ট্রানজিট থেকে বড় ধরনের লাভের উচ্চাশা সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতকে ট্রানজিট দেওয়ার মাধ্যমে বাংলাদেশ আর্থিকভাবে বড় ধরনের লাভবান হবে। শুধু আর্থিকভাবে নয়, দীর্ঘ মেয়াদেও লাভবান হওয়ার সুযোগ রয়েছে।প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবর রহমান ট্রানজিট নিয়ে এ রকম উচ্চাশা প্রকাশ করেছেন।তবে ট্রানজিট থেকে লাভবান হওয়ার ‘বড় বড় অঙ্ক আকাশে ওড়ালে বিভ্রান্তি ছড়াবে’ বলে সতর্ক করে দিয়েছেন অর্থনীতিবিদ কে এ এস মুরশিদ। তাঁর মতে, বাস্তবতার আলোকেই ট্রানজিট থেকে আর্থিকভাবে তেমন একটা লাভবান হওয়ার কোনো সুযোগ এখন নেই।জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার দুপুরে আঞ্চলিক সম্পৃক্ততা (রিজিওনাল কানেকটিভিটি) বিষয়ক আলোচনায় এ রকম বক্তব্য উঠে আসে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এই আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি মনোয়ার হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু কাওসার।আলোচনার সূত্রপাত করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক কে এ এস মুরশিদ। তিনি বলেন, ট্রানজিট দিয়ে কোটি কোটি ডলার পাওয়ার যেসব কথাবার্তা বলা হচ্ছে, তা পুরোপুরি বাস্তবসম্মত নয়। বরং এসব লাভের অঙ্কের ফানুস ওড়ালে জনমনে বিভ্রান্তি বাড়বে। নিজ গবেষণা থেকে উদ্ধৃত করে মুরশিদ বলেন, ট্রানজিট-সুবিধা থেকে কিছুটা লাভ পাওয়ার সুযোগ আছে। তবে তা যদি রেলপথে সম্পন্ন করা হয়, তা হলেই। কেননা, রেলপথ নিরাপদ, পরিবেশবান্ধব ও ব্যয়সাশ্রয়ী। এতে দেশের রেল অবকাঠামোও শক্তিশালী করা যাবে। এ জন্য অবশ্য বিনিয়োগ ও কিছুটা সময় লাগবে।অন্যদিকে সড়কপথে এখন ট্রানজিট দেওয়ার মতো অবস্থায় বাংলাদেশ নেই বলে মন্তব্য করেন মুরশিদ। তিনি বলেন, সড়ক অবকাঠামোর যথেষ্ট ঘাটতি রয়েছে। তাই আপাতত সড়কপথে ট্রানজিট বাস্তবায়নযোগ্য হবে না।বিআইডিএসের এই গবেষক আরও বলেন, ট্রানজিটের লাভালাভের ক্ষেত্রে এর বাজারের দিকটিও বোঝা দরকার। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্ব রাজ্যগুলোর পণ্য বহন মূলত রেলপথনির্ভর ও আসামকেন্দ্রিক। রেলপথে বছরে এই রাজ্যগুলোতে ভারতের মূল ভূখণ্ড থেকে যে পরিমাণ পণ্য আসা-যাওয়া করে, এর সিংহভাগই সম্পন্ন হয় আসামের সঙ্গে। আর তাই আসামকেন্দ্রিক পণ্য-বাণিজ্যের কতটা বাংলাদেশের ভেতর দিয়ে সম্পন্ন হতে পারে, এর ওপর ট্রানজিটের লাভ বহুলাংশে নির্ভর করছে বলে তিনি মনে করেন।কে এ এস মুরশিদ বলেন, বর্তমানে ত্রিপুরা ছাড়া অন্য কোনো রাজ্য, বিশেষত আসাম বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট-সুবিধা গ্রহণের বিষয়ে তেমন একটা আগ্রহী নয়। আর রাজনৈতিক কারণেও আসামকেন্দ্রিক বাণিজ্য ভারতের কেন্দ্রীয় সরকারের বড় ধরনের ভর্তুকি পেয়ে থাকে। সুতরাং, আসাম থেকে বর্তমান বাণিজ্যের উল্লেখযোগ্য অংশ বাংলাদেশে ধাবিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। মুরশিদ আরও বলেন, ট্রানজিট থেকে বড় অঙ্কের লাভ তুলতে হলে দীর্ঘ সময় লাগবে। কাজেই তড়িঘড়ি না করে সতর্কভাবে অগ্রসর হওয়া প্রয়োজন।তবে কে এ এস মুরশিদের সঙ্গে বেশির ভাগ ক্ষেত্রেই দ্বিমত পোষণ করেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবর রহমান। তিনি বলেন, ভারতকে ট্রানজিট দিলে অর্থনৈতিকভাবে অবশ্যই লাভবান হওয়া যাবে। শতভাগ লাভবান হওয়া যাবে। এ জন্য অবকাঠামো নির্মাণ ও সংস্কারে আগামী তিন-চার বছরে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করতে হবে।মুজিবর রহমান আরও বলেন, যেহেতু পদ্মা বা যমুনার ওপর পরিপূর্ণ রেলসেতু নেই, তাই পদ্মা সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত রেলপথে ট্রানজিট দেওয়া যাচ্ছে না। সীমিত আকারে কেবল চট্টগ্রাম বন্দর থেকে উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরা, মিজোরাম ও আসামের সঙ্গে রেলপথে সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়। এ জন্য অন্তত বছর দেড়েক সময় লাগবে।ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘ট্রানজিট বাণিজ্যের ব্যাপার। রাজনীতির ব্যাপার নয়। তাই ট্রানজিটের জন্য আমাদের আর বসে থাকার সময় নেই, বসে থাকা উচিত হবে না।’অনুষ্ঠানের প্রধান আলোচক গওহর রিজভীও ভারতকে ট্রানজিট দিতে আর কালক্ষেপণ না করার পক্ষে মত দেন। তিনি বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি পারি এগিয়ে যাব। ট্রানজিট নিয়ে সংকীর্ণ মানসিকতার পরিচয় দিলে চলবে না। সংকীর্ণ দৃষ্টি দিয়ে দেখলে চলবে না।’গওহর রিজভী আরও বলেন, ‘ট্রানজিটের কারণে যখন বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে, তখন বোঝা যাবে যে আসল লাভ কী হয়। আর শুধু আর্থিক লাভ নয়, বৃহত্তর অর্থনৈতিক পরিসরে লাভের বিষয়টি চিন্তা করতে হবে। কেননা, বাংলাদেশকে আমরা দক্ষিণ এশিয়ার তো বটেই, দক্ষিণ-পূর্ব এশিয়ারও বাণিজ্যকেন্দ্র বানাতে চাই।’প্রধান বিরোধী দলের ট্রানজিট বিরোধিতা প্রসঙ্গে রিজভী বলেন, ‘তারা সংসদে আসছে না, কথা বলছে না। তারপরও তাদের আমন্ত্রণ জানিয়ে বলছি, যখন ইচ্ছা আসুন, আলাপ করুন। কাজ হলেই হয়।’ট্রানজিট নিয়ে ভারতের সঙ্গে সমঝোতা করার পর্যাপ্ত প্রস্তুতি সরকার নিয়েছে বলেও উল্লেখ করেন রিজভী।এ-সংক্রান্ত উচ্চপর্যায়ের কোর কমিটি যে বিস্তারিত প্রতিবেদন প্রণয়ন করেছে, তা জনগণের জন্য প্রকাশ করা হবে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে তা প্রকাশ করা হবে। দ্বিপক্ষীয় বিভিন্ন বিরোধ নিষ্পত্তির বহু ক্ষেত্রে ভারত যেখানে প্রতিশ্রুতি রক্ষা করেনি, সেখানে এ রকম অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কীভাবে ট্রানজিট নিয়ে সুফল প্রত্যাশা করবে—এ প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘কয়েক মাস অপেক্ষা করুন। অনেক কিছুই দ্রুত নিষ্পত্তি হবে। আর এই সরকার আরও আড়াই বছর ক্ষমতায় আছে। নির্বাচিত সরকার জনগণের আস্থা নষ্ট করে না।’এ প্রসঙ্গে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বলেন, অতীতের এরশাদ, খালেদাসহ সব সরকারই ট্রানজিট দেওয়ার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছে, স্বাক্ষর করেছে। কাজেই এটায় জনসমর্থন রয়েছে।