ট্রানজিট ফি নির্ধারনে পর্যালোচনা চলছে: প্রধানমন্ত্রী
ভারত, নেপাল ও ভুটানের জন্য ট্রানজিট ফি নির্ধারনের বিষয়টি নিয়ে চূড়ান্ত পর্যালোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ট্রানজিট ফি নির্ধারণসহ রুট নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে ট্যারিফ কমিশনের আওতায় গঠিত কোর কমিটি প্রস্তাবিত খসড়া প্রতিবেদন পেশ করেছে। এর চূড়ান্ত পর্যালোচনা করা হচ্ছে।এর আগে প্রধানমন্ত্রী বলেন, গত বছরের ১২ জানুয়ারি প্রকাশিত যৌথ ইশতেহারের সিদ্ধান্তানুযায়ী সড়কপথে ভারত, নেপাল ও ভুটান থেকে আসা পণ্য পরিবহনে মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারে সড়ক নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যে নির্মিতব্য পালাটানা বিদ্যুত্ কেন্দ্রের জন্য আশুগঞ্জ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-সুলতানপুর-চিনাইর-আখাউড়া-সেনারবাদি (আগরতলা সদর) পথে চলতি বছরের ২৮ মার্চ থেকে পরিবহন শুরু হয়েছে। এছাড়া সম্প্রতি পরীক্ষামূলকভাবে এ রুটে সীমিত আকারে ভারতীয় পণ্য পরিবহন হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তিও শিগগিরই স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এর আগে মোল্যা জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তির সুবিধা সব শ্রেণীর মানুষের নিকট পৌছে দেওয়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ‘ইতিমধ্যে দেশে সংযোজিত ল্যাপটপ বাজারে ছাড়া হয়েছে। টেলিফোন শিল্প সংস্থা স্বল্পমূল্যে বিদ্যুত্ সাশ্রীয় মোবাইল ফোনসেট তৈরি করতে যাচ্ছে। আগামী বছরের মধ্যে তৃতীয় প্রজন্মের অর্থাত্ থ্রি জি টেলিকম সেবার ব্যবস্থা করা হবে। আন্তর্জাতিক সংযোগ নিরবচ্ছিন্ন রাখার জন্য বেসরকারি দ্বিতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন করা হবে। বর্তমানে বাংলাদেশের নিজস্ব কোন স্যাটেলাইট না থাকায় উচ্চ মূল্যের ভিস্যাট বা স্যাটেলাইট ব্যান্ডউইথ ব্যবহার করে বিভিন্ন সার্ভিস চার্জ দেওয়া হয়ে থাকে।