ট্রুথ কমিশনের সব মামলা আবার তদন্ত করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলুপ্ত হওয়া সত্য ও জবাবদিহিতা কমিশন (ট্রুথ কমিশন) থেকে অনুকম্পা পাওয়া সরকারি চাকুরেদের বিষয়ে অনুসন্ধানে নামবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যেসব মামলা টু্রথ কমিশনে অনিষ্পন্ন অবস্থায় ছিল, সেগুলোও আবার তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।বড় দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের অপরাধ স্বীকারে উৎসাহিত করার মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ট্রুথ কমিশন গঠন করা হয়েছিল। সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদক থেকে ২৯৭টি মামলা অনুকম্পার জন্য পাঠানো হয় ট্রুথ কমিশনে। এর মধ্যে ২৪১টি মামলার ব্যাপারে সিদ্ধান্ত দেয় কমিশন। বাকি ৫৬টি মামলা নিষ্পত্তি করে যেতে পারেনি তারা। দুদক এখন এসব মামলা তদন্ত করবে। সূত্র জানায়, ট্রুথ কমিশন যে পর্যায়ে আত্মস্বীকৃত দুর্নীতিগ্রস্তদের বিভিন্ন মামলার সমাপ্তি টেনেছিল, সেখান থেকে আবার তদন্ত শুরু করার জন্য দুদক সম্প্রতি সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। ওই ব্যক্তিদের বেশির ভাগই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ, সম্পদের তথ্য গোপন, মানি লন্ডারিং, ঘুষ নেওয়া ও জালিয়াতির কথা স্বীকার করেছিলেন। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোর এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, ‘ট্রুথ কমিশনে নেওয়া দুদকের মামলার যেটি যেখানে থেমে ছিল, আমরা সেখান থেকেই সেই মামলার তদন্ত ও অনুসন্ধান শুরু করার নির্দেশ দিয়েছি।’দুদকের চেয়ারম্যান বলেন, ‘ট্রুথ কমিশন বলতে এখন আর কিছু নেই মানে এই নয় যে ওই অপরাধীরা ছাড়া পেয়ে যাবেন। নিজেরা নিজেদের দোষ স্বীকার করলেই তো আর মামলা শেষ হয়ে যায় না। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।’সম্প্রতি দুদক এক বৈঠকে এসব মামলা নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেয়। এ ছাড়া ট্রুথ কমিশনে নিষ্পত্তি হওয়া মামলাগুলোও পর্যায়ক্রমে দুদকের আইনের আওতায় এনে আবার বিচার করার সিদ্ধান্ত নেয় কমিশন।আইনমন্ত্রী শফিক আহমেদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, দুদক স্বাধীনভাবে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে এবং সে অনুযায়ী কাজ করতে পারে। এ বিষয়ে কারও কোনো বাধা দেওয়ার ক্ষমতা নেই। এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান।ট্রুথ কমিশনের নতুন করে তদন্ত শুরু করতে যাওয়া অনুকম্পা পাওয়া ও অনিষ্পন্ন মামলাগুলোর মধ্যে রাজউক, ওয়াসা, এলজিইডি, সিটি করপোরেশন, কাস্টমস, পাসপোর্ট, বিটিসিএল, এলজিআরডিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ ও কয়েকজন ব্যবসায়ীর নাম রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।আত্মস্বীকৃত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের ওই তালিকায় রয়েছেন বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক আইন উপদেষ্টা ফজলুল হকের ছেলে আফজাল হোসেন, বিএনপির নেতা সাবেক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব আবুল বাশার ভূঁইয়াসহ নানা শ্রেণী-পেশার মানুষ।দুদক জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা মোশারফ আহমেদ ঠাকুর, বিআরটিএর তৎকালীন সহকারী পরিচালক (প্রকৌশল) আমিনুল হক, বিআরটিএর তৎকালীন চেয়ারম্যান (বর্তমানে ওএসডি) কামরুল হাসান, নির্বাহী প্রকৌশলী (প্ল্যানিং বিভাগ-২) আবদুল আজিম জোয়ার্দার, নির্বাহী প্রকৌশলী (সওজ, সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণ বিভাগ-৩) সানাউল হক, আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন বিভাগের ১৩ কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি সেবা সংস্থা ও অন্যান্য দপ্তরের দুর্নীতিপরায়ণ শীর্ষস্থানীয় ব্যক্তিরা ট্রুথ কমিশনের অনুকম্পা লাভ করেছিলেন। এখন দুদক তাঁদের মামলাও তদন্ত করবে।দুদকের দায়ের করা দুর্নীতি মামলার আসামিদের মধ্যে যাঁরা অভিযোগের সত্যতা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করবেন, তাঁদের জন্য বিতর্ক উপেক্ষা করেই সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সত্য ও জবাবদিহিতা কমিশন গঠন করেছিল। এ লক্ষ্যে ‘স্বঃপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ-০৮’ জারি করা হয়। এই অধ্যাদেশের আওতায় দুর্নীতির দায় স্বীকারের মাধ্যমে জরিমানা দেওয়া সাপেক্ষে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষমা করতে ২০০৮ সালের ৩ আগস্ট ট্রুথ কমিশন যাত্রা করে।ঘোষিত উদ্দেশ্য যা-ই হোক, ট্রুথ কমিশন নিয়ে একপর্যায়ে সব মহলের মধ্যে প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়। কমিশনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটও করা হয়। ২০০৯ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট ট্রুথ কমিশনকে অবৈধ ঘোষণা করেন।দুর্নীতির বিষয়ে নজরদারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, যাঁরা স্বেচ্ছায় নিজেদের দুর্নীতির কথা স্বীকার করেছেন, তাঁদের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলাবিধি অনুযায়ী বিভাগীয় শাস্তির প্রক্রিয়া শুরু করা উচিত।