ঢাকা-দিনাজপুর রেলপথে আন্তনগর দ্রুতযান ট্রেনটির চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। গত সোমবার সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনটি জ্বালিয়ে দেন বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরা।রেললাইনের ধারেই ছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা। সেই জনসভার লোকজন রেললাইনের ওপর দাঁড়িয়ে-বসে ছিলেন। চালক একনাগাড়ে হুইসেল দিলেও তাঁরা সরেননি। এ সময় ট্রেনে কাটা পড়ে ছয়জনের মৃত্যু হয়। এরপর তাঁরা ট্রেনে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেন।রেলওয়ে সূত্র জানায়, আগুনে ট্রেনের সব বগি পুড়ে গেছে। ট্রেনের বিদ্যুতের উৎস যে বগিতে (পাওয়ার কার), সেটাও সম্পূর্ণ পুড়ে গেছে। ইঞ্জিনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় কবে নাগাদ ট্রেনটি চালু করা যাবে, তা নিশ্চিত করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।রেলওয়ে সূত্র আরও জানায়, আগুনে পোড়া ২৯১৭ সিরিয়ালের ইঞ্জিনটি রেলওয়ের সর্বশেষ সংযোজন। ২০০৪ সালে কোরিয়া থেকে প্রায় ২৫ কোটি টাকায় এটি কেনা হয়। দ্রুতযান ১১টি বগি নিয়ে চলাচল করত। এই ট্রেনের জন্য বিকল্প কোনো বগিও নেই। এ ছাড়া রেলওয়েতে ইঞ্জিন ও বগির সংকট প্রকট। এ অবস্থায় পোড়া ইঞ্জিন ও বগি মেরামত করা না হলে পুনরায় ট্রেনটি চালু করা সম্ভব হবে না বলে রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘রেলওয়ের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তার পরও ইঞ্জিন-বগি জোড়াতালি দিয়ে ট্রেনটি কীভাবে চালানো যায়, সে চেষ্টা করছি।’ তিনি বলেন, উত্তরবঙ্গে চলাচলকারী ট্রেনের মধ্যে দ্রুতযান, একতা ও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনেই যাত্রী বেশি। দ্রুতযান বন্ধ হওয়ায় ওই অঞ্চলের মানুষের সমস্যা হবে।রেলওয়ের একটি সূত্র জানায়, প্রাথমিকভাবে ট্রেনটি মেরামতে ২৩ কোটি টাকা ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে টাকা বরাদ্দ সাপেক্ষে ইঞ্জিনটি চালু করতে অন্তত তিন মাস লাগবে। প্রতিটি বগি ব্যবহারের উপযোগী করতে লাগবে তিন থেকে চার মাস। ট্রেনটি আগুনে পোড়ার পরই পার্বতীপুরে নিয়ে যাওয়া হয়। গতকাল বুধবার বিকেলে ট্রেনের সব বগি সৈয়দপুর মেরামত কারখানায় স্থানান্তর করা হয়।জানা গেছে, রেলওয়েতে ইঞ্জিন, বগির পাশাপাশি চালক (লোকো মাস্টার), পরিচালক (গার্ড), পাওয়ার কারের ব্যাপক সংকট রয়েছে। ট্রেনে আগুন দেওয়ার কারণে সংকট আরও বেড়ে গেছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক আনহার মাহমুদ প্রথম আলোকে বলেন, কোচের স্টিলের প্লেটও গলে গেছে। ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ২৩ কোটি টাকা ক্ষতি নিরূপণ করা হয়েছে। তদন্ত কমিটি সব বিবেচনা করে দেখছে। তিনি জানান, বিকল্প পাওয়ার কার একেবারেই নেই। ইঞ্জিন-কোচেরও সংকট। এ অবস্থায় ট্রেন কবে চালু হবে, তা বলা যাচ্ছে না।রেলওয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে মোট ইঞ্জিন আছে মাত্র ২৮৬টি। বগির সংখ্যা মোট এক হাজার ৪০০। এর মধ্যে অন্তত ৩০০ বগি সৈয়দপুর মেরামত কারখানায়। প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় সেগুলো মেরামত করা যাচ্ছে না বলে কারখানার একজন কর্মকর্তা জানিয়েছেন।ইঞ্জিনগুলোর মধ্যে প্রায় ৭০ ভাগেরই ২০ বছরের মেয়াদকাল পেরিয়ে গেছে। ২০-৩০ বছরের পুরোনো ইঞ্জিন ৩৪টি ও ৩০-৪০ বছরের পুরোনো ৪০টি ইঞ্জিন রয়েছে। এ ছাড়া ৮২টি ইঞ্জিন ৪০ বছরের পুরোনো। রেলওয়ের কর্মকর্তারা জানান, সাধারণত ২০ বছর হলেই ইঞ্জিনের নানা সমস্যা দেখা দেয়। তখন মেরামত করে চালাতে হয়। বর্তমানে দেশের ৪৪টি জেলায় রেললাইন রয়েছে। প্রতিদিন ২৫৮টি যাত্রীবাহী ও ৫৪টি মালবাহী ট্রেন চলে। ২০০৬-০৭ অর্থবছরে প্রায় সাড়ে চার কোটি যাত্রী পারাপার হয়েছে রেলওয়ের মাধ্যমে।রেলওয়ের একটি সূত্র জানায়, রেলের চালক ও সহকারী চালকের পদের সংখ্যা ৬০৭। এর মধ্যে ১৮২টি পদ শূন্য। ১৯৯৯ সালের পর আর কোনো নিয়োগ হয়নি। অনেক অভিজ্ঞ চালক অবসরে গেছেন।সৈয়দপুর রেলস্টেশনের মাস্টার মোজাম্মেল হক জানান, তিনি দুপুর দুইটায় পুড়ে যাওয়া ট্রেন বহরটি গ্রহণ করেন। একটি প্রথম শ্রেণী, একটি পাওয়ার কারসহ ১১টি বগি বুঝে নেন তিনি। তিনি বলেন, পুরো ট্রেনটি ভয়াবহভাবে পুড়ে গেছে। এর ভেতরে কোনো যন্ত্রাংশ স্বাভাবিক অবস্থায় নেই। মূল্যবান চেয়ারগুলো পুড়ে ছাই হয়েছে। পাওয়ার কারের ডায়নামাসহ সব যন্ত্র পুড়ে গেছে।সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক মঞ্জুর-উল-আলম প্রথম আলোকে বলেন, একেকটি মিটারগেজ কোচের মূল্য গড়ে দুই কোটি টাকা। দু-এক দিনের মধ্যেই ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। বগিগুলো পুনরায় মেরামতযোগ্য আছে কি না, তাও এ মুহূর্তে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।