ট্রেন-সংকটে কমলাপুরে আটকা ২৪০ কনটেইনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুরগামী হানজিন সুরাবাইয়া জাহাজে তুলে দিতে কমলাপুর ডিপোতে জড়ো করা হয় রপ্তানিপণ্যের চারটি কনটেইনার। জাহাজটি নির্ধারিত সময় ৮ এপ্রিল বন্দর ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশে চলে গেছে। কিন্তু পণ্যগুলো কমলাপুর ডিপোতেই পড়ে আছে। কনটেইনারবাহী ট্রেনের অভাবে গত ১১ দিনে কমলাপুর ডিপো থেকে ২৪০ একক কনটেইনার চট্টগ্রাম বন্দরে এনে জাহাজে তুলে দেওয়া যায়নি। কিন্তু সূচি মেনে সংশ্লিষ্ট সব কটি জাহাজকে বন্দর ছেড়ে গন্তব্যে চলে যেতে হয়েছে। ২ এপ্রিল থেকে এসব কনটেইনারভর্তি রপ্তানিপণ্য পড়ে আছে কমলাপুরে। এসব পণ্যের সিংহ ভাগই তৈরি পোশাক বলে জানা গেছে। জানা গেছে, সিএমএ সিজিএম বাংলাদেশ লিমিটেডের ২০টি কনটেইনার যাওয়ার কথা ছিল স্টেড মনসুন জাহাজে। ৫ এপ্রিল জাহাজটি মালয়েশিয়ার উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে। জাহাজ ও কনটেইনারের মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিএমএ সিজিএমের ৬৮টি, মার্কস বাংলাদেশ লিমিটেডের ৭৩টি, হানজিন শিপিং (বিডি) লিমিটেডের সাতটিসহ মোট ২৪০ একক কনটেইনার শুধু ট্রেনের অভাবে চট্টগ্রাম বন্দরে নিয়ে জাহাজে তুলে দেওয়া সম্ভব হয়নি। এসব জাহাজ শুধু চট্টগ্রামের বেসরকারি ডিপো থেকে রপ্তানিপণ্যের কনটেইনার নিয়ে বিদেশি বন্দরের উদ্দেশে ছেড়ে গেছে।সিএমএ সিজিএম বাংলাদেশ লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘ঢাকার কমলাপুর ডিপোতে ২ এপ্রিল থেকে আমাদের ৬৮ একক কনটেইনার পড়ে থাকলেও ট্রেন না পাওয়ায় একটিও জাহাজীকরণ করা যায়নি। যে চারটি জাহাজে এসব কনটেইনার তুলে দেওয়ার কথা ছিল, সব কটি বন্দর ছেড়ে গেছে।’রেল-সংকটের বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মো. বেলাল উদ্দিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, নাশকতার কারণে সম্প্রতি কুমিল্লায় রেলের একটি ইঞ্জিন অচল হয়ে যায়। আবার টানা হরতাল-সহিংসতায় জরুরি প্রয়োজন মোকাবিলায় রেলের চারটি ইঞ্জিন চারটি স্টেশনে সব সময় প্রস্তুত রাখতে হয়েছে। ফলে কনটেইনার পরিবহনের জন্য ইঞ্জিন বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। তিনি এও বলেন, ‘নাশকতা এড়াতেও সীমিত আকারে কনটেইনার পরিবহন করতে হয়েছে। এ কারণে কিছু রপ্তানি পণ্যভর্তি কনটেইনার কমলাপুরে জমে গেছে। এখন দুই দিনে তিনটি করে ইঞ্জিন বরাদ্দ দেওয়া হচ্ছে। আশা করি, রপ্তানি কনটেইনার আর কমলাপুরে জমে থাকবে না।’ মার্কস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) মতিউর রহমান জানান, ১ এপ্রিল ৩০টি জাহাজ কোম্পানি ও কনটেইনার মালিকের প্রতিনিধি রেলওয়ের মহাপরিচালকের কাছে চিঠি দিয়ে জানিয়েছে, রেলওয়ে সেবা প্রদানে ব্যর্থ হওয়ায় রপ্তানি পণ্যের কনটেইনার জাহাজীকরণ সম্ভব হচ্ছে না। এ কারণে বিদেশি ক্রেতা হারানোর শঙ্কার কথাও তুলে ধরা হয় চিঠিতে। বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, এসব রপ্তানি পণ্য ক্রেতার হাতে সময়মতো যাচ্ছে না, এটা নিশ্চিত। এটা নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রেও প্রভাব ফেলবে। রপ্তানি পণ্য জাহাজীকরণ না হওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষকে গত ১০ দিনে তিনটি চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার একটি চিঠিতে বলা হয়, দিনে গড়ে দুটি ট্রেন দেওয়ার কথা থাকলেও এ মাসের প্রথম ১১ দিনে মাত্র আটটি ট্রেন দেওয়া হয়েছে। আবার কমলাপুর থেকে বন্দরে আসতে ট্রেনের সময় লাগছে ৩০-৪০ ঘণ্টা। এ কারণে ২৪০ একক রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জমে গেছে কমলাপুরে।গতকাল শনিবার আরেকটি চিঠিতে বলা হয়, রপ্তানি পণ্যভর্তি কনটেইনার চট্টগ্রামে পাঠানো না গেলে রপ্তানিকারকের মধ্যে আস্থাহীনতা তৈরি হবে। এ নিয়ে ব্যবহারকারীরা নিয়মিত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।