ট্রেডমার্ক নিবন্ধন করতে হলে...
সাধারণত ব্যবসার ক্ষেত্রে কোনো পণ্যকে অন্য পণ্য থেকে পৃথক করার জন্য ট্রেডমার্ক ব্যবহার করা হয়। ট্রেডমার্ক নিবন্ধন করা খুবই জরুরি। কোনো মার্কের নিবন্ধন করা ওই পণ্য এবং ওই পণ্যের মতো অন্য পণ্যের ক্ষেত্রে মার্কটি ব্যবহারের বিষয় রেজিস্টার্ড মালিকের নিজস্ব অধিকার। রেজিস্টার্ড মালিকের অনুমতি ছাড়া ওই পণ্য অথবা অনুরূপ পণ্যে আর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ওই মার্কটি ব্যবহার করতে পারবে না। রেজিস্টার্ড মার্কটি সুপরিচিত হলে অন্যান্য পণ্য বা সেবার ক্ষেত্রেও মালিকের অধিকার প্রতিষ্ঠিত হবে। আইনে সুস্পষ্টভাবে এ অধিকারের কথা বলা আছে। এ অধিকার লঙ্ঘিত হলে আদালতে মামলা করে প্রতিকার পাওয়া যাবে। সাধারণত ট্রেডমার্ক নিবন্ধন দেওয়া হয়ে থাকে সাত বছরের জন্য। তবে মেয়াদোত্তীর্ণ হওয়ার আগে আবেদন করলে ১০ বছরের জন্য নবায়ন করা যায়। ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন করতে হলে: পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রার বরাবরে টিএম ফরম-১/২/৩-এ নিবন্ধনের আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ব্যাংক ড্রাফট বা পেমেন্ট অর্ডারের মাধ্যমে প্রয়োজনীয় আবেদন ফি জমা করতে হয়।সরকার নিবন্ধনের আবেদনপত্র বিক্রি করে না বা সরবরাহও করে না। সব ধরনের ফরম ট্রেডমার্ক বিধিমালার তফসিল-২-এ দেওয়া আছে। এ অধিদপ্তরের ওয়েবসাইট নম্বর www.dpdt.gov.bd থেকে যেকোনো ফরম ডাউনলোড করা যেতে পারে। দীর্ঘস্থায়ী কাগজে ফরম প্রিন্ট দিতে হবে।আবেদনকারী নিজে অথবা কৌঁসুলি অথবা ট্রেডমার্ক এজেন্টের মাধ্যমে ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন করতে পারেন। কৌঁসুলি অথবা এজেন্টের মাধ্যমে আবেদন করা হলে আবেদনকারীর পক্ষে কৌঁসুলি অথবা এজেন্ট ফর্মে স্বাক্ষর করবেন।নিজে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রতিষ্ঠানটি যদি একক মালিকানাধীন ফার্ম হয়, তাহলে প্রোপ্রাইটর নিজে স্বাক্ষর করবেন, যৌথ মালিকানাধীন ফার্ম হলে যেকোনো একজন পার্টনার স্বাক্ষর করবেন, কোম্পানি বা বডি করপোরেট হলে ডাইরেক্টর বা সচিব অথবা কোম্পানি বা করপোরেশন কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যেকোনো পদস্থ কর্মকর্তা স্বাক্ষর করবেন।আবেদনকারী অ্যাসোসিয়েশন অব পারসনস হলে সংস্থার প্রেসিডেন্ট, চেয়ারম্যান বা সংস্থা কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যেকোনো পদস্থ কর্মকর্তা আবেদনকারী ফরম পূরণ করতে পারবেন। স্বাক্ষরকারী যে-ই হোন না কেন, স্বাক্ষরের নিচে তাঁর নাম ও পদবি স্পষ্ট অক্ষরে লিখতে হবে। তা না হলে ওই আবেদন প্রত্যাখ্যানযোগ্য হবে। আবেদন ফরম স্পষ্ট অক্ষরে লিখে পূরণ করতে হবে। টাইপ করে বা কম্পিউটারে কম্পোজ করেও ফরম পূরণ করা যাবে। নিবন্ধনের জন্য মার্কের ছয়টি অতিরিক্ত ফরম দাখিল করতে হবে। জেনে নিন আপনার পণ্য ও সেবা কোন শ্রেণীভুক্ত: প্রথমেই পণ্য ও সেবার আন্তর্জাতিক শ্রেণীবিভাগ অনুযায়ী আপনার পণ্য বা সেবা কোন শ্রেণীভুক্ত আপনাকে আবেদন ফরম ও অতিরিক্ত ফরমে তা লিখতে হবে। ট্রেডমার্ক আইন ২০০৯ অনুযায়ী পণ্য বা সেবার আন্তর্জাতিক শ্রেণীবিভাগ অর্থ ওয়ার্ল্ড ইনটেলেকচুয়াল প্রোপার্টি অরগানাইজেশন (ডব্লিউআইপিও) কর্তৃক গৃহীত শ্রেণীবিভাগ বা নাইস এগ্রিমেন্ট কনসার্নিং দ্য ইন্টারন্যাশনাল ক্ল্যাসিফিকেশন অব গুডস অ্যান্ড সার্ভিস ফর দ্য পারপজেস অব দ্য রেজিস্ট্রেশন অব মার্কস অনুসারে আন্তর্জাতিক শ্রেণীবিভাগ। আবেদন দাখিলের পর: আপনার আবেদনটি দাখিলের পর এটি আইনানুগ বা ট্রেডমার্ক বিধি অনুযায়ী হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হয়। আবেদন ত্রুটিপূর্ণ বা আপত্তিকর হলে আপনাকে তা লিখিত জানিয়ে দেওয়া হবে। আপনি জবাব প্রদান বা শুনানির সুযোগ পাবেন। জবাব সন্তোষজনক না হলে আপনার আবেদন প্রত্যাখ্যান করা হবে। এবং আপনি নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আবেদনটি পরিত্যক্ত ঘোষণা করা হবে। আবেদনের বিষয়ে কোনো আপত্তি না থাকলে বা আপত্তির ক্ষেত্রে প্রদত্ত জবাব সন্তোষজনক হলে আবেদনটি জার্নালে প্রকাশের সিদ্ধান্ত নিয়ে আপনাকে জার্নাল ফি জমা দিতে বলা হবে।আবেদনের বিরোধিতা: জার্নালে প্রকাশের দুই মাসের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি আবেদনটির বিরোধিতা করতে পারেন। বিরোধিতা হলে একটি বিরোধিতার মামলা হবে। মামলার ফলাফল নিবন্ধন আবেদনকারীর বিপক্ষে গেলে নিবন্ধনের আবেদনটি প্রত্যাখ্যান করা হবে। এবং ফলাফল নিবন্ধন আবেদনকারীর পক্ষে হলে নিবন্ধন প্রদানের লক্ষ্যে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ নিবন্ধনের বিরোধিতা না করলে অথবা বিরোধিতার মামলার ফলাফল নিবন্ধনের আবেদনকারীর অনুকূলে হলে নিবন্ধন সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে আবেদনকারীকে নিবন্ধন ফি প্রদান করতে বলা হবে।ট্রেডমার্ক আইনে যেসব মার্ক নিবন্ধনে নিষেধাজ্ঞা রয়েছে: সাধারণত ট্রেডমার্ক আইনে যেসব মার্ক নিবন্ধনে নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো হলো— কুৎসামূলক বা দৃষ্টিকটু মার্ক; বিদ্যমান কোনো আইনের পরিপন্থী মার্ক প্রতারণামূলক বা বিভ্রান্তি সৃষ্টিকারী মার্ক, বাংলাদেশের নাগরিকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করতে পারে এমন মার্ক; কোনো দেশ, আন্তর্জাতিক সংস্থা বা অফিসের নাম, মনোগ্রাম, মানচিত্র, পতাকা, জাতীয় প্রতীকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো মার্ক; অন্য কারণে আদালতে আশ্রয় লাভে অধিকারী নয় এবং অসৎ উদ্দেশ্যে বা অসদুপায়ে করা আবেদন।