ট্রানজিট নিয়ে চুক্তি নয়, সম্মতিপত্র সই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে ভারতকে ট্রানজিট দিতে এখনই কোনো চুক্তি হচ্ছে না। মনমোহন সিংয়ের সফরের সময় কেবল নতুন করে একটি সম্মতিপত্রে সই করবে বাংলাদেশ। সরকারের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা গতকাল রোববার প্রথম আলোকে বলেন, বাংলাদেশ এ মুহূর্তে ট্রানজিট নিয়ে একটি রূপরেখা চুক্তি সই করতে চেয়েছিল। ভারত তড়িঘড়ি করে ট্রানজিট পেতে গত মাসের শেষ সপ্তাহে একটি প্রটোকলের খসড়া পাঠিয়েছিল। কিন্তু ট্রানজিটের মাশুলের বিষয়টি অমীমাংসিত থাকার পাশাপাশি অবকাঠামোতে ঘাটতি থাকায় শেষ পর্যন্ত একটি সম্মতিপত্রে সইয়ের পথে হেঁটেছে বাংলাদেশ।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, আগামীকাল শুরু হওয়া মনমোহন সিংয়ের দুই দিনের ঢাকা সফরের সময় ট্রানজিট নিয়ে একটি সম্মতিপত্র সই হবে। এতে অতীতে সই হওয়া ’৭২ ও ’৮০ সালের চুক্তিসহ সব বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এতে নতুন করে ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। এর আওতায় পরে প্রয়োজনীয় প্রটোকল এবং এসওপি (স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর) সই হবে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার ভাবনাকে বাস্তবায়ন করতে সম্মতিপত্রটি সই করা হবে। এর মাধ্যমে পরবর্তী সময়ে ট্রানজিটের মাশুলের হার, রুট এসব নির্ধারণ করা হবে। অতীতে অর্থাৎ ’৭২ ও ’৮০ সালে সম্পাদিত চুক্তির ওপর ভিত্তি করেই সম্মতিপত্র তৈরি করা হয়েছে।পররাষ্ট্রমন্ত্রী অবশ্য গত ৭ জুলাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে বৈঠক শেষে ট্রানজিট দিতে একটি রূপরেখা চুক্তি সইয়ের কথা বলেছিলেন। সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে কি না, জানতে চাইলে তিনি প্রশ্নটি এড়িয়ে যান।ট্রানজিটের সম্মতিপত্র সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা ভারতকে ট্রানজিট দিচ্ছি, এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্তের বহিঃপ্রকাশ হিসেবেই সম্মতিপত্রটি সই হবে। এর মাধ্যমে পরে আমরা ট্রানজিট বাস্তবায়নের খুঁটিনাটি বিষয় ঠিক করব।’প্রস্তাবিত সম্মতিপত্রটি বাংলাদেশের রূপরেখা চুক্তি ও ভারতের প্রস্তাবিত প্রটোকলের আদলে তৈরি কি না, জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, এটি একেবারেই আলাদা একটি কাঠামো। এর সঙ্গে দুই বন্দরের বিষয়টি থাকবে, তবে রূপরেখা চুক্তি কিংবা প্রটোকলের ওপর ভিত্তি করে সম্মতিপত্রটি তৈরি নয়।মনমোহন সিংয়ের সফরে যেসব চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সই হবে, তা নিয়ে গতকাল সকালে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে গুরুত্ব পায় ট্রানজিটের প্রসঙ্গটি।বৈঠক সম্পর্কে জানতে চাইলে নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার প্রথম আলোকে বলেন, আপাতত মনমোহন সফরে বাংলাদেশের তৈরি সম্মতিপত্রটি সই হবে। এরপর আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের প্রটোকলটি সই হতে পারে। ভারতের প্রস্তাব অনুযায়ী ওই প্রটোকল এ সময়ের মধ্যে সইয়ের কথা রয়েছে।দেশের দুই সমুদ্রবন্দর ভারতকে ব্যবহারের বিষয়ে সম্প্রতি দেওয়া প্রটোকল সই হবে, নাকি গত ডিসেম্বরের প্রটোকলটি সই হবে, জানতে চাইলে নৌপরিবহনসচিব বলেন, ‘নতুন করে ভারত একটি খসড়া পাঠিয়েছে বলে শুনেছি। তবে এটি এখনো আমাদের মন্ত্রণালয়ে পৌঁছায়নি।’