ট্রেন থেকে ফেলে যাত্রী হত্যা, গ্রেপ্তার ৭
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে ফেলে তিন যাত্রীকে হত্যার ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় হত্যা ও ডাকাতি মামলা হয়েছে। ওই ঘটনায় নিহত বিজয়নগর উপজেলার নলগরিয়া গ্রামের সাহানা বেগমের স্বামী মুসলিম মিয়া অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির অভিযোগ এনে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।আখাউড়া রেলওয়ে থানার পুলিশ সূত্র জানায়, ওই ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মারধরের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয় নাছিরনগর উপজেলার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলমকে। তিনি আখাউড়ার বাসিন্দা। তিনি থানায় গিয়ে গ্রেপ্তার হওয়া লোকজনকে দেখেছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ডাকাতেরা ছিল প্রায় আটজন। তাদের মধ্যে তিনজনকে তিনি চিনতে পারবেন। থানা হাজতে যাদের দেখেছেন, তাদের মধ্যে ঘটনায় জড়িত কেউ নেই বলে জানান তিনি।আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলো ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের ধরতে পুলিশ চেষ্টা করছে।