসচিব পুরুষোত্তম ওঝা বলেন, চুক্তি সইয়ের পর প্রাথমিকভাবে মংলা বন্দর থেকে সড়ক পথে পণ্য আনা নেওয়াকে অগ্রাধিকার দেওয়া হবে। এই ট্রানজিট রুটটি হবে বাংলাবান্ধা-পঞ্চগড়-ঠাকুরগাঁও-সৈয়দপুর-রংপুর-বগুড়া-নাটোর-পাকশী-কুষ্টিয়া-ঝিনাইদহ-যশোর-খুলনা-মংলা।গতকাল বুধবার সকাল ১০টায় সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।বৈঠকে বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন। আর ছয় সদস্যের নেপাল প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের বাণিজ্যসচিব পুরুষোত্তম ওঝা।