ট্রেনে ঝুলেই বাড়ির পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসনের তুলনায় চাহিদা প্রচুর বলে অনেক মানুষ বহু চেষ্টার পরও ট্রেনের টিকিট পায়নি। গতকাল বৃহস্পতিবার ঈদের আগের দিনের শেষ ১৫ হাজার টিকিট বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। এ ছাড়া ঈদের বিশেষ ট্রেন ছাড়বে আগামী রোববার থেকে। তবে আজ-কাল-পরশু সরকারি ছুটি হওয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুর থেকেই ট্রেনে বাড়ি রওনা হয়েছে অনেকে। অনেক ট্রেনের ছাদেও ছিল ঠাসাঠাসি ভিড়।এদিকে অনেকে নিজ চোখে দেখলেও ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট বিক্রিতে কোনো ধরনের কালোবাজারি হচ্ছে না বলে দাবি করেছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। নিজেরা দেখার পর ট্রেনের টিকিট কালোবাজারির প্রতিবাদ করতে গিয়ে ১৭ আগস্ট দিগন্ত টেলিভিশনের দুজন সাংবাদিক কাউন্টারের টিকিট বিক্রয়কর্মীদের হাতে মার খান। গতকাল সকাল সাড়ে নয়টায় আকস্মিকভাবে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে যান যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। প্রায় দেড় ঘণ্টা স্টেশনে অবস্থানকালে যাত্রী ও কাউন্টারের টিকিট বিক্রেতাদের সঙ্গে কথা বলেন যোগাযোগমন্ত্রী। রেলওয়ের বাড়তি চাপ নেওয়ার ক্ষমতা নেই স্বীকার করে আবুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘রেলওয়ের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। তবে বিষয়টি সময়সাপেক্ষ। রাতারাতি এর চেহারা পাল্টানো সম্ভব নয়। কারণ সাত বছর রেলওয়ের কোনো উন্নয়ন করা হয়নি।’ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত তিন বছরে বেশ কয়েকটি ট্রেনে ইঞ্জিন সংযোজন করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।রেলওয়ের সহকারী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আবু সাঈদ আহমেদ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, সকাল থেকে বিভিন্ন গন্তব্যে নির্ধারিত অগ্রিম টিকিট বিক্রি চলে। তবে অনেক গন্তব্যের টিকিট শেষ হয়ে গেছে। ইফতারের আগ পর্যন্ত ১২ হাজার টিকিট বিক্রি হয়েছে বলে জানান আবু সাঈদ আহমেদ।জানা গেছে, গতকাল বেলা আড়াইটার মধ্যেই ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রাজশাহী, ঢাকা-দিনাজপুর ও ঢাকা-খুলনা রুটের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়ে যায়। বাকি ছিল স্বল্প দূরত্ব ও কোটা আওতার টিকিট।যাত্রীরা যাতে স্বাভাবিক নিয়মে টিকিট পায়, সে জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‌্যাব ও রেলওয়ে পুলিশের কয়েকটি দল কাউন্টারে কাউন্টারে তৎপর ছিল।তিন দিনের সরকারি বন্ধের পরপরই ঈদের ছুটি হওয়ায় গতকাল থেকেই ট্রেনের ওপর বাড়তি চাপ পড়েছে। কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর ছাদের ওপরও মানুষ ঝুঁকি নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে। ইঞ্জিন রুমেও তিল ধারণের জায়গা ছিল না। রেলওয়ে কর্মীদের ঝুলে থাকা মানুষজনকে ঠেলে ট্রেনের ভেতরে ঢুকিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে দেখা গেছে।মহাসড়কের দুর্দশার কারণে কয়েক সপ্তাহ ধরে দূরপাল্লার সড়ক যোগাযোগ বিঘ্নিত হওয়ায় রেলের ওপর চাপ অনেক বেড়েছে। বাণিজ্যিক কর্মকর্তা আবু সাঈদ আহমেদ এ বিষয়ে বলেন, প্রতিদিনের অতিরিক্ত চাপ সামাল দিতে গড়ে ট্রেনপ্রতি চারটি অতিরিক্ত বগি জোড়া লাগানো হচ্ছে। তিনি জানান, ঈদের বিশেষ ট্রেন হিসেবে ঢাকা থেকে তিনটি ট্রেন ২৮ তারিখ থেকে প্রতিদিন ছেড়ে যাবে। আর ঈদের দিন ভৈরব থেকে একটি ও ময়মনসিংহ থেকে একটি করে বিশেষ ট্রেন ছাড়া হবে। যাত্রীদের বর্ধিত চাহিদার এই সময়ে রেলের সেবার অবস্থা মোটেই সুবিধার নয়। ‘শিডিউল মিস’ এখন রেলের একটি নিয়মিত ঘটনা। ইঞ্জিন-সংকট, জনবলের অভাবসহ বিভিন্ন কারণে ট্রেনগুলো নির্ধারিত সময়সূচি ঠিক রাখতে পারছে না। গতকাল ঢাকা থেকে চট্টগ্রামের পথে মহানগর প্রভাতী, দিনাজপুরের পথে একতা এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জের পথে তিস্তা নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। কিন্তু ঢাকা থেকে নোয়াখালীর পথে উপকূল, তারাকান্দির পথে অগ্নিবীণা, কিশোরগঞ্জের পথে এগারোসিন্দুর ও সিলেটের পথে পারাবত এক্সপ্রেস নির্ধারিত সময়ে প্ল্যাটফর্ম ছেড়ে যেতে পারেনি। কারণ হিসেবে প্ল্যাটফর্মে অবস্থানরত স্টেশনমাস্টারের সহকারীরা জানান, ট্রেনগুলো ওই প্রান্তের স্টেশন থেকে ছেড়ে ঠিক সময়ে রাজধানীতে প্রবেশ করতে পারেনি। এ ছাড়া লোক কম থাকায় কমলাপুর স্টেশনে ইঞ্জিন মেরামত ও বগি জোড়া লাগানোয় অনেক সময় লেগেছে।বাড়ি ফিরছে দক্ষিণের মানুষঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলের মানুষ নদীপথে বাড়ি ফিরতে শুরু করেছে। গতকাল দুপুরে ঢাকার প্রধান নদীবন্দর সদরঘাট টার্মিনাল এলাকায় গিয়ে দেখা গেছে, যাত্রার সময়ের ছয় থেকে আট ঘণ্টা আগেই লঞ্চে উঠে বসে আছে বহু যাত্রী।গতকাল চাঁদপুর রুটের নির্ধারিত লঞ্চ ছাড়াও অতিরিক্ত দুটি লঞ্চ যাত্রী নিয়ে সদরঘাট টার্মিনাল ছেড়ে গেছে। এ ছাড়া বরিশাল, আমতলী, বরগুনা, লালমোহন, পটুয়াখালী, হুলারহাট, মনপুরা, ভোলা অঞ্চলের বেশির ভাগ লঞ্চে যাত্রী ছিল বোঝাই। বিআইডব্লিউটিসির স্টিমার সার্ভিস পিএস টার্ন ও পিএস অস্ট্রিচ বরিশাল ও বাগেরহাটের উদ্দেশে ছেড়ে গেছে। পিএস অস্ট্রিচের যাত্রী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাবিল হোসেন জানান, তাঁদের বহনকারী স্টিমার সন্ধ্যা ছয়টায় ছাড়লেও যানজটের কথা ভেবে দুপুর ১২টায় বারিধারা থেকে রওনা হয়ে বেলা দুইটায় সদরঘাটে পৌঁছেছেন। বেশির ভাগ লঞ্চ ডেকে অতিরিক্ত মালামাল বহন করে। তেজগাঁও থেকে আসা ব্যাংক কর্মচারী রুহুল আমিন জানান, সন্ধ্যা সাতটায় পারাবত-১১ লঞ্চ ছাড়বে। এ জন্য বেলা আড়াইটায় বাসা থেকে রওনা হয়েছেন।বিআইডব্লিউটিসির পরিচালক মো. মাহবুবুল আলম জানান, দক্ষিণাঞ্চলের লঞ্চের যাত্রীদের নিরাপদে বাড়ি ফেরার জন্য তাদের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।গতকাল বেলা ১১টা থেকে র‌্যাব, পুলিশ, কোস্টগার্ডের সদস্যরা সদরঘাট টার্মিনাল এলাকায় এবং নদীতে টহল দেওয়া শুরু করেছেন। বাংলাদেশ কোস্টগার্ড পেটি অফিসার (পিও) মো. রফিক জানান, আজ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সদরঘাট টার্মিনাল ও নদীপথে গজারিয়া এলাকা পর্যন্ত কোস্টগার্ডের তিনটি দল টহল দেবে। র‌্যাব-১০-এর ডিএডি (অতিরিক্ত সহকারী পরিচালক) মো. নিজামউদ্দিন জানান, আজ থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত সদরঘাট ও নদী এলাকায় র‌্যাবের একাধিক দল টহল দেবে।