ট্রাফিক আইন না জানায় সড়ক দুর্ঘটনার শিকার হন বাংলাদেশি হাজিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতা বা ঠিকমতো মেনে না চলার কারণে পবিত্র হজ পালন করতে আসা বাংলাদেশিরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। ইতিমধ্যে সড়ক দুর্ঘটনায় সুলতান মাহমুদ (৫৭) নামে একজনের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। অতীতে হজ পালন করতে এসে সড়ক দুর্ঘটনায় অনেক বাংলাদেশির মৃত্যু হয়েছে।মক্কায় কয়েক বছর ধরে বসবাসরত ঢাকার ওয়ারীর সিকদার মাহমুদুল ইসলাম জানান, বাংলাদেশি হজযাত্রীরা ট্রাফিক সিগন্যাল না মেনে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। হঠাৎ এভাবে দৌড় দেওয়ায় সৌদির গাড়িচালকেরা অপ্রস্তুত হয়ে পড়েন। কারণ, এ ধরনের পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা তাঁদের নেই। তিনি বলেন, অন্য দেশের হাজিরা দলবদ্ধভাবে চলাফেরা করেন। কিন্তু আমাদের দেশের হাজিরা উল্টো। অনেক বৃদ্ধ ব্যক্তি, বিশেষ করে গ্রাম থেকে হজে আসা ব্যক্তিরা ট্রাফিক আইন জানেন না। তাই তাঁরা সড়ক দুর্ঘটনার শিকার হন।১৮ বছর ধরে এ দেশে গাড়ি চালাচ্ছেন চুয়াডাঙ্গার আহসান রইছউদ্দিন মোল্লা। তিনি বলেন, সৌদি আরবের সড়কগুলো সাধারণত চার লেনবিশিষ্ট। ডানের লেনে ধীরগতির বড় গাড়ি চলে। বাঁয়ের লেনে চলে দ্রুতগতির গাড়ি। এখানকার ট্রাফিক আইন খুব কড়া। সিগন্যাল অমান্য করলে ৯০০ রিয়াল জরিমানা ও ২৪ ঘণ্টা কারাদণ্ড দেওয়া হয়।প্রবাসী বাংলাদেশিরা জানান, ‘আমাদের দেশের মতো সৌদি আরবে রিকশা বা ধীরগতির গাড়ি চলাচল করে না। রাস্তা চওড়া হওয়ায় এ দেশে দ্রুতগতিতে গাড়ি চলে। রাস্তায় পর্যাপ্ত ফুটওভারব্রিজ বা জেব্রা ক্রসিং নেই। থাকলেও অধৈর্য হাজিরা এসব খুঁজে দেখেন না। তবে হজের সময় সাধারণত মক্কা, মদিনা ও জেদ্দায় হাজিদের দেখলে গাড়ির গতি কমিয়ে দেওয়া হয়। কিন্তু নামাজের আগে ও পরে বাংলাদেশের বৃদ্ধ হাজিরা তাড়াহুড়ো করে রাস্তা পারাপারের চেষ্টা করেন। বায়ে-ডানে কিছুই খেয়াল করেন না। অনেকে লালবাতি বা সবুজ বাতি জ্বললে কী করতে হবে, তাও জানেন না। তাড়াহুড়ো না করে দলবদ্ধভাবে চলাচল করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।’হাজি খুঁজে দিলে রিয়াল: পবিত্র হজ পালন করতে সারা বিশ্বের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান মক্কা-মদিনায় সমবেত হন। ভাষার ভিন্নতাসহ নানা কারণে অনেকে নিজেদের বাসা খুঁজে পান না। অনেক সময় বাসার ঠিকানা হারিয়ে ফেলেন। দিগ্ভ্রান্ত এসব হাজিকে সাধারণত স্কাউট, রাস্তার পরিচ্ছন্নতাকর্মীসহ পথচারীরা গন্তব্য পৌঁছে দেন। সৌদি হজ মন্ত্রণালয় হারানো হাজিকে গন্তব্য পৌঁছে দিলে অর্থ দেওয়ার ব্যবস্থা রেখেছে।জানা গেছে, বাসা খুঁজে পাচ্ছেন না—বাংলাদেশি এমন কোনো হাজিকে কেউ বাংলাদেশ হজ মিশনে পৌঁছে দিলেই অর্থ পাবেন। অবশ্য প্রথমে হাজিকে পৌঁছে দিয়ে তাঁকে হজ মিশন কর্তৃপক্ষ থেকে স্লিপ সংগ্রহ করতে হবে। পরে ওই স্লিপ জমা দিলে রিয়াল পাবেন। স্লিপ যত বাড়বে আয়ও তত বাড়বে।জেদ্দা বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে গতকাল পর্যন্ত ৫৯ হাজার ৯৯৬ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। প্রতিদিন হজ বুলেটিনে তথ্য হালনাগাদ করা হয় এ ঠিকানায় www.hajj.gov.bd।