ট্রেন-জিপ সংঘর্ষে প্রগতির ৫ কর্মকর্তা-কর্মচারী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড রেল ক্রসিংয়ে আজ বুধবার চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন একটি জিপকে ধাক্কা দিলে পাঁচজন নিহত এবং একজন আহত হয়েছে। তাঁরা বাড়বকুণ্ডের প্রগতি ইন্ড্রাটিজের হিসাব বিভাগের কর্মকর্তা-কর্মচারী।চট্টগ্রামের পুলিশ সুপার মো. জেড এ মোরশেদ প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে ট্রেনটি সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে প্রগতি ইন্ড্রাটিজের সামনের রেলপথে ওই প্রতিষ্ঠানের একটি জিপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ইঞ্জিনজনিত ত্রুটির কারণে ট্রেনটি দুর্ঘটনাস্থলে আটকা পড়েছিল। পরে ১২টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। কারখানার ব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ রেহান উদ্দিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় জ্যেষ্ঠ হিসাব কর্মকর্তা তোফায়েল আহমেদ, হিসাব বিভাগের কর্মচারী সালেহ আহমদ, কাজল বড়ুয়া, চালক মোহাম্মদ মোরশেদ ও নিরাপত্তী কর্মী খায়রুল নিহত হয়েছেন।