ট্রান্সফরমারের বিড়ম্বনা
প্রচণ্ড শব্দে ছেলে-বুড়ো সবার পিলে চমকে দিয়ে প্রায়ই নগরের বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গেই চলে যায় বিদ্যুৎ।মূল বিদ্যুতের তার থেকে গ্রাহকের দুয়ারে বিদ্যুৎ পৌঁছানোর আগে ট্রান্সফরমার দিয়ে বিদ্যুতের লোড কমাতে হয়। হালে বড় বড় অ্যাপার্টমেন্ট কিংবা বিপণিবিতানকে নিজেদেরই ট্রান্সফরমার বসাতে হয়। নগরের বেশির ভাগ গ্রাহক অবশ্য বিদ্যুৎ পাচ্ছে সরবরাহকারী কোম্পানিগুলোর বসানো ট্রান্সফরমার থেকে। কিন্তু ট্রান্সফরমার বিকল হয়ে প্রায়ই বন্ধ হয়ে যায় সরবরাহ। এ কারণে ভুগতে হয় গ্রাহকদের। আবার যাঁদের ঘরের জানালা বা বারান্দার পাশেই ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে ট্রান্সফরমার, তাঁদের মনে ভয় ধরিয়ে দেয় নিমতলীর অগ্নিকাণ্ডে বিস্ফোরিত ট্রান্সফরমারের কথা। অথচ উচ্চ আদালতের নির্দেশনা ঠিক ঠিক অনুরসণ করা হলে এত দিনে নগরের কোথাও ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রান্সফরমার থাকার কথা নয়।এদিকে শীত মৌসুম আসতেই নগরের বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরি হচ্ছে। যার জন্য বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুতের সরবরাহ। আবার নতুন করে ট্রান্সফরমার বসাতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) লিমিটেড ও ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো) লিমিটেড। ট্রান্সফরমার ঘিরে থাকা সমস্যাগুলো সমাধানে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে গ্রাহকেরা অভিযোগ করেছেন। অবশ্য ডিপিডিসি-ডেসকোর দাবি, তারা গ্রাহকদের সেবা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।বিকল হলেই ভোগান্তিপূর্ব নয়াটোলা জামে মসজিদের পাশ দিয়ে চলে যাওয়া গলির মুখটি দিয়ে এখন আর রিকশা ঢুকতে পারছে না। সেখানে বসানো হয়েছে একটি ভ্রাম্যমাণ ট্রান্সফরমার। এর পাশের সামান্য জায়গা দিয়ে হাঁটতে হচ্ছে কানা গলিটির বাসিন্দাদের। মসজিদের দোতলা ঘেঁষে খুঁটিতে থাকা ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় ভ্রাম্যমাণ (ট্রলি মাউন্ট্যান্ট) ট্রান্সফরমার বসিয়েছে ডিপিডিসি। তাদের সেবা নিয়ে এলাকাবাসীর অভিযোগ, এ বছর এ নিয়ে তিনবার স্থায়ী ট্রান্সফরমার বিকল হলো। বিকল হওয়ার পর অন্তত দিনের অর্ধেকটা বিদ্যুতের সংযোগ থাকে না।প্রচণ্ড শব্দে ছেলে-বুড়ো সবার পিলে চমকে দিয়ে প্রায়ই নগরের বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গেই চলে যায় বিদ্যুৎ। এর কারণ জানতে চাইলে ডিপিডিসি-ডেসকোর কর্মকর্তারা জানান, ভোল্টেজ ওঠা-নামার কারণে অনেক সময় ফিউজ কেটে যায়। এতে প্রচণ্ড শব্দ হলেও ভয়ের কিছু নেই। কারণ, এতে বৈদ্যুতিক দুর্ঘটনার তেমন আশঙ্কা নেই। ফিউজের তারটি আবার লাগিয়ে দিলে বিদ্যুতের সংযোগ চালু হয়ে যায়। তবে ট্রান্সফরমার যে লোড নিতে পারে, তার চেয়ে চাহিদা বেড়ে গেলেও ট্রান্সফরমারের ফিউজ কেটে যায়। সে ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা অনুযায়ী, ট্রান্সফরমার বসালেই তা বিকল হওয়ার আশঙ্কা কমে যায়। এ বিষয়ে ডিপিডিসির মগবাজার বিক্রয় ও বিতরণ বিভাগের নাম-পদবি প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, বৈদ্যুতিক খুঁটিতে যেসব ট্রান্সফরমার থাকে, এগুলো সাধারণত ২০০ কিলোভোল্ট বিদ্যুৎ সরবরাহ করতে পারে, যেগুলো ২৮০ থেকে ৩০০ অ্যাম্পায়ার বিদ্যুতের চাহিদা মেটাতে পারে। চাহিদা এর চেয়ে বেশি হলেই ট্রান্সফরমার বিকল হয়ে যায়। পূর্ব নয়াটোলায় এ ঘটনা ঘটেছে।এদিকে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, আপৎকালীন চাহিদা মেটাতে ডিপিডিসি-ডেসকোর প্রতিটি বিক্রয় ও বিতরণ বিভাগে এক থেকে দুটি করে ভ্রাম্যমাণ (ট্রলি মাউন্ট্যান্ট) ট্রান্সফমার আছে। কোনো এলাকার স্থায়ী ট্রান্সফরমার বিকল হয়ে গেলে এগুলো কাজে লাগানো হয়।নিরাপদ দূরত্বে সরেছে?ওয়াইজঘাটের একটি আবাসিক হোটেলের ঠিক গা ঘেঁষেই বৈদ্যুতিক খুঁটিতে আছে তিনটি ট্রান্সফরমার। পুরান ঢাকার একাধিক এলাকায় এভাবে আবাসিক ও বাণিজ্যিক ভবনের পাশে আছে ডিপিডিসির ট্রান্সফরমার। কোথাও কোথাও দোতলার জানালা ও বারান্দা থেকে এগুলোর নাগাল পাওয়া যায়। ট্রান্সফরমারের ফিউজ কেটে যাওয়ার শব্দে কেঁপে কেঁপে ওঠে ওসব ভবনে থাকা বাসিন্দারা।অথচ নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা বাস্তবায়িত হলে নগরের ট্রান্সফরমারগুলো ভবন থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার কথা।ওই অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে উচ্চ আদালতের নির্দেশনায় এরই মধ্যে নগরের ঝুঁকিপূর্ণ ট্রান্সফরমারের তালিকা তৈরি হয়েছে। তাতে দেখা যায়, ডিপিডিসি এলাকায় ঝুঁকিপূর্ণ ট্রান্সফরমারের সংখ্যা ১৮৭, আর ডেসকো এলাকায় ১৩৪। তালিকা করেই কি দায়িত্ব শেষ করেছে এ দুটি প্রতিষ্ঠান—এ বিষয়ে ডিপিডিসি সূত্র জানায়, তারা বাড়িওয়ালাদের সহায়তায় এরই মধ্যে ১৮টি ট্রান্সফরমার নিরাপদ দূরত্বে সরিয়ে এনেছে। আর অন্যগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে, বাড়িওয়ালারা ভবন দোতলা হয়ে যাওয়ার পর রাস্তার দিকে এগিয়ে এনেছেন বাড়ি। এ কারণে বাড়ি ট্রান্সফরমারের কাছাকাছি চলে এসেছে। এখন রাজউকের কাছে জানতে চাওয়া হয়েছে, বাড়িগুলো নির্মাণের নকশা লঙ্ঘিত হয়েছে কি না। যদি নকশা লঙ্ঘিত হয়, তবে নকশাবহির্ভূত অংশ ভেঙে দিলেই চলবে, তখন ট্রান্সফরমার আর সরাতে হবে না। একইভাবে কাজ করছে ডেসকো। তারা এরই মধ্যে ৫৮টি ট্রান্সফরমার নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে। এ বিষয়ে ডেসকোর মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) শাহজাহান মিয়া জানান, ২০১১ সালের মধ্যে তাঁদের সব ট্রান্সফরমার নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হবে।এদিকে ট্রান্সফরমার ঝুঁকিমুক্ত করতে ডেসকো তাদের এলাকাগুলোয় ‘প্যাকেজ টাইপ ট্রান্সফরমার’ বসানোর উদ্যোগ নিয়েছে। এতে একই সঙ্গে ট্রান্সফরমার, ১১ হাজার ভোল্টের গিয়ার ও লো ভোল্টেজ সুইচ গিয়ার যাত্রীছাউনির ছাদে বসানো হবে। এমন ছাদ পাওয়া না গেলে ফুটপাতের ওপর ভূমি থেকে অনেকটা ওপরে কাঠামো তৈরি করে তাতে বসানো হবে ‘প্যাকেজ টাইপ ট্রান্সফরমার’। এরই মধ্যে এ রকম ৫০টি ট্রান্সফরমারের ফরমায়েশ দেওয়া হয়েছে, যেগুলো জুন মাসের মধ্যে বসানো শুরু হবে। ট্রান্সফরমারজনিত দুর্ঘটনা প্রতিরোধে ও নগরবাসীকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে গত বছর ডিপিডিসি ৫০০টি উন্নত মানের ট্রান্সফরমার বসিয়েছে বলে জানান ডিপিডিসির পরিচালক (অপারেশন) এফ এম ফরিদুল হক।