ট্রেনে ওঠানো-নামানোয় লাগছে ১২ ঘণ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে কনটেইনারের জট লেগেছে। ঈদের এক সপ্তাহ আগে থেকে বন্দর ইয়ার্ডের কনটেইনার ধারণক্ষমতা ছাড়িয়ে যায়। আমদানি তারিখের ক্রম (সিরিয়াল) অনুযায়ী ট্রেনে কনটেইনার ওঠানো-নামানোর কারণে রেলের একটি ইঞ্জিনকে ছয় ঘণ্টার পরিবর্তে প্রায় ১২ ঘণ্টা বন্দর ইয়ার্ডে বসিয়ে রাখতে হচ্ছে।রেলওয়ে ও বন্দর সূত্র জানায়, ঈদের সময় যাত্রীবাহী ট্রেন চলাচলে বেশি গুরুত্ব দেওয়ায় মালবাহী ট্রেন গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লেগে যায়। এতে ওই সময় থেকে বন্দর ইয়ার্ডে কনটেইনার জট লাগতে শুরু করে।বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর ইয়ার্ডের এক হাজার ৭৫২ ইউনিট কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) ধারণক্ষমতা রয়েছে। গতকাল বুধবার ইয়ার্ডে ছিল এক হাজার ৯৬১ ইউনিট। মঙ্গলবার ছিল দুই হাজার ৩৮ ইউনিট কনটেইনার।কনটেইনারের জট লেগে যাওয়ায় বন্দর থেকে ক্রম অনুযায়ী ঢাকায় কমলাপুর ডিপোতে কনটেইনার নিয়ে যেতে ১৫ দিনের বেশি সময় লাগছে। এতে আমদানিকারকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে নতুন আসা কনটেইনারের নিচে চাপা পড়েছে আগে আমদানি করা কনটেইনার। রেলওয়ে কর্তৃপক্ষ আপাতত আমদানি তারিখের ক্রম ভেঙে নতুন আসা তথা ওপরে রাখা কনটেইনার ঢাকা পাঠানোর অনুরাধ করেছে বন্দর কর্তৃপক্ষকে। কিন্তু বন্দর কর্তৃপক্ষ ক্রম ঠিক রাখতে নতুন আসা ওপরের কনটেইনার সরিয়ে নিচে চাপা পড়া কনটেইনার পরিবহনের ওপর জোর দিচ্ছে। এ কারণে কনটেইনার ওঠানো-নামানোয় ছয় ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা লেগে যাচ্ছে।রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মো. বেলালউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বন্দরে কনটেইনারের স্তূপ জমেছে। আমরা তা দ্রুত পরিবহন করে জট সারানোর চেষ্টা করছি। কিন্তু কনটেইনার ওঠানো-নামানোর কাজে ধীরগতির কারণে এ পরিস্থিতির মুখোমুখি হয়েছি।’ তিনি বলেন, ‘সাধারণত বন্দর ইয়ার্ডে একটি ট্রেনে কনটেইনার ওঠানো-নামানোয় সর্বোচ্চ ছয় ঘণ্টা লাগত। এখন লাগছে গড়ে ১২ ঘণ্টা। এতে ট্রেনের ইঞ্জিনকে ছয় ঘণ্টা বেশি ইয়ার্ডে বসিয়ে রাখতে হচ্ছে। তাই বন্দর কর্তৃপক্ষকে একটির পরিবর্তে দুটি ক্রেন ব্যবহারের অনুরোধ করেছি, যাতে দ্রুততার সঙ্গে ওঠানো-নামানোর কাজ সম্পন্ন হয়।’চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বলেন, ‘কনটেইনার ওঠানো-নামানোর সময় যাতে কম লাগে সে জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। রেলওয়ে কর্তৃপক্ষ কনটেইনার পরিবহনে বিশেষ কর্মসূচি নিলে কনটেইনার জট কমে যাবে বলে আশা করছি।