ট্রেনে ছিনতাই ডাকাতি, ৩০ দিনে ৪৭ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রাজশাহী রেললাইনের পাশে গাজীপুর সদর উপজেলার কাউলতিয়া ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে গতকাল বৃহস্পতিবার তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এই রেললাইনে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে গত সাত দিনে এ নিয়ে ১২ জনের এবং গত এক মাসে ৪৭ জনের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।পুলিশের ধারণা, ডাকাত বা ছিনতাইকারীরা ট্রেনের ছাদ থেকে তাঁদের ফেলে দিয়ে হত্যা করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়দেবপুর-রাজশাহী রেললাইনের কাউলতিয়া ইউনিয়নের কারখানা বাজারসংলগ্ন রেলব্রিজের পাশে জোলারপাড় ও মীরেরগাঁও এলাকায় গতকাল সকালে তিনজনের মাথা থেঁতলানো লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে এলাকাবাসী রেললাইনের গ্যাং নম্বর ১৫-এর মিস্ত্রি হারুন অর রশিদকে বিষয়টি জানায়। তিনি রেলওয়ে পুলিশে খবর দিলে তারা দুপুরে তাঁদের লাশ উদ্ধার করে। তাঁদের কোনো পরিচয় জানা যায়নি। তাঁদের মধ্যে একজনের পরনে সাদা-কালো প্রিন্টের হাফহাতা গেঞ্জি ও ধূসর রঙের ফুল প্যান্ট, অপরজনের সাদা প্রিন্টের শার্ট ও অ্যাশ কালারের ফুল প্যান্ট এবং অন্যজনের পরনে ছিল ক্রিম রঙের মধ্যে বেগুনি রঙের চেক শার্ট ও কালো রঙের ফুল প্যান্ট।রেলওয়ে টঙ্গী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, গত বুধবার রাতে জয়দেবপুর-রাজশাহী রেললাইনে দ্রুতযান, লালমনি এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ও পদ্মা এক্সপ্রেস ট্রেনগুলো যাতায়াত করে। ওইদিন রাতে ওই চারটি ট্রেনের যেকোনো একটি থেকে তিন ব্যক্তিকে ছিনতাইকারীরা ফেলে দিলে তাঁরা মারা যান।জয়দেবপুর রেল জংশনের স্টেশনমাস্টার জিয়াউদ্দিন সরকার জানান, গত সাত দিনে রেললাইনের পাশ থেকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সাত-আটজন গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিদের ভাষ্যমতে, ছাদে ওঠা নিষেধ থাকলেও দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ প্রায়ই ট্রেনের ছাদে যাতায়াত করে। এই সুযোগে এক শ্রেণীর ডাকাত/ ছিনতাইকারী তাদের কাছ থেকে টাকাপয়সা লুট করে নেয়। কেউ দিতে অস্বীকার করলেই তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়।রেলওয়ে সূত্র জানায়, গত বুধবার টাঙ্গাইলের মহেড়া, কালিয়াকৈরের মৌচাক ও ভান্নারা এলাকা থেকে আরও তিন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের বয়সও ছিল ২৫ থেকে ৩০ বছর। গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনের পাশ থেকে গত সোমবার শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির, গত রোববার সদর উপজেলার ধীরাশ্রম এলাকা থেকে এক ব্যক্তির, একই দিন কালিয়াকৈরের কালামপুর থেকে এক ব্যক্তির, ২ আগস্ট কালিয়াকৈরের ভান্নারা এলাকা থেকে এক ব্যক্তির এবং ১ আগস্ট সদর উপজেলার ধীরাশ্রম ও কালিয়াকৈরের বক্তারপুর এলাকা থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তবে তাঁদের কারোরই পরিচয় জানা যায়নি।জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আজহারুল ইসলাম জানান, গত ১০ জুলাই থেকে এ পর্যন্ত গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ৪৭ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।আমাদের লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনি এক্সপ্রেস ট্রেনে গত মঙ্গলবার ডাকাতের হাতে আবদুল জলিল (১৮) নামের এক যাত্রী খুন হয়েছেন। এ ঘটনায় ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।লালমনিরহাট জিআরপি থানার পুলিশ জানায়, গাইবান্ধার সাঘাটা উপজেলার অনন্তপুর গ্রামের মো. ফারুক ও আবদুল জলিলসহ ১৪ জন দিনমজুর মঙ্গলবার কমলাপুর রেলস্টেশনে বোনারপাড়ার টিকিট কাটতে যান। তাঁরা বোনারপাড়ার টিকিট না পেয়ে লালমনিরহাটের টিকিট কাটেন। পরে কেউ কেউ ট্রেনের কামরায় জায়গা না পেয়ে ছাদে ওঠেন। ট্রেনের ছাদে থাকা যাত্রীবেশী ডাকাতেরা ফারুক ও জলিলের মুখ তোয়ালে দিয়ে চেপে ধরে। একপর্যায়ে ফারুক চলন্ত ট্রেনের জানালা দিয়ে ভেতরে ঢোকেন। তিনি বিষয়টি যাত্রী, নিরাপত্তারক্ষী ও জিআরপি পুলিশকে জানান। এরই মধ্যে ডাকাতেরা জলিলকে খুন করে তাঁর কাছে থাকা সাত হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে ট্রেনের ছাদ থেকে নিচে ফেলে দেয়।পরে লালমনিরহাট জিআরপি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবলু রহমান তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাতদের ধরতে তৎপর হন। তিনি চালককে মুঠোফোনে ট্রেন টাঙ্গাইল স্টেশনে থামাতে বলেন। এরপর ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে থামলে পুলিশ ও যাত্রীরা ছয় ডাকাতকে ধরে ফেলে।পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গত বুধবার গাজীপুরের মৌচাক থেকে জলিলের লাশ উদ্ধার করা হয়।লালমনিরহাট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, তাদের আদালতের মাধ্যমে গত বুধবার কারাগারে পাঠানো হয়েছে।