ট্রুথ কমিশন অবৈধ ঘোষণার রায় আপিল বিভাগে বহাল
সত্য ও জবাবদিহিতা কমিশনকে (ট্রুথ কমিশন) অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ট্রুথ কমিশনে অনুকম্পা পাওয়া কয়েক ব্যক্তির করা আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) খারিজ করেছেন আদালত।গতকাল সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, এ আদেশের পর এখন দুর্নীতি দমন কমিশন আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।২০০৮ সালের ৮ জুন তখনকার তত্ত্বাবধায়ক সরকার ‘স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ-২০০৮’ জারি করে। দোষ স্বীকার করলে লঘু দণ্ড দিয়ে দায়মুক্তি দেওয়ার জন্য এর আলোকে গঠিত ট্রুথ কমিশন ওই বছরের ৩ আগস্ট থেকে কার্যক্রম শুরু করে। কমিশন থেকে ৫৫৬ জন মার্জনার সনদ পান। ২০০৯ সালের ২ জানুয়ারি কমিশন বিলুপ্ত হয়। তবে ওই অধ্যাদেশ ও কমিশন গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৮ সালের ২৫ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী আদিলুর রহমান খান, বেসরকারি সংস্থা উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, দীপু মনি (বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী) ও মানবাধিকার সংগঠন অধিকারের ভারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন যৌথভাবে হাইকোর্টে রিট করেন।২০০৮ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ-২০০৮ অবৈধ ঘোষণা করে রায় দেন। রায়ে ট্রুথ কমিশন গঠন এবং ট্রুথ কমিশন গঠনের পর এর কার্যক্রমও অবৈধ ঘোষণা করা হয়। তবে হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদালত রায়ের কার্যকারিতা স্থগিত করে লিভ টু আপিল দায়েরের নির্দেশ দেন। কিন্তু রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করেনি।ট্রুথ কমিশনে অনুকম্পা পাওয়া সড়ক ও জনপথ অধিদপ্তরের তৎকালীন নির্বাহী প্রকৌশলী মঞ্জুর আহমেদ ও কয়েকজন সাব-রেজিস্ট্রারসহ ৩০ ব্যক্তি লিভ টু আপিল করেন। এ আবেদনের ওপর গতকাল শুনানি শেষে আদালত তা খারিজ করে দেন।আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী তৌফিক নেওয়াজ, মো. আসাদুজ্জামান এবং লিভ টু আপিলকারী পক্ষে আইনজীবী আজমালুল হোসেন কিউসি মামলা পরিচালনা করেন।প্রতিক্রিয়া: আপিলকারীদের আইনজীবী আজমালুল হোসেন কিউসি সাংবাদিকদের বলেন, আদালত লিভ টু আপিল খারিজ করেছেন। ফলে হাইকোর্টের রায় বহাল রয়েছে।আইনজীবী মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ অনুকম্পা পাওয়া ব্যক্তিদের আপিলের অনুমতির আবেদন খারিজ করায় হাইকোর্টের রায় বহাল থাকল। ফলে ট্রুথ কমিশনে দায়মুক্তি পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নিতে পারবে।