ট্রেনে কাটা পড়ে সময় টিভির ক্যামেরাম্যানসহ নিহত ৩
টাঙ্গাইলের কালিহাতীর আনালিয়াবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির লালমনিরহাটের ক্যামেরাম্যান হিসেবে সদ্য নিয়োগ পাওয়া খন্দকার আবদুর রশিদসহ (৩৫) তিনজন নিহত হন।জানা যায়, লালমনিরহাট থেকে মানিক পরিবহনের নৈশকোচে আবদুর রশিদ ঢাকায় যাচ্ছিলেন। ভোররাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় গাড়িটির চাকা পাংচার হয়। এ সময় তিনি গাড়ি থেকে নেমে রেললাইনে দু-তিনজনের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনিসহ তিনজন নিহত হন। নিহত অপরজন হলেন বাসযাত্রী আমিনুল। তাঁর বাড়ি আদিতমারী উপজেলার বিন্যাগাড়ী গ্রামে। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।নিহত খন্দকার আবদুর রশিদের বাবা আকবর আলী বলেন, তাঁর একমাত্র ছেলে সময় টিভির ক্যামেরাম্যানের নিয়োগপত্র আনার জন্য ঢাকায় যাচ্ছিলেন। কিন্তু সাংবাদিক হিসেবে কাজ শুরু করার আগেই তিনি সংবাদ হয়ে গেল।নিহত আবদুর রশিদের স্ত্রী এবং সাড়ে সাত বছরের একটি কন্যাসন্তান রয়েছে।এ ব্যাপারে সময় টিভির লালমনিরহাট প্রতিনিধি মোফাখখারুল ইসলাম বলেন, তিনি দু-দিনের প্রশিক্ষণে ঢাকায় গেছেন। সময় টিভির ক্যামেরাম্যান হিসেবে খন্দকার আবদুর রশিদ ওরফে বকুলকে নিয়োগ দেওয়া হলে তাঁকে টেলিফোনে প্রশিক্ষণ ও নিয়োগপত্র নেওয়ার জন্য ঢাকায় আসতে বলা হয়। তিনি বলেন, ‘আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত তিনি সময় টিভির কার্যালয়ে প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য উপস্থিত না হওয়ায় আমি খোঁজ নিতে শুরু করি। পরে দুর্ঘটনার খবর জানতে পারি।’