ট্রুথ কমিশনে যাওয়া চার সাব-রেজিস্ট্রার চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসদাচরণ ও দুর্নীতির দায়ে চারজন সাব-রেজিস্ট্রারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। চাকরিচ্যুত হওয়া ওই চার সাব-রেজিস্ট্রার হলেন মুন্সিগঞ্জ সদরের সাব-রেজিস্ট্রার আজিজুর রহমান, সিলেট সদরের খন্দকার হুমায়ুন কবীর, ঠাকুরগাঁও সদরের দেওয়ান মোজাহার হোসেন ও গাজীপুরের টঙ্গীর সাব-রেজিস্ট্রার শাহাদাত্ হোসেন ভূঞা। এই চার সাব-রেজিস্ট্রার বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ট্রুথ কমিশনে গিয়েছিলেন।আজ বুধবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, অসদাচরণ ও দুর্নীতির কারণে ১৯৮৫ সনের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৪(৩) (ডি) বিধি মোতাবেক তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।অন্যদিকে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পঞ্চগড়ের তেঁতুলিয়ার সাব-রেজিস্ট্রার সুধীর কুমার সরকার, ফরিদপুরের আলফাডাঙ্গার সাব-রেজিস্ট্রার আবদুর রাজ্জাক এবং চট্টগ্রামের বোয়ালখালীর সাব-রেজিস্ট্রার মাজেদা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই তিনজনের বিরুদ্ধে মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে সাব-রেজিস্ট্রার পদে আত্তীকৃত হওয়ার জন্য জাল ও ভুয়া সনদ ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে।এর আগে গত জুন মাসে মুজিবনগর সরকারের কর্মচারীর ভুয়া পরিচয়ে চাকরি গ্রহণ করায় ১৩ সাব-রেজিস্ট্রারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।