ট্রেন দুর্ঘটনা: নরসিংদীতে উদ্ধারকাজে ঢিলেঢালা ভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির কারণে নরসিংদীতে ট্রেন দুর্ঘটনার উদ্ধারকাজ চলছে ঢিলেঢালা ভাবে। দুর্ঘটনার কারণ তদন্তে তিনটি কমিটি হয়েছে। এদিকে নরসিংদী থেকে চট্টগ্রামগামী কোনো সরাসরি ট্রেন ও বাস না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।রেলওয়ের তদন্ত কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম জানান, এখন পর্যন্ত তদন্ত কমিটি এ ব্যাপারে অনেকটাই নিশ্চিত যে সিগনাল ঠিক ছিল। কেবল চট্টলা ট্রেনের চালক তা অমান্য করায় দুর্ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে তাঁরা আশা করছেন। তবে এখন পর্যন্ত যে ট্রেনগুলো চলছে, সেগুলোর যাত্রা গড়ে তিন থেকে চার ঘণ্টা বিলম্বিত হচ্ছে। নজরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে আট কোটি টাকা হবে। দুটি ট্রেনের ইঞ্জিন, চট্টলার তিনটি বগি এবং মহানগরের একটি বগির খুবই ক্ষতি হয়েছে। ইঞ্জিন দুটি হয়তো ব্যবহার করা যাবে, তবে বগিগুলো আর কাজে আসবে না।এদিকে ঘটনাস্থলে উপস্থিত জাহানার বেগম জানান, তাঁর ছেলে ইউনুস মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে মহানগর গোধূলিতে উঠিয়ে দেওয়া হয়। এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনটিও বন্ধ। বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়েও তার হদিস মেলেনি। তাঁর অভিযোগ, ইউনুসের লাশ গায়েব করা হয়েছে। নরসিংদীর হাসনাবাদ এলাকার দেলোয়ার হোসেন জানান, তাঁর শ্বশুর মহানগর গোধূলিতে ছিলেন। বেলা সাড়ে তিনটায়ও তাঁর সঙ্গে কথা হয়েছে। কিন্তু এখন তাঁর লাশ পাওয়া যাচ্ছে না। তাঁর লাশ গায়েব করা হয়েছে বলে তিনিও অভিযোগ করেন।