ট্রাফিক পুলিশের ওপর দিয়ে চালানো হলো ট্রাক!
গাড়ির কাগজপত্র দেখতে চেয়েছিলেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। ট্রাকচালক তা না দেখিয়ে তাঁর ওপর চালিয়ে দিলেন ট্রাক। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। রিপন সরকার (২৮) নামের এক ট্রাকচালকের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাফিক পুলিশ হলেন নজরুল ইসলাম (৫০)। তিনি রাজশাহী জেলা ট্রাফিকের হাবিলদার পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। আটক হওয়া ট্রাকচালক রিপন সরকারের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার আখেরা গ্রামে। নিহত নজরুল ইসলামের সহকর্মী হাবিলদার আরশেদ আলীর ভাষ্য, কাগজপত্র দেখার জন্য ট্রাকটিকে থামানোর জন্য সংকেত দেন হাবিলদার নজরুল ইসলাম। কিন্তু চালক ট্রাকটি না থামিয়ে তাঁর ওপর তুলে দেন। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নজরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। ঘটনার প্রত্যক্ষদর্শী সোহরাব আলীর ভাষ্যমতে, নজরুল ইসলাম ও আরশেদ আলী সকাল থেকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের কালীতলায় মালবাহী বিভিন্ন ট্রাক থামিয়ে তাঁদের কাগজপত্র পরীক্ষা করছিলেন। দুপুর ১২টার দিকে রাজশাহীগামী (ঢাকা মেট্রো-ট-১১-০০৬৮) একটি মালবাহী ট্রাক থামাতে দূর থেকে সংকেত দেন নজরুল। চালক সংকেত অমান্য করতে যাচ্ছেন বুঝতে পেরে নজরুল ইসলাম রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ান। চালক তখন তাঁর ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেন। এতে নজরুলের কোমরের ওপর দিয়ে ট্রাকের একটি চাকা চলে যায়। পুলিশ জানায়, ট্রাকটি নওগাঁ থেকে চাল নিয়ে রাজশাহীর বাঘায় যাচ্ছিল। পুলিশকে চাপা দেওয়ার পরে চালক পালানোর জন্য রাস্তা পরিবর্তন করে বাঘায় না গিয়ে পার্শ্ববর্তী বাগমারা উপজেলায় ট্রাক নিয়ে ঢুকে পড়েন। মোহনপুর থানার পুলিশ বিভিন্ন থানায় ট্রাকটিকে আটক করার জন্য খবর পাঠিয়ে দেয়। পরে বাগমারা থানার পুলিশ ট্রাকটি আটক করে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, হাবিলদারের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক করার পর ট্রাকটি মোহনপুর থানায় নিয়ে আসা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা করা হবে। ট্রাকচালক রিপনের ভাষ্য অনুযায়ী ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটে।