ট্রানজিট থেকে বড় ধরনের লাভের আশা সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতকে ট্রানজিট দেওয়ার মাধ্যমে বাংলাদেশ আর্থিকভাবে বড় ধরনের লাভবান হবে। শুধু আর্থিকভাবে নয়, দীর্ঘ মেয়াদেও লাভবান হওয়ার সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান ট্রানজিট নিয়ে এ রকম উচ্চাশা প্রকাশ করেছেন।তবে ট্রানজিট থেকে লাভবান হওয়ার ‘বড় বড় অঙ্ক আকাশে উড়ালে বিভ্রান্তি ছড়াবে’ বলে সতর্ক করে দিয়েছেন অর্থনীতিবিদ কে এ এস মুরশিদ।জাতীয় প্রেসক্লাবে আজ সোমবার দুপুরে আঞ্চলিক সম্পৃক্ততা (রিজিওনাল কানেকটিভিটি) বিষয়ক আলোচনায় এ রকম বক্তব্য উঠে আসে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এই আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি মনোয়ার হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু কাওসার।আলোচনার সূত্রপাত করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক কে এ এস মুরশিদ। তিনি বলেন, ট্রানজিট দিয়ে কোটি কোটি ডলার পাওয়ার যেসব কথাবার্তা বলা হচ্ছে, তা পুরোপুরি বাস্তবসম্মত নয়। বরং এসব লাভের অঙ্কের ফানুস ওড়ালে জনমনে বিভ্রান্তি বাড়বে। নিজ গবেষণা থেকে উদ্ধৃত করে মুরশিদ বলেন, ট্রানজিট-সুবিধা থেকে কিছুটা লাভ পাওয়ার সুযোগ আছে। তবে তা যদি রেলপথে সম্পন্ন করা হয়, তা হলেই। কেননা, রেলপথ নিরাপদ, পরিবেশবান্ধব ও ব্যয়সাশ্রয়ী। এতে দেশের রেল অবকাঠামোও শক্তিশালী করা যাবে। এ জন্য অবশ্য বিনিয়োগ ও কিছুটা সময় লাগবে।তবে কে এ এস মুরশিদের সঙ্গে বেশির ভাগ ক্ষেত্রেই দ্বিমত পোষণ করেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি বলেন, ভারতকে ট্রানজিট দিলে অর্থনৈতিকভাবে অবশ্যই লাভবান হওয়া যাবে। এ জন্য অবকাঠামো নির্মাণ ও সংস্কারে আগামী তিন-চার বছরে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করতে হবে।অনুষ্ঠানের প্রধান আলোচক গওহর রিজভীও ভারতকে ট্রানজিট দিতে আর কালক্ষেপণ না করার পক্ষে মত দেন। তিনি বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি পারি এগিয়ে যাব। ট্রানজিট নিয়ে সংকীর্ণ মানসিকতার পরিচয় দিলে চলবে না। সংকীর্ণ দৃষ্টি দিয়ে দেখলে চলবে না।’দ্বিপক্ষীয় বিভিন্ন বিরোধ নিষ্পত্তির বহু ক্ষেত্রে ভারত যেখানে প্রতিশ্রুতি রক্ষা করেনি, সেখানে এ রকম অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কীভাবে ট্রানজিট নিয়ে সুফল প্রত্যাশা করবে—এ প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘কয়েক মাস অপেক্ষা করুন। অনেক কিছুই দ্রুত নিষ্পত্তি হবে। আর এই সরকার আরও আড়াই বছর ক্ষমতায় আছে। নির্বাচিত সরকার জনগণের আস্থা নষ্ট করে না।’এ প্রসঙ্গে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বলেন, অতীতের এরশাদ, খালেদাসহ সব সরকারই ট্রানজিট দেওয়ার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছে, স্বাক্ষর করেছে। কাজেই এটায় জনসমর্থন রয়েছে।