সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়াপ্রথম আলো: ভারতকে ট্রানজিট-সুবিধা দিয়ে কি বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে?দেবপ্রিয় ভট্টাচার্য: এটা এখন মোটামুটিভাবে সবাই মেনে নিয়েছেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশের উচিত তার অনন্য ভৌগোলিক অবস্থানকে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক পরিবহন ও জ্বালানিব্যবস্থার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা। সাম্প্রতিক সময়ে বিশ্ব-অর্থনীতির সংকটগুলোও আমাদের এই সতর্কতামূলক বার্তাই দিয়ে গেছে যে উন্নত দেশগুলোর অর্থনৈতিক মন্দার প্রভাব মোকাবিলায় আঞ্চলিক চাহিদার ব্যবহার করতে হবে। এই বাস্তবতায় বর্তমান সরকার বাংলাদেশ, ভারত এবং এই অঞ্চলের অন্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের জন্য এক সাহসী ও সঠিক রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উন্নয়নের এই সুযোগকে, আমাদের জাতীয় স্বার্থ সমুন্নত রাখার মাধ্যমে একটি কার্যকর রূপ দেওয়া। মনে রাখতে হবে, আমাদের জীবনে অনেক সম্ভাবনাই বাস্তবে রূপ লাভ করে না ভ্রান্তনীতি ও পদক্ষেপের কারণে। আমার দুশ্চিন্তা হলো, ট্রানজিট-সুবিধা থেকে বাংলাদেশ তার গোলায় ধান তুলতে পারবে কি না।প্রথম আলো: আপনার এই মনোভাবের কারণ কী?দেবপ্রিয়: ট্রানজিট-ব্যবস্থা তথা একটি শক্তিশালী আঞ্চলিক পরিবহন ও যোগাযোগকাঠামো থেকে অর্থবহ সুফল পেতে হলে আমাদের অন্তত তিনটি উপাদানের দিকে মনোযোগ দিতে হবে। প্রথমত, রাজনৈতিক নির্দেশনা; দ্বিতীয়ত, কৌশলগত কারিগরি প্রস্তুতি; তৃতীয়ত, দর-কষাকষির মাধ্যমে শর্ত নির্ধারণ।২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণার মধ্যেই এ বিষয়ে বলিষ্ঠ রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছিল। দুর্ভাগ্যজনকভাবে পরে বাংলাদেশ সরকারের কর্তাব্যক্তিদের নানা ধরনের অবিবেচক বক্তব্য-বিবৃতি ট্রানজিট ও পরিবহন সংযুক্তির মতো জটিল বিষয়ে আরও বিভ্রান্তি সৃষ্টি করেছে। বিস্ময়কর হলো, ট্রানজিট নিয়ে জনগণের মধ্যে আলোচনা-বিতর্ক চললেও সংশ্লিষ্ট অন্তত ছয়টি সংসদীয় স্থায়ী কমিটির একটিতেও এ বিষয়টি আলোচ্যসূচিতে ঠাঁই পায়নি। কোনো দলের কোনো সংসদ সদস্যই জনগুরুত্বসম্পন্ন বিষয় হিসেবে এটা জাতীয় সংসদে আলোচনার জন্য উত্থাপন করেননি। এমনকি মন্ত্রিপরিষদেও এ বিষয়ে নীতিনির্ধারণমূলক আলোচনা হয়েছে বলে জানা নেই।গবেষণা-বিশ্লেষণসহ কারিগরি প্রস্তুতির ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে সম্প্রতি। সিপিডিসহ কিছু আঞ্চলিক প্রতিষ্ঠান এ বিষয়ে অনেকদিন ধরে কাজ করছে। গত বছরের শেষ থেকে প্রস্তুতিমূলক কাজ হয়েছে বাংলাদেশ ট্যারিফ কমিশনের তত্ত্বাবধানে বিভিন্ন উপকমিটি এবং একটি মূল কমিটির অধীনে। কমিটির প্রতিবেদনগুলো গোপন দলিল হিসেবে বিবেচিত হলেও এর অনেক কিছুই গণমাধ্যমে চলে এসেছে। অথচ এই দলিলগুলো নিয়ে জনপ্রতিনিধিদের এবং বেসরকারি খাতের স্বার্থসংশ্লিষ্টদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। বরং সরকারের কমিটির অনেক পর্যবেক্ষণ বা সুপারিশই সরকারের একাধিক ঊর্ধ্বতন নীতিনির্ধারক প্রকাশ্যেই বিরোধিতা করেছেন।তৃতীয় বিষয় বা প্রকৃত দর-কষাকষির প্রক্রিয়া সম্বন্ধে স্বীকার করতে হবে, এই পুরো ব্যাপারটাই অস্বচ্ছতায় ঘেরা। যেন কোনো দর-কষাকষির প্রক্রিয়াকে সাধারণত রাজনৈতিক নির্দেশনা ও কারিগরি প্রস্তুতি একচিত্ত হয়ে সামনে অগ্রসর করে। একই সঙ্গে দর-কষাকষির বিষয়টি বহুমাত্রিক, যেখানে বিভিন্ন পেশার বিশেষজ্ঞদের অংশগ্রহণ প্রয়োজন। আমাদের জানা নেই, ভারতের সঙ্গে ট্রানজিট নিয়ে আলোচনার জন্য সরকার রাজনৈতিকভাবে আস্থাভাজন ও পেশাগতভাবে সক্ষম কোনো দল গঠন করেছে কি না। অথচ লক্ষ করা যাচ্ছে, ট্রানজিট-ব্যবস্থার মৌলিক কাঠামোগত বিষয়গুলো নিষ্পন্ন না করে বিচ্ছিন্নভাবে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত চটজলদি করে নেওয়ার চেষ্টা হচ্ছে। ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে দেওয়ার জন্য চুক্তি করার তৎপরতা সে রকমই একটা প্রচেষ্টা।প্রথম আলো: তাহলে চুক্তি করার কোন পর্যায়ে আমরা আছি? দেবপ্রিয়: সাধারণত যেকোনো আন্তদেশীয় দর-কষাকষি—তা দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় যেভাবেই হোক না কেন, শেষ পর্যন্ত পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই নিষ্পন্ন হয়। ভারত-বাংলাদেশের মধ্যে ট্রানজিট-সুবিধা বিনিময়ের ক্ষেত্রেও তা হওয়া উচিত। যেমন, প্রাথমিক কিন্তু মৌলিক রাজনৈতিক বোঝাপড়া হয়ে গেলে এটিকে পর্যায়ক্রমে বিভিন্ন দলিলে রূপান্তর করতে হবে। প্রথমে একটি সর্বাঙ্গীণ চুক্তি বা কাঠামোগত চুক্তি করা প্রয়োজন। সেখানে রাজনৈতিক সমঝোতার প্রায়োগিক অভিঘাতগুলো, যেমন—এর মূল নীতিগত ভিত্তি, কার্যকরণ পদ্ধতি, কাজের পরিধি ও বিরোধ নিষ্পত্তির পদ্ধতিসহ বিভিন্ন বিষয় বিস্তারিত উল্লেখ থাকে। এরূপ একটি কাঠামোগত চুক্তির ভিত্তিতে পরিবহনের ধরন অনুযায়ী ট্রানজিট/ট্রানশিপমেন্টের বিভিন্ন রুটের সুনির্দিষ্ট বিষয় প্রটোকল স্বাক্ষর করা হয়। শুধু এর পরই তৈরি হয় দৈনন্দিন কার্য পরিচালনার জন্য স্টান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। আমাদের সরকার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের পর সোজাসুজি শেষ ধাপে চলে গেছে অনেক নীতিগত বিষয় অনিষ্পন্ন রেখে। এটা আর কিছু না হোক, অগোছালো অপেশাদারি চিন্তার প্রকাশ। প্রথম আলো: আর ট্রানজিট ফি নির্ধারণের বিষয়টি কীভাবে বিবেচিত হচ্ছে?দেবপ্রিয়: আমরা জানি যে আঞ্চলিক পরিবহনকাঠামোয় যুক্ত হয়ে বিশেষত ভারত হয়ে নেপাল ও ভুটানে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশ লাভবান হবে। তবে ট্রানজিট-প্রক্রিয়ার স্পর্শকাতরতা বিবেচনায় অবশ্যই এর জন্য যে বিবিধ খরচ হবে, তার চেয়ে দেশের অর্থনৈতিক লাভ ‘দৃশ্যমানভাবে’ বেশি হতে হবে। লাভ-খরচের এই হিসাব শুধু আর্থিকভাবে নয়, অর্থনৈতিক ও সামাজিক মাপকাঠিতে হওয়াটা জরুরি। না হলে কোনো সমঝোতাই মধ্য মেয়াদে রাজনৈতিকভাবে মসৃণ হবে না। ট্রানজিট-অবকাঠামো গড়ে তোলার জন্য সে জন্য প্রাক্কলিত বিনিয়োগের বিকল্প চাহিদা বিবেচনায় রাখতে হবে। জমি অধিগ্রহণের ক্ষেত্রে ভূমি-অপ্রতুল ও খাদ্যনিরাপত্তাহীন বাংলাদেশে জমির ‘ছায়ামূল্য’ নির্ধারণ করতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে বর্ধিত যান চলাচলের কারণে পরিবেশ-প্রতিবেশ ও যানজটের ওপর যে নেতিবাচক প্রভাব পড়বে তার আর্থসামাজিক মূল্যের কথা। সে কারণেই লাভ-খরচ নির্ণয়ের পদ্ধতিটি খুব গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনকভাবে ট্রানজিট ফি নির্ধারণের জন্য যেসব পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, তার সম্বন্ধে কোনো স্বচ্ছ ধারণা পাওয়া যাচ্ছে না। গণমাধ্যমে অবশ্য ট্রানজিট মাশুলের একাধিক হিসাব প্রকাশিত হয়েছে। সড়কপথে ট্রানজিট দিতে মূল কমিটি প্রতি টন পণ্যের জন্য প্রতি কিলোমিটারে ন্যূনতম সাত সেন্ট মাশুল সুপারিশ করেছে। অথচ যেকোনো দর-কষাকষিতে সাধারণত এমন দর বা সংখ্যা নিয়ে শুরু করা হয়, যাতে দাবিদারের উচ্চ প্রত্যাশার প্রতিফলন ঘটে এবং তা পরে আলোচনার মাধ্যমে নামিয়ে আনা হয়। আমরাই সম্ভবত ব্যতিক্রম যে ‘সর্বোচ্চ দাবির’ বদলে ‘ন্যূনতম দাবি’ হিসাব করছি। বলা বাহুল্য, এ ‘ন্যূনতম’ সংখ্যাও আলোচনার পর আরও নেমে যাবে। আর এটা হয়েছে ট্রানজিট-সুবিধা পেলে ভারতের যে খরচ সাশ্রয় হবে তার ওপর বাংলাদেশের কোনো দাবি থাকবে কি না, সে বিষয়ে উচ্চতম পর্যায় থেকে সুনির্দিষ্ট নির্দেশনার অভাবে। তাই ভিত্তি সংখ্যার হিসাব করা হচ্ছে বাংলাদেশ কর্তৃক ট্রানজিট পরিবহনের ‘বাড়তি ব্যয়’ বিবেচনায় নিয়ে, ভারতের ‘সাশ্রিত ব্যয়’-এর বিবেচনায় নয়।প্রথম আলো: আমাদের অবকাঠামোগত প্রস্তুতি কেমন?দেবপ্রিয়: আমরা যদি আজকে ট্রানজিট-ব্যবস্থা প্রচলনের সিদ্ধান্ত নিই, তাহলে তা পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে সময় লাগবে অন্তত তিন থেকে পাঁচ বছর। কেননা এই সময়ের আগে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ট্রানজিট যান চলতে পারবে না। আমাদের পরিবহন-অবকাঠামোতে গুরুত্বপূর্ণ কিছু স্থানে সংযোজনহীনতা এ জন্য দায়ী। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আখাউড়া-আগরতলা ও মংলা-খুলনা রেলপথ এবং ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-টাঙ্গাইল চার বা ছয় লেনের মহাসড়ক। বঙ্গবন্ধু সেতুর পক্ষেও বাড়তি ভার বহন করা সম্ভব নয়। দ্বিতীয় ভৈরব সেতুরও প্রয়োজন রয়েছে। তবে এখন আশুগঞ্জ দিয়ে যেভাবে ট্রানশিপমেন্ট দেওয়া হচ্ছে, পরিবহনমাধ্যম ও যান বদল করে সেভাবে দেওয়া সম্ভব। দুর্ভাগ্যজনকভাবে গত দেড় বছরে ভারতের শর্তযুক্ত ১০০ কোটি ডলারের ঋণ ব্যবহার করে এসব অসম্পূর্ণ যোগাযোগ সংযোগ সম্পন্ন করার জন্য একটি প্রকল্পও শুরু হতে পরেনি। প্রথম আলো: এ পরিপ্রেক্ষিতে ট্রানজিট আলোচনা কীভাবে আগানো উচিত?দেবপ্রিয়: সবচেয়ে উদ্বেগের বিষয় হলো দর-কষাকষির প্রক্রিয়া জোরদার করার বদলে বাংলাদেশ সরকার তার অবস্থানে বিভিন্ন সময় অবাঞ্ছিতভাবে পরিবর্তন করে আমাদের সম্ভাব্য দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। নৌপথে বিদ্যমান ট্রানজিটের বিষয়টি উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়। বাংলাদেশ সরকার এই নৌপথ ব্যবহারের জন্য ভারতের কাছ থেকে বছরে মাত্র সাড়ে পাঁচ কোটি টাকা পায়। পণ্যবাহী নৌযানগুলো প্রচলিত কিছু মাশুল দিলেও ট্রানজিট ফি দেয় না। গত বছর অর্থ মন্ত্রণালয় প্রতি কনটেইনারে ১০ হাজার টাকা এবং প্রতি টনে এক হাজার টাকা ট্রানজিট ফি আরোপ করেছিল। কিন্তু সরকারের আরেকটি অংশের প্রচণ্ড চাপের মুখে শেষ পর্যন্ত এই ফি বাতিল করা হয়। বলা বাহুল্য, আগামী দিনে যেকোনো পথে ট্রানজিট মাশুল আরোপের ক্ষেত্রে এই উদাহরণটি আমাদের বিরুদ্ধে কাজ করবে।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে একটি আঞ্চলিক বহুমুখী পরিবহন নেটওয়ার্ক গড়ে তোলায়—যেটি ভারত, নেপাল ও ভুটানের সীমানা ছাড়িয়ে আরও সুদূরে বিস্তৃত হবে। এ জন্য বাংলাদেশের প্রয়োজন এ বিষয়ে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট করা, স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীদের সম্পৃক্ততা জোরদার করা, কারিগরি কৌশলগত প্রস্তুতি উন্নত করা এবং দর-কষাকষির অবস্থানগুলোকে দৃঢ় করা। এমন সম্ভাবনাময় একটি উদ্যোগ থেকে প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় পূর্বশর্তগুলো পূরণ ছাড়া এই প্রক্রিয়া সম্পন্ন করতে তাড়াহুড়ো করা উচিত নয়। ভারত ও বাংলাদেশের তথা উপ-অঞ্চলের মধ্যে পরিবহন-সম্পৃক্ততা ও ট্রানজিট বাস্তবায়িত হলে তা হবে একটা বিরাট উন্নয়নযাত্রা। এই কাজটা যদি আমরা যথাযথভাবে না করতে পারি, তাহলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও ফলপ্রসূ হওয়ার বদলে নতুন জটিলতায় আটকে যাওয়ার আশঙ্কা থাকে।