ট্রানজিট মাশুল নেওয়া হবে: অর্থমন্ত্রী
ট্রানজিটের মাশুল-সংক্রান্ত একটি বিধি তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জানান, বিধিটি চূড়ান্ত হতে দুই থেকে তিন মাস সময় লাগবে। অর্থমন্ত্রী বলেন, আসলে ট্রানজিটের ওপর কোনো শুল্ক হয় না। ট্রানজিটের জন্য রয়েছে মাশুল (ফি)। ১৯৭২ সালের প্রটোকল অনুযায়ী থোক আকারে বর্তমানে এক ধরনের মাশুল নেওয়া হয়। তবে আগামী বিধিতে মাশুল নেওয়ার যাবতীয় বিষয় অন্তর্ভুক্ত থাকবে। আজ সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তারের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা জানান। বৈঠকে ভারতীয় এক্সিম ব্যাংকের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ট্রানজিট, ভারতের প্রতিশ্রুত ১০০ কোটি ডলার প্রাপ্তির প্রক্রিয়া, আশুগঞ্জ বন্দরের ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। আবুল মাল আবদুল মুহিত বলেন, ট্রানজিটের ওপর মাশুলের বিষয়টি নতুন নয়। এ নিয়ে গত ২৭ জুলাই আলোচনা হয়েছে। সেদিনও বলেছি, মাশুল নেওয়া হবে। আমাদের রাস্তা বিনা মাশুলে ব্যবহার করা যাবে না।ট্রানজিট নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের সাম্প্রতিক বক্তব্যকেই বিএনপির বিবৃতি হিসেবে বিবেচনা করা হবে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, এম কে আনোয়ার বলেছেন মাশুল নেওয়া হলে ট্রানজিটে তাঁদের আপত্তি নেই। মাশুল নেওয়া হবে। দেশের বুকের ওপর দিয়ে বিদেশি গাড়ি চলতে দেওয়া হবে না—বিরোধীদলীয় নেত্রীর এমন বক্তব্য আমলে নেননি অর্থমন্ত্রী। তিনি বলেন, এটি হলো অভিব্যক্তিজনিত সমস্যা, অন্য কিছু নয়। উল্লেখ্য, ৪ নভেম্বর এক সংবাদ সম্মেলনে এম কে আনোয়ার জানিয়েছিলেন, ভারতকে দেওয়া ট্রানজিটসুবিধা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি না হলে এবং অর্থনৈতিকভাবে লাভজনক হলে বিএনপি তা মেনে নেবে। এ জন্য আগে বিষয়গুলো সমীক্ষার মাধ্যমে প্রমাণিত হতে হবে।অর্থমন্ত্রী জানান, ভারত যে ২৫০ মেগাওয়াট বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়েছে, খুবই সাশ্রয়ী মূল্যে তা পাওয়া যাবে। শুধু তাই নয়, পরবর্তী সময়ে সাশ্রয়ী মূল্যে ভুটান ও নেপাল থেকেও বিদ্যুত্ পাওয়ার সম্ভাবনা রয়েছে।