ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
রাজধানীর কারওয়ান বাজার-সংলগ্ন রেললাইনে আজ রোববার এক ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুজন মারা গেছেন। তাঁদের মধ্যে একজন খাবার হোটেলের কর্মচারী স্বপন গাজী (৩৭), অন্যজন নারী। নারীর পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে স্বপন গাজী কারওয়ান বাজারের শুঁটকির আড়ত-সংলগ্ন রেললাইন পার হয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) পুরোনো ফটকের পাশে তাঁর কর্মস্থল খাবার হোটেলে যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়েন তিনি। এতে পেট থেকে তাঁর শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন। পরে ঢাকা রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) দ্বিখণ্ডিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।স্বপন গাজী মগবাজারের গাবতলায় একটি ছোট্ট ঘরে ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কল্যাণদিতে। ঘটনা তদন্তকারী জিআরপি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, এ বিষয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এদিকে কারওয়ান বাজার-সংলগ্ন এফডিসির মূল ফটক থেকে ১০০ গজ উত্তরে যমুনা এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে অজ্ঞাত এক নারী প্রাণ হারান। তাঁর পরনে চেক ছাপার সালোয়ার কামিজ ছিল। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। ট্রেনটি ময়মনসিংহ থেকে ঢাকার কমলাপুরে যাচ্ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।