ট্রানজিট: কিছু ধারণাগত ব্যাখ্যা
একটি দেশ দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশের জন্য যখন পণ্য বহন করে নিয়ে যায়, তখন তা হয় প্রথম দেশটির জন্য ট্রানজিট-সুবিধা। অর্থাৎ দ্বিতীয় দেশটি তাদের ভূখণ্ড (সড়ক বা নৌপথে) ব্যবহারের অনুমতি দেওয়ার মাধ্যমে ট্রানজিট-সুবিধা দেয়। যেমন: বাংলাদেশি পণ্যবাহী যান যখন ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল বা ভুটানে যায়, তখন তা হলো ভারত কর্তৃক বাংলাদেশকে ট্রানজিট-সুবিধা দেওয়া। ট্রানশিপমেন্ট হলো পণ্যবাহী একটি যান থেকে আরেকটি যানে সেই পণ্য স্থানান্তর। এটি দেশের ভেতর সচরাচর হয়ে থাকে। যখন: দুটি দেশের মধ্যে বিষয়টি চলে আসে, তখনই তা আন্তর্জাতিক ট্রানশিপমেন্ট হয়ে পড়ে। যেমন: ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে পণ্য খালাস করল। এরপর খালাসকৃত ওই পণ্য আবার আরেকটি বাংলাদেশি ট্রাকে তুলে নিয়ে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তসংলগ্ন তামাবিল স্থলবন্দরে গিয়ে খালাস করা হলো। সেখান থেকে তা আবার ভারতীয় ট্রাকে তুলে নিয়ে যাওয়া হলো।করিডর ও ট্রানজিট কি একই?না। করিডর ও ট্রানজিট একই ধরনের সুবিধা নয়। করিডর সাধারণত দ্বিপক্ষীয় ভিত্তিতে হয়। যেমন: বাংলাদেশ যখন ভারতীয় পণ্যবাহী যানকে কলকাতা থেকে বাংলাদেশের ওপর দিয়ে আগরতলায় যাওয়ার সুযোগ দেয়, তখন তা হয় করিডর-সুবিধা। অর্থাৎ, এখানে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততা নেই। কিন্তু ট্রানজিটের ক্ষেত্রে তৃতীয় দেশের সম্পৃক্ততা থাকতে হয়। তাই ভারতকে মূল ভূখণ্ড থেকে পণ্যসামগ্রী উত্তর-পূর্ব রাজ্যগুলোয় যাওয়ার জন্য বাংলাদেশি ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়াটা হলো মূলত করিডর-সুবিধা দেওয়া। একটু বৃহত্তরভাবে এটাকে ‘ভারত থেকে ভারতে ট্রানজিট’ বলা যেতে পারে। তবে ভারত যখন চট্টগ্রাম বা মংলা বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্য করবে, তখন এই বন্দরগুলো হবে ভারতের ট্রানজিট বন্দর। আর ব্যবহূত রেল বা সড়কপথটি হবে ট্রানজিট রুট। ট্রানজিট ও করিডরের ক্ষেত্রে এই সুবিধা গ্রহণকারী দেশের যানবাহন-সুবিধা প্রদানকারী দেশের ওপর দিয়ে চলাচলের অনুমতি পায়।ট্রানজিটের জন্য কী কী আন্তর্জাতিক বিধিবিধান অনুসরণ করা হয়?আন্তর্জাতিক ট্রানজিট পরিচালনার জন্য নীতিবিধি অনুসৃত হয় বার্সেলোনা ট্রানজিট কনভেনশন-১৯২১ ও নিউইয়র্ক ট্রানজিট কনভেনশন-১৯৬৫ মেনে। এ ছাড়া ডব্লিউটিওর জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড (গ্যাট) দলিলের পঞ্চম ধারায় (আর্টিকেল-৫) ‘ট্রানজিটের স্বাধীনতা’ বিষয়টি সম্পর্কে নীতিবিধান উল্লেখ করা হয়েছে। এটি ডব্লিউটিওর সদস্য সব দেশের জন্য সমভাবে প্রযোজ্য।ট্রানজিটের বিপরীতে কি শুল্ক আদায় করা যায়?না। ট্রানজিটের বিপরীতে কোনো শুল্ক আদায় করা যায় না। কেননা, ট্রানজিট প্রদানকারী দেশে এই পণ্য আসছে না, শুধু দেশটির ভূখণ্ড ব্যবহার করে পণ্যটি পরিবাহিত হচ্ছে। তবে এই পণ্য পরিবহনের অবকাঠামো ব্যবহার, তা রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা নিশ্চিতকরণ ইত্যাদির সেবার জন্য মাশুল আদায় করা যায়। গ্যাটের পঞ্চম ধারার ৩ থেকে ৬ উপধারার শর্ত অনুসারে দুই ভাগে এসব মাশুল আদায় করা যায়। প্রথমত, পণ্য প্রবেশ ও বহির্গমন পয়েন্টে শুল্ক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন বা ডব্লিউসিওর ‘নির্দেশিকা-ই’ দলিলে বর্ণিত বিভিন্ন সেবার বিনিময়ে মাশুল ও সার্ভিস চার্জ আদায়, যা এ বাবদ প্রশাসনিক ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এটি ট্রানজিট ব্যবহারকারী সব দেশের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। দ্বিতীয়, ট্রানজিট পণ্য বহনকারী বিদেশি যানবাহনকে স্থানীয় যানবাহন কর্তৃক প্রদত্ত যাবতীয় নিবন্ধন, শুল্ক ও কর, টোল ইত্যাদি যাবতীয় ফি অথবা মাশুল একই হারে পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে কোনো রকম তারতম্য করা যাবে না। আবার গ্যাট চুক্তিমালায় অস্ত্রসহ ট্রানজিট-সুবিধা প্রদান নিষিদ্ধ করে বিভিন্ন নিষিদ্ধ পণ্যের তালিকা দেওয়া হয়েছে। শুল্ক কর্তৃপক্ষ যে ট্রানজিট মাশুল আদায় করে থাকে, তার একটি প্রধান অংশ হলো ট্রানজিট পণ্য তালিকা পুঙ্খানুপুঙ্খরূপে সরেজমিন পরীক্ষা। বাংলাদেশের শুল্ক আইনে ট্রানজিট বাবদ ফি ও সার্ভিস চার্জ আরোপ-সংক্রান্ত ধারা ১২৯ অর্থবিল ২০১১-১২ দ্বারা বাতিল করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে ট্রানজিট মাশুল আরোপের আপাতত কোনো সুযোগ নেই। [গ্রন্থনা: আসজাদুল কিবরিয়া]