ট্রান্সফরমার চুরি ঠেকাতে ‘বাঁশ বান্ধা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় তিনটি বাঁশ ফটকের মতো করে রাখা। দিনের বেলা উঠিয়ে রাখা হলেও রাত ১২টার পর বাঁশ ফেলে তৈরি করা হয় নিরাপত্তাব্যবস্থা। ‘বাঁশ বান্ধা’ নামে প্রচলিত এ ব্যবস্থা সিলেট নগরের বিভিন্ন পাড়া-মহল্লায় নেওয়া হয়েছে। বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ঠেকাতে এলাকাবাসীর উদ্যোগে চালু হয়েছে এই কৌশল। বিদ্যুৎ বিভাগ ও এলাকাবাসীর পর্যবেক্ষণ সূত্রে জানা গেছে, নগরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয় মধ্যরাত থেকে শেষরাতের মধ্যে। সম্প্রতি নগরের জনবহুল শাহি ঈদগাহ, আম্বরখানা ও ইলেকট্রিক সাপ্লাই এলাকায় একই রাতে তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। শাহি ঈদগাহ এলাকার বাসিন্দা নূরুল আমিন জানান, রাত প্রায় দুইটার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অনেকের ধারণা ছিল লোডশেডিং বা বিদ্যুৎবিভ্রাট। কিন্তু রাত পাড় হয়ে সকালেও বিদ্যুৎ না আসায় শেষে দেখা গেল ট্রান্সফরমারটি চুরি হয়ে গেছে। একইভাবে নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকায় প্রায় দুই মাস আগে ট্রান্সফরমার চুরির একটি ব্যর্থ চেষ্টা হয়। এলাকাবাসীর অনেকে জানান, একদল লোক ট্রাক নিয়ে পুকুরপাড়ে ট্রান্সফরমারটি খুলতে থাকে। রাত প্রায় সাড়ে ১২টার দিকে বিদ্যুতের অবস্থা দেখতে কয়েকজন লোক ঘর থেকে বের হয়ে দেখেন বিদ্যুৎকর্মীদের মতো ট্রান্সফরমার খুলছে একটি দল। সঙ্গে তাদের বহনকারী একটি ট্রাকও ছিল। পাড়ার লোক দেখে তাড়াহুড়ো করতে গিয়ে ট্রান্সফরমারটি পুকুরে পড়ে যায়। ওই অবস্থায় চোরেরা পালিয়ে যায়। এরপর থেকে ওই পাড়ার মুখে টাইটানিক ভবনের কাছে তিনটি রাস্তার মুখে বাঁশ বান্ধা কৌশল অবলম্বন করা হচ্ছে। নূরানী আবাসিক এলাকার সামাজিক সংগঠনের সভাপতি আবদুল হামিদ জানান, সংঘবদ্ধ ট্রান্সফরমার চোরেরা যাতে বাহন নিয়ে আর পাড়ায় ঢুকতে না পারে, সে জন্য তিন রাস্তার মুখে তিনটি বাঁশ বান্ধা থাকে। রাত ১২টার পর থেকে বাঁশ ফেলে এলাকার নিরাপত্তাব্যবস্থা মজবুত করা হয়। এর পর থেকে আর চুরি হচ্ছে না বলে তাঁদের বাঁশ বান্ধা কৌশল অন্যান্য পাড়া-মহল্লায়ও প্রচলিত হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সূত্রে জানা গেছে, গত এক বছরে সিলেটে ৬৫টিরও বেশি ট্রান্সফরমার চুরি হয়েছে। বিদ্যুৎ বিভাগের হিসাবে যার বর্তমান বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। এলাকাবাসীর ধারণা, বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মচারীদের যোগসাজশে সংঘবদ্ধ কোনো চক্র ট্রান্সফরমার চুরি করে। চোরাই ট্রান্সফরমারগুলো মেরামত করে ফের বিদ্যুৎ বিভাগেই বিক্রি করা হয় বলে সরাসরি এমন অভিযোগও করেন এলাকাবাসী। তবে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টতার বিষয়ে কোনো মন্তব্য না করে সিলেট বিউবো-১-এর নির্বাহী প্রকৌশলী (ট্রান্সফরমার) সাইদুর রহমান জানান, সম্প্রতি কয়েকটি ট্রান্সফরমার চুরির ঘটনায় পুলিশ বিভাগও এ ক্ষেত্রে নজরদারি বাড়িয়েছে। গ্রাহকপর্যায় থেকে সচেতনতা থাকলে ট্রান্সফরমার চুরি ঠেকানো অসম্ভব কিছু না বলে তিনি মন্তব্য করেন। সরেজমিনে দেখা গেছে, সুবিদবাজারের পাশে অভিজাত মহল্লা হাউজিং এস্টেটে ঢোকার মুখে বিরাটাকার ফটক থাকলেও অভ্যন্তরীণ গলিপথের মুখে বাঁশ বান্ধা রয়েছে। একইভাবে নগরের অর্ধশতাধিক পাড়া-মহল্লায় বাঁশ বান্ধা দেখা গেছে। এতে পাহারাবাবদ এলাকাবাসীর মাসে অতিরিক্ত টাকা খরচ হলেও ট্রান্সফরমার চুরি ঠেকানোর সঙ্গে অন্যান্য চুরিও কমে গেছে। এলাকাবাসীর এমন উদ্যোগকে একধরনের সচেতনতা এবং এতে পুলিশ বিভাগের জন্য সহায়ক বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার অমূল্যভূষণ বড়ুয়া। তিনি বলেন, ‘রাতে মহানগর পুলিশের ছয়টি থানায় গড়ে তিনটি করে ১৮টি টহলদল নিয়োজিত থাকে। পুলিশের জনবল-সংকট থাকায় টহল পুলিশের আরও প্রয়োজন সত্ত্বেও আমরা তা দিতে পারছি না। এ অবস্থায় বিভিন্ন পাড়া-মহল্লার উদ্যোগে বাড়তি নিরাপত্তাব্যবস্থার এমন কৌশলকে আমরা সাধুবাদ জানাই।’