ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর কারওয়ান বাজার রেলগেট দিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাজমুল হোসেন (২৭) নামের এক যুবক মারা গেছেন। আজ বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।নাজমুলের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায়। তাঁর বাবার নাম আফজাল হোসেন। দুই দিন আগে তিনি ঢাকায় আসেন।ঘটনার সময় নাজমুলের বন্ধু জাহাঙ্গীর বিপ্লব উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, মুঠোফোনে কথা বলতে বলতে রেল লাইন পার হচ্ছিলেন নাজমুল। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন দেখে তিনি নিরাপদে সরে যেতে সক্ষম হন। কিন্তু নাজমুল ট্রেনের নিচে পড়ে যান।রক্তাক্ত অবস্থায় বেলা দুইটার দিকে নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।ঢাকা রেলওয়ে থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ গেছে বলে তিনি জানান।