আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ট্রানজিটের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পণ্য পরিবহন হলে দুই দেশই লাভবান হবে।আজ বুধবার সকালে ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এ কথা বলেছেন। আজ সকালে তাঁর নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।দুপুরে প্রতিনিধিদলটি আশুগঞ্জ নৌবন্দর পরিদর্শন করে। সেখানে ত্রিপুরার বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।আশুগঞ্জে ত্রিপুরার মন্ত্রী সাংবাদিকদের বলেন, দুর্গম পাহাড়ি পথের কারণে ভারতের অন্য রাজ্যগুলো থেকে অনেকটা বিচ্ছিন্ন উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরাসহ সাতটি রাজ্য। আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ট্রানজিট পুরোপুরি চালু হলে এই রাজ্যগুলোর মানুষ দারুণভাবে উপকৃত হবে। বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়বে।ত্রিপুরার বাণিজ্যমন্ত্রী ভারতীয় অর্থে আশুগঞ্জ নৌবন্দর উন্নয়ন করা হবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন। প্রতিনিধিদল পরে ঢাকার পথে রওনা হয়। সেখানে এই দলের ইন্দু-বাংলা বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ ও শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ মার্চ ত্রিপুরার পালাটানা বিদ্যুেকন্দ্রের ভারী যন্ত্রাংশ আশুগঞ্জ নৌবন্দর থেকে সড়কপথে আখাউড়া হয়ে ত্রিপুরায় পৌঁছে। বিদ্যুেকন্দ্রের ওই পণ্য যাওয়ার মাধ্যমে আশুগঞ্জ নৌ ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ত্রিপুরায় পণ্য যাওয়া শুরু হয়। ওই বছরের ২৯ সেপ্টেম্বর থেকে একই পথ ব্যবহার করে শুরু হয় পরীক্ষামূলক ট্রানজিট। ১৯ অক্টোবর নিয়মিত ট্রানজিটের পণ্য যাওয়া শুরু হয় ত্রিপুরায়। এখন চাল যাওয়ার প্রক্রিয়া চলছে।