ট্রেড লাইসেন্স করতে গিয়ে মানুষের ভোগান্তির শেষ নেই। বিষয়টি নিয়ে বাস্তব চিত্র জানতে যাই ঢাকা সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় ৬-এ (কারওয়ান বাজার)। নিজের পরিচয় গোপন রেখে তথ্যকেন্দ্রে গিয়ে জানতে চাই, একটা ট্রেড লাইসেন্স করব। কোথায়, কীভাবে করতে হবে। কর্তব্যরত ব্যক্তি একজন কর্মচারীকে ডেকে বললেন, ‘একটা ফরম এনে দেন।’ ওই কর্মচারী বললেন, ‘৩০ টাকা দেন।’ ৩০ টাকা কেন? মূল্য তো ১০ টাকা। উত্তরে বলেন, ‘আমাদের কিছু দেবেন না।’ পরের ঘটনা আরও হতাশার। বললাম, আমার কাছে ফরম আছে এবং প্রয়োজনীয় কাগজপত্রও আছে। কোথায় টাকা জমা দেব বা কোথায়, কী করব? বলে দেন শুধু। উত্তরে ওই কর্মকর্তা লেন, ‘নিজে করতে গেলে ঝামেলায় পড়বেন। তার চেয়ে নির্ধারিত খরচ ১৩০০+৩০০=১৬০০ এবং এর সঙ্গে আমাকে আর এক হাজার ৫০০ টাকা দেন। আপনাকে কিছুই করতে হবে না। সব আমিই করে দিব।’ এই হলো চিত্র।ঘটনার এখানেই শেষ নয়। চলে যাই ট্রেড লাইসেন্স বিতরণ শাখায়। একই কথা বলি একজনকে। ওই কর্মকর্তা বলেন, ‘চলেন, বাইরে যাই।’ তাঁর সঙ্গে অফিসের নিচে এলাম। চা খেতে বললেন। বললাম, না। আমার কাছ থেকে সব শুনে বললেন, ‘১৬ টাকা ফি আর আমাকে দিতে হবে আড়াই হাজার টাকা।’ এত টাকা আপনাকে দিতে হবে। একটু কমান না, ভাই। উত্তরে বলেন, ‘আমার খরচটা একটু বেশি। কারণ, আমি কাজ নিয়ে কাউকে ঘুরাই না। সময়মতো ট্রেড লাইসেন্স করে দিই।’ কথা শেষ করে তিনি মোবাইল নম্বর দিয়ে চলে গেলেন। পরে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় দেখি, সিঁড়িতে দুজনের কথা-কাটাকাটি চলছে। একজনের অভিযোগ, এক সপ্তাহ আগে তাঁকে ট্রেড লাইসেন্স তুলে দেওয়ার কথা। কিন্তু এখনো পাননি। টাকা নিয়েছেন দুই হাজার। আর ওই দালালের অভিযোগ, ‘আপনার দেওয়া ঠিকানা সঠিক নয়। তাই খরচ বাবদ আরও এক হাজার টাকা দিতে হবে।’ওপরের সব কটি ঘটনাই সম্প্রতি ঢাকা সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় ৬-এ ঘটে। আগ্রহী ব্যবসায়ী, উদ্যোক্তা যাঁরা ট্রেড লাইসেন্স নিয়ে বৈধভাবে ব্যবসা করতে চান, তাঁদের ট্রেড লাইসেন্স করতে গিয়ে এমন ভোগান্তিতে পড়তে হয় হামেশা।ঢাকা সিটি করপোরেশনের বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে নতুন ট্রেড লাইসেন্স করতে বা পুরোনো ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে মানুষের নানা রকম ভোগান্তি এবং কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ ঘুষ নেওয়া বা নানা অজুহাতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ সম্পর্কে ঢাকা সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (উপসচিব) মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন ট্রেড লাইসেন্স করতে বা পুরোনো ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তি ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করিয়ে দেওয়ার নামে অবৈধভাবে টাকা নেওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই। আর আমাদের কর্মকর্তারা এসব কাজে জড়িত থাকার কথাও নয়।’ তিনি আরও বলেন, ‘কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে যদি অভিযোগ পাওয়া যায় বা করেন কিংবা আপনাদের কাছে যদি কোনো তথ্য-প্রমাণ থাকে, তা আমাদের জানালে আমরা অবশ্যই তদন্ত করে দেখব। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আমরা অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’