ট্রানজিটের ব্যবহার হবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বলেছেন, শান্তিপূর্ণ কাজেই বাংলাদেশের ভূখণ্ডের মাধ্যমে ট্রানজিটের ব্যবহার করা হবে। কাজেই নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে প্রস্তাবিত ট্রানজিট নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। এস এম কৃষ্ণা গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিত ‘ভারত ও বাংলাদেশ: অংশীদারদের অগ্রগতি’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি এখানে আনুষ্ঠানিক বক্তৃতাও করেন। তিন দিনের সফর শেষে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী গতকালই ঢাকা ত্যাগ করেছেন। বিসের বক্তৃতা: গতকাল সকালে বিস আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বক্তৃতা করেন এস এম কৃষ্ণা। বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে ভারতের উত্তর-পূর্বে চীনের সীমান্ত থাকা এবং সেখানকার বিচ্ছিন্নতাবাদ সমস্যার উল্লেখ করে প্রশ্ন করা হয়, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অস্ত্র ও সমরাস্ত্র পরিবহন করা হবে না—এ নিশ্চয়তা কি ভারত দিতে পারে? উত্তরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের এ নিশ্চয়তা দিতে পারি, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ট্রানজিট ব্যবহার করা হবে। নিরাপত্তার দিক থেকে প্রস্তাবিত ট্রানজিট নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ভারত একটি শান্তিকামী দেশ। বিশেষ করে, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত।’এস এম কৃষ্ণার মতে, বাংলাদেশ ও ভারত দুই দেশকেই যোগাযোগের বিষয়টি বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে। কারণ এর মাধ্যমে সীমান্তের দুই পাশেই পণ্যের বাজার দ্রুত সম্প্রসারিত হবে। ভারতীয় মন্ত্রী বলেন, ‘যেহেতু সীমান্তের দুই পাশেই এর প্রভাব পড়বে, আমার দৃষ্টিতে যোগাযোগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন বাড়বে। কাজেই ট্রানজিট শুধু সীমান্তের এক পার থেকে অন্য পারে পণ্য ও সেবা পরিবহন করবে না।’ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের ফলে সময় ও অর্থের যে সাশ্রয় হবে, তার লভ্যাংশ বাংলাদেশ পাবে কি না, জানতে চাইলে কৃষ্ণা বিষয়টি এড়িয়ে যান। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের জনগণের একাংশের যে ভুল ধারণা আছে, তা দূরীকরণে তাঁর সরকারের কী ভূমিকা রাখা উচিত জানতে চাইলে কৃষ্ণা বলেন, ‘যে দেশের অভ্যুদয়ের জন্য ভারতের আংশিক ভূমিকা রয়েছে, সেখানে ভারত কী করে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিতে পারে? এটাই কিন্তু মনে করে ভারতের জনগণ। কাজেই একে অন্যের জন্য কতটা করছে তা নিয়ে বারবার প্রশ্ন তোলার অবকাশ নেই।’ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, ভারত অতীতে কী করেছে, এখন কী করছে ও আগামী দিনে কী করবে তা বিবেচনা করা উচিত। তিনি বলেন, ‘সন্দেহ ও অবিশ্বাস দূরে ঠেলে অভিন্ন কল্যাণের স্বার্থেই আস্থা ও সহযোগিতার সম্পর্কে বিশ্বাস করে দুই দেশ। কাজেই অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’ লিখিত বক্তৃতায় কৃষ্ণা তিস্তার পানি বণ্টন ও সীমান্ত সমস্যা সমাধানে চুক্তি সইয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক ‘বিশেষ পর্যায়ে উন্নীত হওয়ায়’ তাঁর সরকারের সন্তুষ্টির কথা জানান। বিসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ফেরদৌস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস ও ঢাকায় ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার। বক্তৃতা অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল ইমরুল কায়েস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলক উন্মোচন: এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে নাট্যকলা ও সংগীত বিভাগের নবনির্মিত বর্ধিতাংশের ফলক উন্মোচন করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। ভারত সরকার এতে অর্থায়ন করেছে। সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে কৃষ্ণা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনিময়ে সহযোগিতা দেওয়া হবে। অনুষ্ঠানে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কোষাধ্যক্ষ মীজানুর রহমান, ভারতের হাইকমিশনার রজিত মিত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপাচার্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ক্রেস্ট উপহার দেন।বিসের অনুষ্ঠানের পর কৃষ্ণা সংসদে বিরোধী দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরের এই শেষ অনুষ্ঠানের পর তিনি ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন। বিমানবন্দরে তাঁকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।