আশানুরূপ পণ্য পরিবহন না হলে ও ঋণ নিয়ে বিনিয়োগ করলে অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে: মূল কমিটি
ট্রানজিটে ৪৭ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন
ভারত, নেপাল ও ভুটানকে পূর্ণাঙ্গ ট্রানজিট দিতে অবকাঠামো উন্নয়নে ৪৭ হাজার ৩৫ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা প্রয়োজন হবে। আগামী ১০ বছর ধরে এই বিনিয়োগ করতে হবে।সড়ক, রেল, নৌপথের পাশাপাশি চট্টগ্রাম ও মংলা বন্দর এবং সাতটি স্থলবন্দরের উন্নয়নে এই অর্থ ব্যয় করতে হবে। এর মধ্যে রেলপথে সবচেয়ে বেশি, ২৯ হাজার ২২৩ কোটি টাকা বিনিয়োগ দরকার হবে।ট্রানজিটসংক্রান্ত সরকার গঠিত মূল কমিটির প্রতিবেদনে এই বিনিয়োগ-প্রয়োজনীয়তার চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি ট্রানজিটসংক্রান্ত অবকাঠামো তৈরির জন্য অর্থায়নে ঝুঁকি নিয়ে সতর্ক করেছে কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রানজিটের আওতায় আশানুরূপ পণ্য পরিবহন না হলে, আর বিনিয়োগের অর্থ যদি বিদেশি সংস্থার কাছ থেকে নেওয়া হয়, তবে বাংলাদেশের অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে। বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমানের নেতৃত্ব এই মূল কমিটি এক দফা সংশোধনের পর গত সেপ্টেম্বরে বাণিজ্য মন্ত্রণালয়ে এই প্রতিবেদন জমা দেয়। তবে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের অর্থায়নকে এই প্রতিবেদনে ট্রানজিটের জন্য বিনিয়োগের ক্ষেত্রে বিবেচনায় আনা হয়নি।প্রতিবেদনে বলা হয়েছে, পর্যাপ্ত অবকাঠামো না থাকায় আগামী তিন বছরের মধ্যে পূর্ণাঙ্গ ট্রানজিট দেওয়া সম্ভব নয়। পূর্ণাঙ্গ ট্রানজিট দেওয়া হলে বছরে এক কোটি ৭৩ লাখ টন পণ্য বহন করা সম্ভব হবে। আর আপাতত ট্রানশিপমেন্ট দেওয়া হলে সম্ভব হবে এর ১০ শতাংশ।কমিটির অন্যতম সদস্য, অবকাঠামো বিশেষজ্ঞ রহমতউল্লাহ প্রথম আলোকে জানান, ‘বিনিয়োগ উঠে আসার বিষয়টি নির্ভর করবে কী পরিমাণ পণ্য আসা-যাওয়া করে, তার ওপর। আমরা বিনিয়োগ করলাম, কিন্তু আশানুরূপ পণ্য ট্রানজিট হলো না, তাতে বাংলাদেশের লাভ হবে না।’ এ জন্য অবকাঠামো বিনির্মাণে ট্রানজিট-সুবিধা ব্যবহারকারী দেশগুলোর বিনিয়োগ করার সুযোগ রাখা উচিত বলে তিনি মত দেন। রহমতউল্লাহ আরও জানান, যেহেতু ট্রানজিট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তাই দ্রুত অবকাঠামো নির্মাণ করতে হবে।রেলপথ: প্রতিবেদনে চিহ্নিত সাতটি রেলপথকে ট্রানজিট উপযোগী করতে মোট ৩০টি প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে ১৭টি প্রকল্প চলমান রয়েছে। আরও প্রকল্পের মাধ্যমে নতুন রেলপথ, দুই ট্র্যাকবিশিষ্ট রেলপথ, ব্রডগেজ ও ডুয়েলগেজ রেলপথ এবং আধুনিক সিগন্যালিং ব্যবস্থা তৈরি করতে হবে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ৩২ হাজার ২৩ কোটি ৩৩ লাখ টাকা দরকার। তবে কিছু প্রকল্প চলমান থাকায় ইতিমধ্যে দুই হাজার ৮০০ কোটি টাকা ব্যয় হয়েছে। তাই নতুন করে আরও ২৯ হাজার ২২৩ কোটি টাকা প্রয়োজন বলে মনে করে মূল কমিটি।এ ছাড়া, বঙ্গবন্ধু সেতুর পাশে প্রায় দুই হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে আরেকটি রেলসেতু নির্মাণ এবং প্রস্তাবিত পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ করতে সাড়ে সাত হাজার কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন বলে মনে করছে কমিটি। আখাউড়া-আগরতলা নতুন ১০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের প্রকল্পের কথাও প্রতিবেদনে বলা হয়েছে।সড়কপথ: ট্রানজিটের প্রস্তাবিত সাতটি সড়কপথের উন্নয়নে ১১ হাজার ৯৪১ কোটি ২৩ লাখ টাকা বিনিয়োগ দরকার। ১১টি প্রকল্পের মাধ্যমে এসব উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে। ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ বাস্তবায়নাধীন রয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে দুই হাজার ৩৯৪ কোটি টাকা। এ ছাড়া সংশ্লিষ্ট জাতীয় মহাসড়কগুলো চার লেনে উন্নীত করা এবং ভারী পণ্যবাহী ট্রাক চলাচলের জন্য বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। নৌপথ: খনন ও নৈশকালীন চলাচলের জন্যই মূলত নৌপথে বিনিয়োগ করতে হবে। এ জন্য মোট নয়টি প্রকল্প নিতে হবে। আর তাতে ব্যয় হয়ে এক হাজার ১৬১ কোটি টাকা। ভারতের সঙ্গে স্বাক্ষরিত নৌ-প্রটোকলের আওতায় এখন এক হাজার ২৫৮ কিলোমিটার নৌপথ রয়েছে, যা ভারতীয় নৌযান ব্যবহার করছে। এর মধ্যে ৫২০ কিলোমিটার নৌপথে রাত্রীকালীন নেভিগেশনের ব্যবস্থা রয়েছে। চট্টগ্রাম ও মংলা বন্দর: ট্রানজিট-সুবিধার আওতায় চট্টগ্রাম ও মংলা বন্দরকে ব্যবহার করার সুপারিশ করা হয়েছে। বন্দর দুটির সক্ষমতা বৃদ্ধি ও ট্রাফিক-ব্যবস্থা উন্নত করতে চার হাজার ৫০৭ কোটি টাকা প্রয়োজন। চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানো-নামানোর সক্ষমতা বাড়াতে আটটি প্রকল্প নিতে হবে, যার ব্যয় প্রাক্কলন করা হয়েছে এক হাজার ৭০৯ কোটি টাকা। অন্যদিকে, মংলা বন্দরের খননকাজসহ অবকাঠামো উন্নয়নে মোট ১১টি প্রকল্পে ব্যয় করতে হবে প্রায় দুই হাজার ৭৯৮ কোটি টাকা। প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কনটেইনার ধারণক্ষমতার ৫৭ শতাংশ ও কার্গো ধারণক্ষমতার ৫৪ শতাংশ ব্যবহূত হয়। আর মংলা বন্দরে বছরে ৬৫ লাখ মেট্রিক টন কার্গো আর ৫০ হাজার কনটেইনার ধারণক্ষমতা রয়েছে। ২০০৯-১০ অর্থবছরে এই বন্দরে মাত্র সাড়ে ১৬ লাখ টন কার্গো ও দুই হাজার ৬৫ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে।এ ছাড়া ট্রানজিট-ব্যবস্থার আওতায় বেনাপোল, আখাউড়া, বাংলাবান্ধা, সাতমসজিদ, বুড়িমারী, তামাবিল ও সুতারকান্দি—এই সাতটি স্থলবন্দর অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে পণ্য ওঠানো-নামানোর সক্ষমতা বাড়াতে ২০১ কোটি টাকা দরকার বলে কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থায়নের সতর্কতা: এই বিপুল পরিমাণ বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বাজেটের মাধ্যমে সম্পূর্ণ দেশজ অর্থায়নে এসব প্রকল্প বাস্তবায়ন করা হলে অন্যান্য আর্থসামাজিক উন্নয়নসংক্রান্ত প্রকল্পে ব্যয় সংকোচন হবে। এতে ‘সুযোগ ব্যয়’ আরও বেড়ে যেতে পারে। তাই ট্রানজিট-সংক্রান্ত প্রকল্পে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত সতর্কভাবে পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিয়েছে কমিটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পূর্ণাঙ্গ ট্রানজিট চুক্তিটি সব পক্ষের জন্য লাভজনক (উইন-উইন) হওয়া প্রয়োজন। তবে বিনিয়োগ কত দিনে উঠে আসবে, তা নির্ভর করছে কী পরিমাণ পণ্য ও যানবাহন আসা-যাওয়া করছে তার ওপর। অবশ্য এই মুহূর্তে এই বিষয়ে হিসাব দেওয়া প্রায় অসম্ভব।