ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে বিআরটিসি বাসের চাবি তুলে দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদেরকে গণমাধ্যমসহ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ট্রাফিক আইন সম্পর্কে গণসচেতনতা গড়ে তুলতে হবে।’ তিনি বিআরটিসি বাসের সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমাদেরকে সরকারি খাতে বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে, যাতে করে বেসরকারি বাস যখন-তখন ভাড়া বৃদ্ধি করে মানুষের দুর্ভোগ বাড়াতে না পারে।’ তিনি বলেন, সব সময় মুনাফার কথা ভাবা ঠিক নয়। জনগণকে কীভাবে উন্নত পরিষেবা দেওয়া যায়, তা বিবেচনায় নিতে হবে।পরে প্রধানমন্ত্রী রাজধানীর ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে বিআরটিসি বাসের চাবি হস্তান্তর করেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটি হলো—ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের উপাচার্য ও অধ্যক্ষেরা প্রধানমন্ত্রীর হাত থেকে বাসের চাবি গ্রহণ করেন। বাসস।