ট্রেনে ডাকাতি, দুই ছাত্রসহ চার যাত্রীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেনে হানা দিয়ে ডাকাতেরা গত বুধবার রাতে দুই ছাত্রসহ চারজন যাত্রীকে হত্যা করেছে। জামালপুর রেলওয়ে থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোরে ওই রেলপথের বিভিন্ন স্থান থেকে চারজনের লাশ উদ্ধার করেছে।নিহত ব্যক্তিদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন প্রীতম বিশ্বাস শৌভিক ও তাঁর বন্ধু রেজাউল করিম। নিহত প্রীতমের বাড়ি ময়মনসিংহ শহরের শেওড়াপাড়া এলাকায়। তিনি ঢাকায় টেক্সটাইল ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করতেন। নিহত রেজাউল করিমের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালীহর এলাকায়। তিনি ঢাকায় বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়তেন।ময়মনসিংহ ও জামালপুর রেলওয়ে থানার পুলিশ (জিআরপি) সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি বুধবার রাত সাড়ে ১১টায় ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ী রেলস্টেশন ছেড়ে যাওয়ার পরপরই ডাকাতি শুরু হয়। অস্ত্রের মুখে ডাকাতেরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোনসহ সর্বস্ব লুট করে নেয়। এ সময় ডাকাতেরা সাতজন যাত্রীকে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয়। এতে চারজন যাত্রী মারা যান। গতকাল সকালে ময়মনসিংহ ও জামালপুর রেলওয়ে পুলিশ ময়মনসিংহ-জামালপুর রেলপথের খাগডহর ও বিদ্যাগঞ্জ রেলস্টেশনের কাছ থেকে এবং নরুন্দি ও নান্দিনা এলাকায় রেলপথের পাশ থেকে চারজনের লাশ উদ্ধার করে।এলাকাবাসী সূত্র জানায়, বিদ্যাগঞ্জ রেলস্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া যাত্রীদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রংপুরের বারাইপাড় গ্রামের সুমন মিয়া (২৫), জামালপুরের গড়লপাড়া গ্রামের রিপন মিয়া (৩০) ও ছোট জয়রামপুর গ্রামের সুজন মিয়াকে (২৮) উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ময়মনসিংহের বেগুনবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার দেওয়ান হারুন জানান, বেগুনবাড়ী স্টেশন থেকে রাত সাড়ে ১১টায় কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। ডাকাতিকালে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া সাতজনের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান।ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম জানান, খবর পেয়ে দুই জিআরপি থানার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত ব্যক্তিদের মধ্যে সুমন মিয়া ও রিপন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।জামালপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, প্রীতম ও রেজাউলের লাশ উদ্ধার করা হয়েছে জামালপুরের নান্দিনা ও নরুন্দি রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থান থেকে। আনুমানিক ৩০ বছরের অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ বিদ্যাগঞ্জ স্টেশন ও অজ্ঞাতপরিচয় আরেক যুবকের লাশ ময়মনসিংহ রোড স্টেশনের অদূরে রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। প্রীতম ও রেজাউলের চোখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।রেজাউলকে নিয়ে প্রীতম গত মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বসাকপাড়ায় তাঁর মাসির বাসায় বেড়াতে গিয়েছিলেন। প্রীতমের মাসি সুমিতা সরকার প্রথম আলোকে জানান, প্রীতম ও রেজাউল আন্তনগর অগ্নিবীণা ট্রেনে ময়মনসিংহ যাওয়ার কথা বলে বুধবার বিকেল চারটার দিকে বাসা থেকে বের হন। রাত ১০টার পর থেকে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে তাঁদের ময়মনসিংহের বাসা থেকে জানানো হয়, তাঁরা বাসায় পৌঁছাননি।সুমিতা সরকার জানান, তাঁর সন্তান নেই। তাই প্রীতমকে নিজের সন্তানের মতো আদর করতেন। তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমার পাপা কই। আমার পাপাকে আইনা দেন। আমার পাপা মরতে পারে না। আমার পাপারে কারা মারল? আমি বিচার চাই।’দুই ছাত্রসহ চারজনের লাশ দেখতে ট্রেনযাত্রী ও উৎসুক জনতা গতকাল সকাল থেকে জামালপুর রেলওয়ে থানায় ভিড় করে।জানা গেছে, নিহত রেজাউলের বাবা নবাব আলী বাদী হয়ে গতকাল রাতে জামালপুর রেলওয়ে থানায় ডাকাতির একটি মামলা করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা তাঁর ছেলে ও প্রীতমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁদের কাছ থেকে নগদ টাকা ও তিনটি মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে তাঁদের চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়।জামালপুরের জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ ও পুলিশ সুপার মো. আবদুর রাজ্জাক গতকাল দুপুরে জামালপুর রেলওয়ে থানায় গিয়ে প্রীতম ও অন্যদের লাশ দেখেন এবং থানার ওসিকে ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।জামালপুর রেলওয়ে থানার ওসি খন্দকার শাকের আহমেদ প্রথম আলোকে জানান, অজ্ঞাত পরিচয় একটি লাশ ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রীতম ও রেজাউলের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা অন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।