ট্রানজিটের বিনিময়ে সব দাবি তুলবে বাংলাদেশ: গওহর রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশকে ট্রানজিট সুবিধা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ আইনসম্মত সব দাবিই তুলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তিনি বলেন, ‘আমরা আইনসম্মত সকল দাবিই করব। তবে গত বছর বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে স্বাক্ষরিত যৌথ ইশতেহার অনুযায়ী আমাদের ট্রানজিট সুবিধা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করতে হবে।’আজ বৃহস্পতিবার ‘আঞ্চলিক সংযোগ ও ট্রানজিট: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে মিডিয়া ইনিশিয়েটিভ ফর পাবলিক পলিসি (এমআইপিপি)।রিজভী বলেন, ‘(ট্রানজিট চুক্তির মাধ্যমে) আমরা আমাদের জীবন, অধিকার বা সার্বভৌমত্ব দিয়ে দিচ্ছি না,...তবে এ বিষয়ে বিতর্ক অব্যাহত থাকা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যেন এ নিয়ে বিভ্রান্ত না হই।’উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশকে কোনো ট্রানজিট ফি দেবে না—এমন আশঙ্কার কোনো ভিত্তি নেই। কারণ ভারত ১৯৪৭ সাল থেকেই ট্রানজিট ফি দিচ্ছে। আর ১৯৭১ সালে ভারতের সঙ্গে করা অভ্যন্তরীণ নৌপরিবহন চুক্তি অনুযায়ী ট্রানজিট ফি দেওয়ার একটি বিধান রয়েছে।রিজভী বলেন, ভারতের কাছ থেকে সড়ক ট্রানজিট ফি আদায়ে একটি বিশেষজ্ঞ কমিটি বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে সুপারিশ প্রস্তুত করছে।আঞ্চলিক যোগাযোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে রিজভী বলেন, এটি সমাজের উন্নয়ন ও সমৃদ্ধির পরিচালক। তিনি বলেন, ‘অন্যান্য দেশ থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখে কোনো দেশই উন্নতি ও সমৃদ্ধি অর্জন করতে পারে না।’সেন্টার ফর পলিসি ডায়ালগের জ্যেষ্ঠ রিসার্চ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ রিসার্চ ফেলো মোহাম্মদ ইউনুস আলোচনায় অংশ নেন। এমআইপিপি প্রেসিডেন্ট ও বার্তা সংস্থা এপির ব্যুরো চিফ ফরিদ হোসেন সেমিনার সঞ্চালনা করেন।