ট্রেনে কাটা পড়ে এক বছরে ৩০০ মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার সন্ধ্যায় উত্তরায় আঞ্জু আক্তার নামের এক তরুণী ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। আঞ্জু আক্তারের নাম জানা গেলেও গত প্রায় এক বছরে ট্রেনের নিচে কাটা পড়ে মরে যাওয়া একশ ব্যক্তির কোনো পরিচয়ই পাওয়া যায়নি। পরিচয় পাওয়া গেছে এমন মানুষের সংখ্যা আরও ২০০।যাদের পরিচয় পাওয়া যায় না, তাদের সত্কারের দায়িত্ব রেলওয়ে কর্তৃপক্ষের। এসব মানুষকে সত্কারের জন্য ডোমকে লাশপ্রতি মজুরি দিতে হয় এক হাজার ২০০ টাকা। রেল কর্তৃপক্ষের কাছে শুধু এই অর্থ দেওয়ার একটি তালিকা আছে। পরিচয়হীন এসব মানুষ অজ্ঞাত অবস্থায়ই হারিয়ে গেছে ট্রেনের নিচে কাটা পড়ে। এর বাইরে আহত হয় আরও প্রায় ৫০০ জন।বাংলাদেশ রেলওয়ের ঢাকা অঞ্চলের এক জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে। রাজধানী ঢাকার ওপর দিয়ে চলে গেছে নারায়ণগঞ্জ-জয়দেবপুর রেল রুট। ঢাকা থেকে তেজগাঁও হয়ে প্রতিদিন ৭২টি ট্রেন চলাচল করে। এগুলোর মধ্যে ১৮টি আন্তনগর। এ ছাড়া টিটি পাড়া, গোপীবাগ, গেন্ডারিয়া হয়ে নারায়ণগঞ্জে যাতায়াত করে ২০টি ট্রেন। এসব লাইনেই কাটা পড়ে মারা গেছে এসব মানুষ। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. মিয়াজাহান জানান, ২০০৮ সালের জুলাই থেকে গত বছরের জুন পর্যন্ত সময়ে মারা গেছে ৯১ জন। এই হার দিন দিন বাড়ছে।রেলের জরিপ অনুযায়ী, গত এক বছরে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ট্রেনে কাটা পড়েছে খিলক্ষেতসহ সেনানিবাস স্টেশন এলাকায়। এখানে লেভেল ক্রসিংয়ের পাশে অবৈধ বাজারের কারণে বেশি দুর্ঘটনা ঘটে বলে রেল সূত্র জানায়। গত ১২ ও ১৩ জানুয়ারি; ৬, ১০ ও ২৮ ফেব্রুয়ারি এবং ১০ ও ১৩ মার্চ ঢাকা সেনানিবাস এলাকায় ১৪ জন লোক মারা যায়, যাদের পরিচয় পাওয়া যায়নি। এর আগের এক বছরে মারা যায় ২০ জনের মতো।আবার গেন্ডারিয়ায় ৩, ৪, ৫, ৬ ও ৩০ জানুয়ারি এবং ২৪ ফেব্রুয়ারি ট্রেনের নিচে কাটা পড়ে ১১ জন। আগের বছরে এ সংখ্যা ছিল নয়জন। এ ছাড়া এক বছরের মধ্যে বিভিন্ন সময়ে তেজগাঁও অঞ্চলের তেজগাঁও, কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় নয়জন; কমলাপুর অঞ্চলের গোপীবাগ, গোলাপবাগ ও টিটি পাড়া এলাকায় সাতজন; জুরাইন, ফতুল্লা, চাষাঢ়া এলাকায় ২০ জন এবং ধীরাশ্রম ও জয়দেবপুর এলাকায় ১১ জন ট্রেনের নিচে পড়ে মারা যায়।সূত্র জানায়, গত ১৯ মে যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়, রেললাইনের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ ও যানবাহনের প্রবেশ ঠেকাতে দেয়াল দেওয়া হবে। লাইনের পাশে নার্সারি করারও পরিকল্পনা ছিল। কিন্তু প্রায় এক বছরে এ বিষয়ে বাস্তবে কোনো কাজ হয়নি।এতো মৃত্যুর পরও রেললাইনের দুই পাশে বস্তি গড়ে ওঠা এবং জীবনের ঝুঁকি নিয়ে বেচাকেনা থেমে নেই। সরেজমিনে গিয়ে রেললাইনের দুই ধারে বিপুল সংখ্যক বস্তি দেখা গেছে। জমিলা নামের এক বস্তিবাসী জানান, নিজের ও পরিবারের জীবন হাতে নিয়ে এখানে থাকতে হয়। অন্য কোথাও যাওয়ার উপায় নেই। তেজতুরী বাজারের ভ্রাম্যমাণ দোকানি আবদুস সালাম বলেন, পরিবারের চারজন লোক তাঁর রোজগারের ওপর চলে। যতই ঝুঁকিপূর্ণ হোক, তাঁর মতো ছিন্নমূল মানুষের এখানে ব্যবসা করতেই হবে। অন্য বিক্রেতা রহমত উল্লাহ বলেন, ভাড়া দিতে হয় না সত্যি, কিন্তু রেলওয়ে পুলিশ ও এলাকার মাস্তানদের হাতে কিছু না দিয়ে আধা ঘণ্টার জন্যও বসা যায় না।সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালের পশ্চিমে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন ঘেঁষে থেমে থাকে অনেক বাস ও মিনিবাস। বাসের পাশাপাশি গ্যারেজ, ওয়ার্কশপ ও দোকানপাটও বসেছে। এই পথে এক ঘণ্টা পরপর ট্রেন চলাচল করায় দুর্ঘটনাও ঘটে।পূর্বাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আহমাদুল হক বলেন, বস্তির বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকায় তা উচ্ছেদ করা যাচ্ছে না। তবে রেললাইনের পাশে অবৈধ স্থাপনা ও বাজারের বিরুদ্ধে ঢাকায় সহসাই অভিযান চালানো হবে।