ট্রানজিটের মাশুল মানে রাজস্ব আদায় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, ট্রানজিটের মাশুল মানে রাজস্ব আদায় নয়। ট্রানজিট-সুবিধা পেতে অবকাঠামো ব্যবহারকারী রাষ্ট্র অন্য রাষ্ট্রকে ভূখণ্ড ব্যবহারের জন্য টাকা দেবে। এ অর্থ আদায়ের ক্ষেত্রে ব্যবহারী দেশকে ভর্তুকিসুবিধা দেওয়া যাবে না। আবার ব্যবহারকারীর প্রদেয় অর্থের হার নির্ধারণে অবকাঠামো নির্মাণের খরচের সঙ্গে নির্ধারিত মাত্রায় লাভের হার যুক্ত করা যাবে না। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোতে যোগাযোগব্যবস্থা শক্তিশালীকরণ-বিষয়ক সংলাপের উদ্বোধনী অধিবেশনে মশিউর রহমান এসব কথা বলেছেন। গতকাল বুধবার ঢাকায় শুরু হওয়া দুই দিনের এই সংলাপের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলবিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস-বিস) যৌথ আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।‘যোগাযোগ নেটওয়ার্ক, অর্থনৈতিক কল্যাণ ও পররাষ্ট্রনীতির প্রবণতা’ শীর্ষক মূল প্রবন্ধে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বর্তমানে দুই দেশের স্বল্পমেয়াদি বাণিজ্য ও ট্রানজিট চুক্তির কার্যকারিতা বাংলাদেশ ও ভারতের বিবেচনা করে দেখা উচিত। কেননা চুক্তিটি ট্রানজিটের অবকাঠামো উন্নয়নের অর্থায়ন প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বিসের পরিচালনা পর্ষদের প্রধান মুন্সি ফয়েজ আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তৃতা করেন সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদুল হক। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী। আরও বক্তৃতা করেন ইউএনএসকাপের প্রধান অর্থনীতিবিদ নাগেশ কুমার। মশিউর রহমান বলেন, দেশের সড়ক অবকাঠামো এ মুহূর্তে ট্রানজিট চালুর উপযোগী নয়। এমনকি দেশীয় যানবাহনের ভার নিতে অক্ষম যোগাযোগ নেটওয়ার্ক দুর্ঘটনাপ্রবণ। তবে সড়ক অবকাঠামো উন্নয়নের আগে সীমিত আকারে পরীক্ষামূলকভাবে পণ্য পরিবহনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তারিক আহমেদ সিদ্দিকী বলেন, এ অঞ্চলের কিছু সদস্য দেশ বাণিজ্য ও ট্রানজিট চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতির কারণে সমস্যার মুখোমুখি। এ ধরনের পরিস্থিতি পুরো অঞ্চলে সমন্বিত যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ট্রানজিট চালুর ক্ষেত্রে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে পারলে যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠা সহজতর হবে। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে নতুন সিল্ক রুট (আফগানিস্তান হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সঙ্গে ইউরোপের যোগাযোগ) প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে। এ ধরনের যোগাযোগ নেটওয়ার্ক বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করছে। যোগাযোগ নেটওয়ার্ক চালুর ক্ষেত্রে নিরাপত্তা ও লোকজনের চলাচলের বিষয়ে এক ধরনের ভারসাম্য থাকতে হবে। কারণ এ ধরনের যোগাযোগ নেটওয়ার্ক সন্ত্রাসীদের অবাধে চলাচলের সুযোগ করে দেয়। আর সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করা হলে তারা এই নেটওয়ার্কের ক্ষতি সাধন করতে পারে। সামগ্রিকভাবে যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে নিরাপত্তা এবং সন্ত্রাসবাদী তৎপরতার যে ঝুঁকি থাকবে তার মূল্যায়ন করা জরুরি। নাগেশ কুমার বলেন, যোগাযোগ নেটওয়ার্কের ক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম সংযুক্ত অঞ্চল। ফলে এ অঞ্চলের সম্ভাবনা বিকশিত হচ্ছে না এবং দুর্বল যোগাযোগব্যবস্থার কারণে আঞ্চলিক বিপণনব্যবস্থা গড়ে উঠছে না। সাম্প্রতিককালে এ অঞ্চলের বিভিন্ন দেশ ও জোটের পক্ষ থেকে সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ইউএনএসকাপ এসব উদ্যোগে সহযোগিতার মাধ্যমে সদস্য দেশগুলোর জ্বালানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে আগ্রহী। মুন্সি ফয়েজ আহমদ বলেন, যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে গুরুত্ব দিতে হবে, যাতে যোগাযোগ নেটওয়ার্কটি ব্যবহারের উপযোগী হয়। সেই সঙ্গে এ নেটওয়ার্কটি বিশ্বমানের করা এবং লোক চলাচলের স্বার্থে ভিসা প্রক্রিয়া শিথিল করার বিষয় বিবেচনায় নিতে হবে।