ট্রেন পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের গুলিতে নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন নিহতের জেরে আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন পোড়ানো ও স্টেশন ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। উভয় মামলায় ৪০০ থেকে ৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।ট্রেন পোড়ানোর ঘটনায় আজ শুক্রবার মামলা করেন এগারসিন্দুর ট্রেনের পরিচালক আ. বারি। আর নরসিংদী স্টেশনে ভাঙচুরের ঘটনায় গতকাল বৃহস্পতিবার অপর মামলাটি করেন ওই স্টেশনের মাস্টার মরণ চন্দ্র দাস।ভৈরব রেলওয়ে থানা-পুলিশ জানায়, লোকমান হোসেন নিহতের ঘটনায় জেলা ছাত্রলীগ ৭২ ঘণ্টার হরতাল ডাকে। হরতালের প্রথম দিন গত বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর ট্রেনটিতে সকাল ১০টার দিকে নরসিংদী স্টেশন এলাকায় আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এতে ট্রেনের নয়টি বগি পুড়ে যায়। এজাহারে ট্রেন পোড়ানোর ঘটনায় আর্থিক ক্ষতি নির্ধারণ করা হয়েছে এক কোটি ৮৮ লাখ ২৫ হাজার।মেয়র নিহত হওয়ার দিন গত মঙ্গলবার রাতে বিক্ষুব্ধ জনতা রেলওয়ে স্টেশনে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এতে স্টেশনের প্ল্যাট ফরম, বিভিন্ন কার্যালয়, সিগন্যাল ও টেলিযোগাযোগ বিভাগে ক্ষতি হয়। ওই মামলায় আর্থিক ক্ষতি ধরা হয়েছে তিন কোটি ৬৫ লাখ ২২ হাজার ৮০০ টাকা। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের দুটি মামলা দায়েরের বিষয় নিশ্চিত করেছে। গত মঙ্গলবার রাত আটটার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে লোকমান হোসেনকে গুলি করে হত্যা করা হয়।