ট্রানজিট লাভজনক হলে মেনে নেবে বিএনপি
ভারতকে দেওয়া ট্রানজিট-সুবিধা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি না হলে এবং অর্থনৈতিকভাবে লাভজনক হলে, বিএনপি তা মেনে নেবে। এজন্য আগেই বিষয়গুলো সমীক্ষার মাধ্যমে প্রমাণিত হতে হবে। কোনো ‘ফি’ আদায় ছাড়া ভারতকে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট দেওয়ার প্রতিবাদে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আজ বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এ কথা বলেন।এম কে আনোয়ার বলেন, এমনিতে ট্রানজিট দিয়ে বাংলাদেশ একবার ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন ফি ছাড়া এই সুবিধা দিলে বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হবে। বাংলাদেশের ওপর দিয়ে ফি ছাড়া ভারতের পণ্য আনা-নেওয়ার সমালোচনা করে তিনি বলেন, সরকারের উচিত হবে অবিলম্বে আন্তর্জাতিক মান অনুযায়ী ট্রানজিটের ক্ষেত্রে ফি নেওয়া। বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকার ভারতের চাপের মুখে বন্দর, করিডোর ও ট্রানজিট-সুবিধা দিচ্ছে। এশিয়ান হাইওয়ের সুবিধা থেকেও একই কারণে দেশের মানুষ বঞ্চিত হবে। ভারতকে এ দেশের সড়ক, বন্দর ব্যবহার করতে দেওয়া হবে, অথচ সরকার কোনো ফি আদায় করতে পারবে না, এটা কোনো কথা হতে পারে না। তিনি প্রশ্ন করেন, ‘ভিন দেশের গাড়ি চলাচলের উপযোগী রাস্তা করতে বাংলাদেশের ২৪ হাজার কোটি টাকা খরচ হবে। এতে ভারতের সময়, তেল খরচ বাঁচবে। আমাদের কী লাভ হবে?’ এম কে আনোয়ার বলেন, বিএনপি নিয়মতান্ত্রিকভাবে সরকারের ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করেছে। প্রতিক্রিয়া জানিয়েছে। এ ধরনের গণবিরোধী কর্মকাণ্ড করার আগে সরকারকে ভাবা উচিত ছিল। রাজনৈতিকভাবে জনমত সৃষ্টির উদ্যোগ নেওয়া দরকার ছিল। স্থায়ী কমিটির অন্যতম এই সদস্য বলেন, ‘আওয়ামী লীগের নেতা ও বুদ্ধিজীবীরা শুরু থেকেই বলে আসছেন, ট্রানজিট দেওয়া হলে সরকার প্রতিবছর দুই-তিন বিলিয়ন ডলার আয় করবে। এখন তাঁরা কোথায়? এখন কেন কথা বলছেন না?’ তিনি আরও বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, যাঁরা ট্রানজিটের বিরোধিতা করে, তাঁরা বোকা। আমি তাঁকে বোকা বলব না। আমি তাঁকে বলতে চাই, আপনার যে প্রজ্ঞা, তা কোন দেশের স্বার্থে ব্যবহার করছেন।’ বাংলাদেশকে ‘ট্রানজিট কান্ট্রি’ বলার ব্যাখ্যাও অর্থমন্ত্রীর কাছে দাবি করেছেন এম কে আনোয়ার। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ বক্তব্য দেন।