ট্রাফিক শৃঙ্খলায় রোববার থেকে জোরালো অভিযান
রাজধানীর যান চলাচলে শৃঙ্খলা আনতে আবারও অভিযান ‘জোরালো’ করছে ঢাকা মহানগর পুলিশ। আগামী রোববার থেকে শুরু হবে এ অভিযান। ট্রাফিক সিগন্যাল বা লেন ভঙ্গ করলেই শাস্তি পেতে হবে চালক বা যানবাহনগুলোকে। ট্রাফিক পুলিশের পাশাপাশি রাস্তায় থাকবে অপরাধ বিভাগের (থানা) পুলিশও। আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক।এবারের অভিযানে ঢাকার রাস্তায় থাকবে ১৩টি দল। একজন উপকমিশনারের নেতৃত্বে এসব দলে পরিবহন মালিক ও শ্রমিকদের তিনজন করে প্রতিনিধিও থাকবেন।আর রমজান মাসে মার্কেট, বাণিজ্যিক এলাকায় যানজট কমাতে বিশেষ ব্যবস্থা নেবে পুলিশ। বিশেষ বিশেষ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ বা একমুখী করা হবে।তবে সংবাদ সম্মেলনে কমিশনারের শেষ কথা ছিল, ‘সবই তো পুরোনো কথা, আর কী বলব।’ শাস্তি বাড়ছে: এবারের অভিযানের বিশেষত্ব হচ্ছে শাস্তির পরিমাণ বৃদ্ধি। লেন, সিগন্যাল বা ট্রাফিক আইন ভঙ্গকারীদের ন্যূনতম এক হাজার টাকা জরিমানা ও তিন মাসের জন্য চালক লাইসেন্স স্থগিত রাখা হবে। সঙ্গে নিয়মিত শাস্তির বিধানগুলো তো রয়েছেই।উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরে ঢাকঢোল পিটিয়ে ‘জোরালো অভিযান’ শুরু করেছিল পুলিশ। যানবাহনের জন্য পৃথক লেন চালু করা হয়েছিল। সিগন্যাল বাতি মেনে চলার বিষয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছিল। কিন্তু কিছু দিনের মধ্যেই জোরালো অভিযান শিথিল হয়ে আসে। চালক-পুলিশেরা ভুলে যায় লেন পদ্ধতি, বাতির জায়গায় ফিরে আসে ট্রাফিকের হাত।কমিশনারের ভাষায়, ‘রাস্তা থেকে অপরাধ বিভাগের পুলিশ তুলে নেওয়ার পরই অভিযানে শিথিলতা নেমে আসে।’ তবে অচিরেই মহানগর ট্রাফিকে নতুন ৬৫০ জন লোক যোগ হচ্ছে বলে জানিয়েছেন কমিশনার।