ট্রেনের ইঞ্জিনে আগুন, রাজশাহী-খুলনা চলাচল বন্ধ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর রেলস্টেশনের কাছে আজ সোমবার সন্ধ্যায় রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন ধরে যায়। ইঞ্জিন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন ট্রেনের চালক মুজিবর রহমান। এ ঘটনায় রাজশাহী-খুলনা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।সাবদালপুর রেলস্টেশনের মাস্টার রনি আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, বেলা দুইটার দিকে কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ট্রেনটি সাবদালপুর স্টেশনের কাছে সোয়াদি গ্রামের মাঠে পৌঁছালে হঠাত্ ইঞ্জিনে আগুন ধরে যায়। টের পেয়ে চালক দ্রুত ট্রেন থামিয়ে নিচে লাফিয়ে পড়েন। এ সময় গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। এর পর থেকে রাজশাহী-খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে, এ ব্যাপারে কিছু বলতে পারেননি স্টেশনমাস্টার। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।