ট্রানজিট মাশুল আলোচনা করে নির্ধারণের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার করে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এবং তৃতীয় কোনো দেশে পণ্য পরিবহনে বাংলাদেশকে শুল্ক দিতে রাজি নয় দিল্লি। তবে ট্রানজিট মাশুল কিংবা পণ্য পরিবহনে সেবার জন্য অন্য কোনো ধরনের মাশুল নির্ধারণ করতে হলে দুই দেশ আলোচনার মাধ্যমে সেটি ঠিক করবে। দেশের প্রধান দুই সমুদ্রবন্দর ব্যবহারের বিষয়ে প্রস্তাবিত এক প্রটোকলে এ অবস্থান জানিয়েছে ভারত। গত ফেব্রুয়ারিতে ভারতের প্রস্তাবিত ওই প্রটোকলটি সাত বছর মেয়াদে সইয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। পররাষ্ট্র ও নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা গতকাল শনিবার প্রথম আলোকে জানান, চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে রেল ও সড়কপথে বাংলাদেশের ১৫টি রুটে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এবং তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির লক্ষ্যে ওই প্রটোকল সইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ‘চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারবিষয়ক ভারত ও বাংলাদেশের মধ্যে প্রটোকল’ শীর্ষক প্রস্তাবিত চুক্তিতে ট্রানজিট ও বন্দর ব্যবহারের খুঁটিনাটি বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা গেছে, ১০টি ধারাসংবলিত ওই প্রটোকলে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশ থেকে ভারতে পণ্য আমদানি ও রপ্তানির সুবিধা, ওয়্যারহাউসের সুবিধা, ভারত থেকে পণ্য আনা-নেওয়ার প্রক্রিয়া, রুটের বর্ণনা, শুল্কহার রহিতকরণ ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রস্তাবিত রুটগুলোর মধ্যে রয়েছে—আখাউড়া-আগরতলা, সাবরুম-রামগড়, দেমাগিড়ি-থেগামুখ, বিবিরবাজার-শ্রীমন্তপুর, বেতুলি-পুরাতন রাঘনাবাজার, চাতলাপুর-মানু, তামাবিল-ডাউকি, হালুয়াঘাট-ঘাসুয়াপাড়া, সুনামগঞ্জ-শীলবাজার, দর্শনা-গেদে, রোহানপুর-সিংহাবাদ, বিরল-রাধিকাপুর এবং বেনাপোল-পেট্রাপোল। ভারতের প্রস্তাবিত প্রটোকলে পণ্যবাহী কার্গো চলাচলে শুল্ক ও অন্যান্য মাশুল রহিত করার কথা বলা আছে। তবে সার্ভিস চার্জ নির্ধারিত হলে ভারত তা পরিশোধ করবে। আর ট্রানজিট মাশুল প্রসঙ্গে ভারত জানিয়েছে, এ ধরনের কোনো মাশুল নির্ধারণের আগে দুই দেশ আলোচনা করেই তা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পণ্য পরিবহনের প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে, কনটেইনারবাহী পণ্য সিলগালা করা থাকলে বাংলাদেশের শুল্ক কর্মকর্তারা তা পরীক্ষা করতে পারবেন না। অর্থাৎ সিলগালা ভাঙা যাবে না। তবে যেসব কনটেইনারে সিলগালা ছাড়াই পরিবহন করা হবে, তা শুল্ক কর্মকর্তারা যাচাই করে দেখতে পারবেন। খসড়া প্রটোকল অনুযায়ী, তৃতীয় কোনো দেশ থেকে পণ্য আমদানির সময় ভারত প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের পাশাপাশি ঋণপত্রের (এলসি) পূর্ণ বিবরণ বাংলাদেশের শুল্ক কর্তৃপক্ষের কাছে জমা দেবে। কিন্তু তৃতীয় দেশে পণ্য রপ্তানির সময় এ প্রক্রিয়া অনুসরণ করা হবে না। তবে আমদানি ও রপ্তানি দুই ক্ষেত্রেই বাংলাদেশের কোন রুট ব্যবহার করে পণ্য পরিবহন করা হবে, সেটি আমদানি ও রপ্তানিকারকেরা বাংলাদেশের কাছে সুস্পষ্টভাবে উল্লেখ করবেন। প্রস্তাবিত প্রটোকল অনুযায়ী, চট্টগ্রাম ও মংলা বন্দর কর্তৃপক্ষ ওয়্যারহাউস ও শেডের পাশাপাশি ভারতীয় পণ্য রাখার জন্য খোলা জায়গার ব্যবস্থা করবে। আর ভারতীয় কার্গোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে ওই দুই বন্দরে বার্থের ব্যবস্থা করতে হবে। ভারতীয় প্রতিনিধিদলের সফর: চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরের সর্বশেষ পরিস্থিতি সরজমিনে দেখতে গত ২৪ ও ২৫ মার্চ ভারতের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাজীব গুপ্তার নেতৃত্বে ওই প্রতিনিধিদল বাংলাদেশের দুই সমুদ্রবন্দর ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। সূত্র জানায়, ভারতীয় প্রতিনিধিদল ওই সময় চট্টগ্রাম ও মংলা বন্দরের অবকাঠামোসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়ে মোটামুটি সন্তোষ প্রকাশ করেছে। তবে তারা এই দুটি বন্দরে ভারতের পণ্য আনা-নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়ে সেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার কথা বলেছে। অর্থাৎ পণ্য পরিবহনে সময়ক্ষেপণসহ কোনো রকম জটিলতা যাতে তৈরি না হয়, সে জন্য বাংলাদেশকে পদক্ষেপ নিতে হবে। প্রতিনিধিদল দিল্লি ফিরে তাদের সামগ্রিক অবস্থানের বিষয়ে বাংলাদেশের কাছে একটি প্রতিবেদন পাঠানোর কথা জানায়।