ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু
মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির গাড়িচালক আহমদ আলী (৩৪)। এ ছাড়া রাজধানীর কমলাপুর থেকে গাজীপুরের জয়দেবপুর রেললাইন পর্যন্ত ট্রেনের নিচে কাটা পড়ে টোকাই সুলতান হোসেন (৩৫) ও গৃহবধূ নার্গিস পারভীন রুনাসহ আরও চারজন নিহত হয়েছেন।রেলওয়ে থানা সূত্র জানায়, গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ব্যবস্থাপকের গাড়িচালক আহমদ আলী মুঠোফোনে কথা বলতে বলতে মহাখালীর ডিওএইচএস রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চলন্ত একটি ট্রেনের ধাক্কায় আহমদ রেললাইনের পাশে ছিটকে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার কামাল প্রথম আলোকে জানান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ব্যবস্থাপক আফজাল মাহবুবের গাড়িচালক আহমদ আলী কর্মস্থলে যাওয়ার উদ্দেশে রেললাইন পার হচ্ছিলেন। আহমদ আলী সপরিবারে মহাখালীর ৩/গ বাঁশবাড়ীতে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের মালেককান্দিতে।এর আগে ওই দিন সকালে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে চলন্ত ট্রেনের চাকায় কাটা পড়ে টোকাই সুলতান হোসেন (৩৫) মারা যান। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ঘটনা তদন্তকারী রেলওয়ে থানার এসআই আনোয়ার কামাল জানান, মনে হচ্ছে সুলতান রেললাইনের ওপর ঘুমিয়েছিলেন। সোমবার রাতে কমলপুর রেলস্টেশনে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে অজ্ঞাত এক যুবক প্রাণ হারান। তাঁর পরনে সাদা লুঙ্গি ও লাল শার্ট আছে। এদিকে সোমবার রাত ১০টার দিকে গাজীপুরের জয়দেবপুরের মৌচাকে রেললাইনে ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নার্গিস প্রাণ হারান। তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোনটি রেললাইনের পাশে পড়ে ছিল। পথচারীরা ওই মোবাইল ফোনে সংরক্ষিত নম্বরে যোগাযোগ করে নার্গিসের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে নার্গিসের লাশ শনাক্ত করেন। নার্গিসের ননদ পারভীন আক্তার জানান, চার-পাঁচ দিন আগে তিনি বালুঘাটের বাসা থেকে বেরিয়ে তাঁর শ্বশুরবাড়ি মোহাম্মদপুরে গিয়েছিলেন। ওই দিনই তিনি বালুঘাটের বাসায় ফিরে যান। তিনি জানান, সোমবার বিকেলে নার্গিসের সঙ্গে তাঁর বোনের ঝগড়া হলে নার্গিস রেগে বাসা থেকে বেরিয়ে যান। তিনি আত্মহত্যা করবেন বলে জানান ওই দিন। তবে তিনি বালুরঘাট থেকে জয়দেবপুর কীভাবে গেলেন, তা তাঁদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। নার্গিসের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাংগুড়ায়। তাঁর বাবার নাম সামসুদ্দিন।ওই রাতে জয়দেবপুরের মৌচাক এলাকা থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক ব্যক্তির দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরনে হলুদ গেঞ্জি ও ছাই রঙের জিন্সের প্যান্ট রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় পৃথক পাঁচটি মামলা হয়েছে।