চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভারতকে ট্রানজিট দিলে চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে শুধু পণ্য নয়, অস্ত্রও পরিবহন করবে। এ অস্ত্র ভারতের স্বাধীনতাকামী মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হবে। তখন আমাদের দেশের নিরাপত্তাও হুমকির মধ্যে পড়বে। তাই ভারতকে বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।’ গতকাল রোববার বিকেলে লালদীঘি চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিএনপির নেতা আমীর খসরু এ কথা বলেন। বাকলিয়া ও কোতোয়ালি থানা বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। আবদুল্লাহ আল-নোমানের অনুসারী হিসেবে পরিচিত নগর বিএনপির নেতা-কর্মীরা এ সমাবেশে যোগ দেননি। সমাবেশের শুরুতে নেতাদের অনেকে মঞ্চে উঠলে মঞ্চ ভেঙে পড়ে। এর আগে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আহমাদুল আলম চৌধুরী ওরফে রাসেলের সমর্থকেরা মোহাম্মদ আলী ওরফে দাড়ি মোহাম্মদ আলী নামের বিএনপির এক নেতাকে লাঞ্ছিত করেন। পরে তিনি সমাবেশ ছেড়ে চলে যান। সমাবেশে আমীর খসরু বলেন, বন্দর দিয়ে ভারতীয় যানবাহন চলাচলে কেউ বাধা দিলে তাকে লাঠিপেটা করা হবে চট্টগ্রাম সিটি মেয়র ঘোষণা দিয়েছেন। মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি অতীতে যে পেশিশক্তির রাজনীতি করেছেন, তার দিন শেষ হয়ে গেছে। জনগণ এখন অনেক সচেতন; তারাই আপনাকে প্রতিহত করবে।’সমাবেশে অন্যান্যের মাধ্যে সাবেক সাংসদ সৈয়দ ওয়াহিদুল আলম, দস্তগীর চৌধুরী, আবু সুফিয়ান, শামসুল আলম, শাহাদাত হোসেন, এস এম সাইফুল আলম বক্তব্য দেন।সমাবেশে নেতারা ঘোষণা দেন, ট্রানজিটসহ ভারতের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তি বাতিল করা না হলে চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে। তাঁরা বলেন, শেখ হাসিনা দিল্লির সঙ্গে চুক্তি করে সবকিছু দিয়ে এসেছেন; দেশের জন্য কিছুই আনেননি। ভারতের সঙ্গে চুক্তি করে প্রধানমন্ত্রী তাঁর পরিবারের ঋণ শোধ করেছেন, দেশের মানুষকে ভাঁওতা দিয়েছেন।নোমানের প্রস্তুতি সভা: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল-নোমান গতকাল বিকেলে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে তাঁর অনুসারীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে তিনি এশিয়ান হাইওয়ে থেকে চট্টগ্রামকে বাদ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, সেটা হলে চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। তিনি ৭ ফেব্রুয়ারি লালদীঘির মাঠের সমাবেশ সফল করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।বিএনপির নেতা এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে এম এ সবুর, কাজী আকবর, আনোয়ার হোসেন, আবদুস সাত্তার, আবুল হাশেম, শেখ নুরুল্লাহ বাহার, ছাত্রদলের নেতা মাইনুদ্দীন মো. শহিদ বক্তব্য দেন। উত্তর জেলার বঞ্চিতদের সভা: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বঞ্চিত নেতারা গতকাল সন্ধ্যায় দলীয় কার্যালয় নাসিমন ভবনে বৈঠক করেছেন। বৈঠকে তাঁরা সম্মেলনের মাধ্যমে উত্তর জেলা বিএনপির নেতৃত্ব ঠিক করতে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব, যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকে উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী সভাপতিত্ব করেন। বৈঠকে বলা হয়, ইতিমধ্যে কয়েকজন বঞ্চিত নেতা ঢাকায় কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। ইউনুস চৌধুরী বলেন, ‘জাতীয় পার্টি ও জামায়াতের লোকজনকে কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। বিষয়গুলো আমরা কেন্দ্রীয় নেতাদের সামনে ওঠাব, যাতে কমিটি ভেঙে দিয়ে সম্মেলন করা হয়।’ বিএনপির নেতা নাজিম উদ্দিন বলেন, ‘উত্তর জেলা বিএনপির কমিটিতে সন্ত্রাসী ও গরুচোরেরা ঢুকেছে। গরুচোর দিয়ে কি আন্দোলন-সংগ্রাম সফল হবে?’