ট্রেনে আগুন দেওয়ার ক্ষতি ২৫ কোটি টাকা: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, গতকাল সিরাজগঞ্জে খালেদা জিয়ার সমাবেশ থেকে ট্রেনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ২৩ থেকে ২৫ কোটি টাকা। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। যোগাযোগমন্ত্রী বলেন, ওই ঘটনায় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। তিনি অভিযোগ করেন, নৈরাজ্য সৃষ্টি করতে পূর্বপরিকল্পনা অনুযায়ী বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা ট্রেনের ১১টি বগি এবং ইঞ্জিন পুড়িয়ে দেয়। মন্ত্রী বলেন, বিএনপি ওই সভার জন্য অনুমোদন নেয়নি। রেললাইনের নির্দিষ্ট এলাকার মধ্যে জমায়েত করতে হলে রেল কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। অনুমোদন না নিয়ে এমন এলাকায় সমাবেশ করা দণ্ডনীয় অপরাধ। তিনি বলেন, যেহেতু বিএনপি অনুমতি না নিয়ে সমাবেশ করেছে এবং এ কারণে দুর্ঘটনা ঘটেছে, সেহেতু এর দায় তাদেরই নিতে হবে। দুর্ঘটনার জন্য সরকারকে দায়ী করে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন মন্ত্রী তা অস্বীকার করে বলেন, ‘এটা মিথ্যা দিয়ে সত্যকে ঢাকার মতো।’ তিনি জানান, দুর্ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন পৃথক তিনটি কমিটি করেছে।