ট্রানজিট নিয়ে ৪০ বছর বসে থাকলে চলবে না: গওহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়ে বলেছেন, কোনো সমস্যার এক দিনে সমাধান হয় না। তাই বলে ৪০ বছর বসে থাকলে চলবে না। আর তাই অন্তত সীমিত আকারে ট্রানজিটের কিছু পদক্ষেপ এখনই বাস্তবায়ন করা যেতে পারে।গতকাল বৃহস্পতিবার ঢাকায় আঞ্চলিক সম্পৃক্ততা ও ট্রানজিটবিষয়ক এক সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ট্রানজিট বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করলে রিজভী এসব কথা বলেন। সেমিনারে দেবপ্রিয় বলেন, ট্রানজিট নিয়ে ভারতের সঙ্গে এখনই কোনো চুক্তি করার মতো অবস্থায় বাংলাদেশ নেই। জনমত গঠন ব্যতিরেকে, পর্যাপ্ত সমীক্ষা ছাড়া যথাযথ দর-কষাকষি না করে কোনো চুক্তি করা হলে তা হবে অপরিণামদর্শী ও আত্মঘাতী। তাঁর মতে, অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ার বিষয়টি দৃশ্যমান না হলে কোনো চুক্তিই রাজনৈতিকভাবে টেকসই হবে না। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) এ সেমিনারের আয়োজন করে মিডিয়া ইনিশিয়েটিভ ফর পাবলিক পলিসি (এমআইপিপি)। এতে স্বাগত বক্তব্য দেন পিআইবির পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী। সেমিনার সঞ্চালনা করেন ঢাকায় এপির ব্যুরোপ্রধান ফরিদ হোসেন।গওহর রিজভী বলেন, ‘ট্রানজিট নতুন কোনো বিষয় নয়। আর আমরা কেন শুধু ভারতকে ট্রানজিট দেওয়ার কথা ভাবছি। বিষয়টিকে আঞ্চলিক সম্পৃক্ততার দীর্ঘমেয়াদি ও বৃহত্তর পরিসরে দেখতে হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী একটি সুদূরপ্রসারী ভিশন নিয়ে যৌথ ঘোষণায় সই করেছেন। আমাদেরও ভারতসহ নেপাল ও ভুটানকে ট্রানজিট-সুবিধা দেওয়ার বিষয়টিকে ভবিষ্যতের জন্য বিবেচনা করতে হবে।’ভারত ট্রানজিটের জন্য কোনো মাশুল দেবে না—এই মতের কোনো ভিত্তি নেই উল্লেখ করে রিজভী বলেন, ‘আমরা কখনো বলিনি যে ভারত মাশুল দেবে না। আপত্তি তোলা হয়েছে কাস্টম শুল্ক আদায়ের বিষয়ে। আমাদের যা বৈধ দাবি, তা আমরা আদায় করব।’গওহর রিজভী আরও বলেন, দেশের জনগণ যথেষ্ট জ্ঞানী। তাই তাদের ওপর কোনো সরকারই জোর করে কিছু চাপিয়ে দিতে পারবে না। আলোচনায় অংশ নিয়ে দেবপ্রিয় বলেন, ‘ভারতের পক্ষ থেকে যখন বলা হচ্ছে, তারা যৌক্তিক মাশুল দেবে, তখন আমাদের নীতিনির্ধারকদের পক্ষ থেকে বলা হচ্ছে, কেন আমরা মাশুল নেব? এসব কথা বাংলাদেশের দর-কষাকষির জায়গাটি দুর্বল করে দিচ্ছে।’ অপ্রয়োজনীয়ভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ট্রানজিটবিষয়ক নীতি-বিধির বিষয়টি টেনে আনা হচ্ছে বলেও মন্তব্য করেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ডব্লিউটিওর নীতি-বিধান যদি মানতেই হয়, তাহলে মৌলিক নীতি আগে অনুসরণ করতে হবে, যেটা হলো সমতার নীতি। অর্থাৎ ডব্লিউটিওর সদস্য হিসেবে বাংলাদেশ ভারতকে ট্রানজিট-সুবিধা দিলে মিয়ানমার, পাকিস্তান বা চীন চাইলে তাদেরও একইভাবে দিতে হবে।দেবপ্রিয় বলেন, ভারতের সঙ্গে ট্রানজিটের বিষয়টি নিতান্তই দ্বিপক্ষীয় বিষয়। নেপাল ও ভুটানকে যুক্ত করলে বড়জোর এটি উপ-আঞ্চলিক বিষয় হিসেবে গণ্য হবে। এখানে বহুপক্ষীয় ডব্লিউটিও অপ্রাসঙ্গিক। দেবপ্রিয় আরও বলেন, দেশের বাস্তবতা বিবেচনায় নিয়ে ট্রানজিট দিতে হবে। কারণ ভূমি অপ্রতুল। এ দেশের ট্রানজিটের অবকাঠামো ও রাস্তাঘাট নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করতে হবে। তিনি প্রশ্ন করেন, ‘জমির দাম কে নির্ধারণ করবে? গরিব কৃষকের জমি নিয়ে রাস্তা করবেন?’দেবপ্রিয় ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লাখনি ও আড়িয়ল বিলে বিমানবন্দর করার পরিকল্পনায় স্থানীয় জনগণের প্রতিরোধের বিষয়টিও স্মরণ করিয়ে দেন। ট্রানজিটের জন্য বিনিয়োগের অর্থায়ন কীভাবে হবে, সেটাও এখন পর্যন্ত স্পষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আঞ্চলিক যোগাযোগ সম্পৃক্ততার পক্ষে অবস্থান নিয়েও জাতীয় স্বার্থ রক্ষা করা যায়। ট্রানজিট ও সম্পৃক্ততাবিষয়ক বিষয়গুলোকে এভাবেই চিন্তা করতে হবে।দেবপ্রিয় বলেন, সবচেয়ে বড় কথা, ট্রানজিট নিয়ে মৌলিক নীতিই পরিষ্কার হয়নি। কত বিনিয়োগ লাগবে, কীভাবে অর্থায়ন হবে, কোন ধরনের পরিবহন চলাচল করবে—এগুলো অনিশ্চিত রেখে কেন চলতি মাসের মধ্যেই ট্রানজিট ফি নির্ধারণ করতে হবে, তা জানতে চান তিনি।ট্রানজিটের রাজনৈতিক ব্যঞ্জনা উপেক্ষা করার কোনো সুযোগ নেই উল্লেখ করে দেবপ্রিয় বলেন, দ্বিপক্ষীয় রাজনৈতিক দর-কষাকষির সুযোগ হেলাফেলা করা অপরিণামদর্শিতার পরিচায়ক। আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক মোহাম্মদ ইউনুস বলেন, ট্রানজিটের জন্য যে অবকাঠামো বা রাস্তাঘাট নির্মাণ করা হবে, তা শুধু ভারত ব্যবহার করবে না, বাংলাদেশও ব্যবহার করবে। তাই ভারত বা নেপাল যে পরিমাণ ব্যবহার করবে, সে অনুপাতেই মাশুল দেবে। সুুবিধাগুলো এমনভাবে বিন্যস্ত করা প্রয়োজন, যেন ভারত ও বাংলাদেশ—উভয় দেশই লাভবান হয়। রাজনৈতিক বিরোধের জন্য ব্যবসা থেমে থাকতে পারে না মন্তব্য করে মোহাম্মদ ইউনুস বলেন, ট্রানজিট দেওয়ার অর্থ এই নয় যে কোনো কাস্টম ও অভিবাসন থাকবে না, বরং এই তদারকি আরও বাড়ানো হবে। কী ঘোষণা দিয়ে কী নিয়ে যাওয়া হচ্ছে, তা পরীক্ষা হবে। কাজেই ট্রানজিটের সুযোগে ভারত অস্ত্র নিয়ে যাবে, এমন ধারণা নিতান্তই অমূলক।এক প্রশ্নের জবাবে ইউনুস বলেন, দর-কষাকষিতে ভারত যদি সর্বোচ্চ মাশুল দিতে সম্মত হয়, তাহলে তো কোনো কথাই নেই। আর বাংলাদেশ তো ট্রানজিটের নামে দানপত্র খুলে বসেনি। প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণের মাশুল আদায় করা হবে।উল্লেখ্য, ভারত তার মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্ব সাতটি রাজ্যে সহজে যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে ট্রানজিট-সুবিধা চেয়ে আসছে। একই সঙ্গে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে চাইছে।