ট্রানজিটের মাশুল দিতে প্রস্তুত ভারত: শর্মা
বাংলাদেশ থেকে ট্রানজিট-সুবিধা গ্রহণ করার বিনিময়ে ভারতের ব্যবসায়ীরা মাশুল দিতে প্রস্তুত বলে জানিয়েছেন সে দেশের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা। উভয় দেশ যখন পারস্পরিক সুযোগ-সুবিধা ব্যবহার করবে, তখন নিয়ম মেনেই মাশুলের বিষয়টি আসবে বলে জানান শর্মা।বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে সফররত ভারতীয় বাণিজ্যমন্ত্রীর বৈঠকের পর আজ শনিবার সচিবালয়ে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে শর্মা এসব কথা জানান হয়। বাণিজ্যসচিব গোলাম হোসেনসহ উভয় দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।ভারতীয় বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের জন্য ভারতের ৩৫০ কোটি ডলারের বিনিয়োগ অপেক্ষা করছে। তিনি বলেন, টেলিযোগাযোগ, ওষুধ ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে শিগগিরই এই বিনিয়োগ দেওয়া হবে।ভারতের বেসরকারি খাতের এই বিনিয়োগ বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আনন্দ শর্মা তিনি।সংবাদ সম্মেলনে ফারুক খান জানান, বর্তমানে ট্যারিফ রেট কোটার (টিআরকিউ) অধীনে ভারতের বাজারে ৮০ লাখ পিস তৈরি পোশাক খাতের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়ে থাকে বাংলাদেশ। তা বাড়িয়ে এক কোটি পিস করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। ফলে ভারতের বাজারে এক কোটি পিস পোশাক শুল্কমুক্ত বাজারসুবিধা পাবে।আনন্দ শর্মা আরও জানান, বাংলাদেশে তিন লাখ টন চাল ও দুই লাখ টন গম রপ্তানির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অতি শিগগির তা বাস্তবায়ন করা হবে। ভারত নিজেও একটি বড় ধরনের আমদানিকারক দেশ বলে উল্লেখ করেন তিনি। ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে বাংলাদেশের বিনিয়োগ ও পণ্য রপ্তানি বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।সংবাদ সম্মেলনে ফারুক খান জানান, স্পর্শকাতর তালিকায় থাকা বাংলাদেশি ৬১ পণ্য ভারতের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাওয়ার ব্যাপারে বিবেচনা করা হবে বলে আশ্বাস পাওয়া গেছে। এর মধ্যে ৪৭ ধরনের পণ্য হচ্ছে বস্ত্র ও তৈরি পোশাক খাতের, বাকি ১৪টি চামড়া ও চামড়াজাত পণ্য।প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ভারত সফর শেষে দেশে ফিরে ফারুক খান সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আনন্দ শর্মা জানিয়েছেন যে ৬১টি পণ্যের ভারতে প্রবেশাধিকারের বিষয়টি তাদের বিবেচনাধীন রয়েছে।’