ট্রেনের অগ্রিম টিকিট: উত্তর-দক্ষিণাঞ্চলের যাত্রী লাইনে ভিড়
ঈদে ঘরমুখো মানুষের জন্য আজ মঙ্গলবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এই টিকিট বিক্রি চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। আজ প্রথম দিন বিক্রি হচ্ছে ৫ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট। কমলাপুর ও বিমানবন্দর স্টেশন থেকে সকাল নয়টায় টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। কমলাপুর স্টেশনে আজ উত্তর ও দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের লাইনে প্রচণ্ড ভিড় লক্ষ করা গেছে। রাজশাহীগামী ট্রেন সিল্কসিটি, ধূমকেতু ও পদ্মার টিকিটের জন্য ভোর থেকেই ছিল দীর্ঘ লাইন। খুলনাগামী সুন্দরবন ও চিত্রা ট্রেনের টিকিটের জন্যও মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন। দিনাজপুরগামী একতা এবং লালমনিরহাটগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের টিকিটের জন্যও ক্রেতাদের দীর্ঘ লাইন ছিল। তবে চট্টগ্রামগামী ট্রেন মহানগর গোধূলি, মহানগর প্রভাতি, সুবর্ণ এক্সপ্রেস ও তূর্ণ নিশিথার টিকিটের জন্য ভিড় ছিল অপেক্ষাকৃত কম। একই চিত্র নোয়খালীগামী উপকূল এক্সপ্রেস, সিলেটগামী পারাবত, জয়ন্তিকা ও উপবন ট্রেনের টিকিট কাটার লাইনেও।কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধ ও টিকিট ক্রেতাদের নিরাপত্তার জন্য র্যাব, পুলিশ ও রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্টেশনে দায়িত্ব পালন করেছেন। রেলওয়ের কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে ১৬টি আন্তনগর ট্রেন চলবে। এ ছাড়া ৭ থেকে ১০ সেপ্টেম্বর ঢাকা-দেওয়ানগঞ্জ ও পার্বতীপুর-ঢাকা পথে দুটি বিশেষ ট্রেন চলবে। সব ট্রেনে দৈনিক প্রায় ১৩ হাজার যাত্রী ভ্রমণ করতে পারবে। নির্ধারিত দিনের ট্রেনের টিকিট নির্ধারিত সময়ের মধ্যে বিক্রি না হলে চলতি কাউন্টারে সেগুলো বিক্রি হবে।রেলওয়ের সূচি অনুযায়ী ১ সেপ্টেম্বর বিক্রি হবে ৬ সেপ্টেম্বরের টিকিট, ২ সেপ্টেম্বর বিক্রি হবে ৭ সেপ্টেম্বরের, ৩ সেপ্টেম্বর বিক্রি হবে ৮ সেপ্টেম্বরের ও সর্বশেষ ৪ সেপ্টেম্বর বিক্রি হবে ৯ সেপ্টেম্বরের টিকিট।