ট্রানজিটসহ সব চুক্তি প্রকাশের দাবি খালেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রানজিটসহ সব ধরনের চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আজ শুক্রবার দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে বৈঠকে খালেদা জিয়া এ দাবি জানান বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।বৈঠকে খালেদা জিয়া বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান করা হলে আস্থার যে অভাব রয়েছে, তা দূর হবে। পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস বাড়বে। শমসের মবিন চৌধুরী বলেন, বৈঠকে দুই দেশের অভিন্ন নদীর পানি বণ্টনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। খালেদা জিয়া বলেন, তিস্তা নদীর পানি বণ্টনসহ সব চুক্তি জনগণের সামনে প্রকাশ করতে হবে, যাতে জনগণ তা বুঝতে পারে।এম এস কৃষ্ণা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বিদ্যমান রয়েছে। বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিস্তার পানি বণ্টন সম্পর্কে খালেদা জিয়াকে বলেন, এটির বিষয় কারিগরি পর্যায়ে আলাপ-আলোচনা চলছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আগামী সেপ্টেম্বরে যখন ঢাকায় আসবেন, তখন তিস্তার পানি বণ্টন নিয়ে একটি চুক্তি হতে পারে। ট্রানজিট নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্টভাবে ট্রানজিট নিয়ে আলোচনা হয়নি। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিত্তার ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। বাসস